পাইকারি ব্যবসায়ীদের সঙ্গে দ্বিমত এফবিসিসিআইয়ের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মজুদের তথ্য দিয়ে পাইকারি ব্যবসায়ী এবং বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) মধ্যে মতপার্থক্য দেখা দিয়েছে। পাইকারি ব্যবসায়ীরা বলছেন, দেশের সরকারি কারখানাগুলোয় উৎপাদন কম হওয়ার পাশাপাশি পরিশোধনকারী ছয়টি কারখানার মধ্যে পাঁচটি গ্যাস-সংকটে বন্ধ থাকায় ওইগুলো সময়মতো চিনি সরবরাহ করতে পারছে না। তাই চাহিদার তুলনায় সরবরাহ কমে গিয়ে দাম বাড়ছে। ভোজ্যতেলের মজুদ ও সরবরাহ চাহিদা অনুযায়ী পাওয়া যাচ্ছে না উল্লেখ করে তাঁরা সরকারিভাবে দুটি চিনি ও দুটি ভোজ্যতেল পরিশোধন কারখানা স্থাপনের সুপারিশ করেছেন।তবে এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদ বলেছেন, রমজান মাসে চাহিদার তুলনায় দেশে চিনি ও ভোজ্যতেলের পর্যাপ্ত মজুদ রয়েছে। তিনি বলেন, পরিশোধনকারী মিলমালিকদের কাছে বর্তমানে এক লাখ ৩১ হাজার টন ভোজ্যতেল মজুদ রয়েছে। তা ছাড়া আরও তিন লাখ ৩৭ হাজার টন ভোজ্যতেল আমদানির জন্য ঋণপত্র খোলা হয়েছে, যা রমজান মাসের আগেই চলে আসবে।এ কে আজাদ আরও বলেন, দেশে দুই লাখ ১৫ হাজার টন চিনিও মজুদ রয়েছে। আরও দুই লাখ টন চিনি আমদানির জন্য ঋণপত্র খোলা হয়েছে। এটিও রমজান মাসের আগেই দেশে চলে আসবে।আসন্ন রমজান মাসে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখা ও পণ্যের গুণগতমান অক্ষুণ্ন রেখে সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে এলাকাভিত্তিক ও বিশেষায়িত ব্যবসায়ী সমিতিগুলোর সঙ্গে ঢাকা চেম্বারের এক মতবিনিময় সভায় গতকাল সোমবার এসব তথ্য ও মতভেদ উঠে আসে।রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বারের সভাপতি আসিফ ইব্রাহীমের সভাপতিত্বে আয়োজিত এ সভায় এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদ বিশেষ অতিথি ছিলেন। অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী ফারুক খানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও তিনি উপস্থিত হতে পারেননি। তবে রমজান মাসে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার ব্যাপারে একমত হয়েছেন ব্যবসায়ী নেতারা। পাইকারি ব্যবসায়ীরা এ প্রসঙ্গে জানিয়েছেন, চাহিদা অনুযায়ী পর্যাপ্ত সরবরাহ থাকলে পণ্যের দাম বাড়ানো সম্ভব নয়। তবে ঘন ঘন হরতাল হলে পণ্যের দর সহনীয় পর্যায়ে রাখাও সম্ভব হবে না।বৈঠকে ব্যবসায়ীদের কেউ কেউ হরতাল বন্ধের বিষয়ে সরকার ও বিরোধী দলের মধ্যে আলোচনার বিষয়ে মধ্যস্থতা করার বিষয়ে এফবিসিসিআইয়ের সভাপতিকে অনুরোধ করেন। এ বিষয়ে এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদ বলেন, হরতাল বন্ধ রাজনৈতিক দলগুলোকেই করতে হবে। তিনি অবশ্য সরকার ও বিরোধী দলকে সংলাপে বসানোর বিষয়ে মধ্যস্থতার বিষয়টি নাকচ করে দেন। বলেন, অতীতে এফবিসিসিআইয়ের দুজন সভাপতি উদ্যোগ নিলেও তাঁরা ব্যর্থ হয়েছেন।এ কে আজাদ বলেন, জনগণের ভোটে নির্বাচিত সাংসদরা দেশের উন্নয়নের বিষয়ে ব্যবসায়ীদের চেয়ে অনেক ভালো বোঝেন। তাঁরা আইন প্রণয়ন করেন। সুতরাং তাঁদের বোঝানোর ক্ষমতা তাঁর নেই। তবে এ কে আজাদ জানান, ঘন ঘন হরতাল দেওয়া হলে ব্যবসায়ী সমাজ বিভিন্ন পেশাজীবীদের সঙ্গে বৈঠক করবে এবং দেশের অর্থনীতির জন্য ক্ষতিকর হরতাল বন্ধের জন্য জনমত গড়ে তোলা হবে।ডিসিসিআইয়ের সভাপতি আসিফ ইব্রাহীম বলেন, প্রতিবছর রমজান মাসের শুরুতে কোনো যুক্তিসংগত কারণ ছাড়াই অতিরিক্ত মুনাফা লাভের আশায় ব্যবসায়ীদের বিভিন্ন কৌশলের কারণে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়ে। তিনি আসন্ন রমজান মাসে কম মুনাফা করে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার জন্য ব্যবসায়ীদের প্রতি অনুরোধ জানান। সভায় পাইকারি ব্যবসায়ীরা অভিযোগ করেন, খাদ্যপণ্য ও মসলাজাতীয় দ্রব্য আমদানিতে সুদের হার ১২ শতাংশ রাখার জন্য বাংলাদেশ ব্যাংকের নির্দেশ মানা হয়নি। এর জবাবে এ কে আজাদ বলেন, তিন মাস আগেই এফবিসিসিআইতে অভিযোগ জানানোর জন্য বলা হলেও একটা অভিযোগও জমা পড়েনি। আলোচনায় আরও অংশ নেন ডিসিসিআইয়ের সাবেক সভাপতি রাশেদ মাকসুদ খান, সাবেক ঊর্ধ্বতন সহসভাপতি এম এস সেকিল চৌধুরী, ডিসিসিআইয়ের পরিচালক নিয়াজ রহিম, মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক গোলাম মওলা, বাংলাদেশ চিনি ব্যবসায়ী সমিতির সভাপতি আনোয়ার হাবিব, সহসভাপতি আবুল হাশেম, বাংলাদেশ ডাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শফিকুল ইসলামসহ রাজধানীর বিভিন্ন এলাকার ব্যবসায়ী সংগঠনের নেতারা।