পাইকারিতে কমেছে দাম, খুচরায় নড়চড় নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পেঁয়াজের দাম কমে আসছে। বগুড়া শহরের আড়তগুলোতে গতকাল বুধবার পাঁচ কেজির এক পাল্লা দেশি পেঁয়াজ ৩৬০ টাকা ও বিদেশি পেঁয়াজ ২৭৫ টাকা দামে বিক্রি হচ্ছে; যা গত সোমবার ছিল যথাক্রমে ৪০০ ও ৩২৫ টাকা l ​ছবি: সোয়েল রানা
পেঁয়াজের দাম কমে আসছে। বগুড়া শহরের আড়তগুলোতে গতকাল বুধবার পাঁচ কেজির এক পাল্লা দেশি পেঁয়াজ ৩৬০ টাকা ও বিদেশি পেঁয়াজ ২৭৫ টাকা দামে বিক্রি হচ্ছে; যা গত সোমবার ছিল যথাক্রমে ৪০০ ও ৩২৫ টাকা l ​ছবি: সোয়েল রানা

মিয়ানমার থেকে আগেই পেঁয়াজ এসেছে। এখন আসছে পাকিস্তান থেকে। চীন থেকেও এসেছে কিছু পেঁয়াজ, আরও আমদানির উদ্যোগ চলছে। এসব কারণে দেশের পাইকারি বাজারে পেঁয়াজের দাম কমে গেছে।
ঢাকায় পেঁয়াজের সবচেয়ে বড় পাইকারি বাজার শ্যামবাজারে গতকাল বুধবার দেশি পেঁয়াজ বিক্রি হয় ৫৫ থেকে ৬০ টাকা কেজি দরে। সোমবার এই পেঁয়াজের দাম ছিল ৭০ থেকে ৭৫ টাকা। এই বাজারে ভারতীয় পেঁয়াজ নেই বললেই চলে। যেটুকু আছে তা মিলছে ৫৫ টাকার মধ্যে। সোমবার এর দাম ছিল ৭০ টাকা।
পাইকারি বাজারে কেজিতে ১৫ টাকা কমলেও খুচরা বাজারে এর তেমন কোনো প্রভাব নেই। এখনো দেশি পেঁয়াজ ৮০ থেকে ৮৫ টাকা এবং ভারতীয় পেঁয়াজ ৭৫ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে।
শ্যামবাজারের পাইকারি ব্যবসায়ীরা শোনাচ্ছেন আশার বাণী। বলছেন, পেঁয়াজের দাম আরও কমবে।
এদিকে বাজার স্থিতিশীল রাখতে বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশে পেঁয়াজ আমদানির উদ্যোগ নিয়েছে রাষ্ট্রায়ত্ত সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। ইতিমধ্যে ২০০ টন করে ৪০০ টন পেঁয়াজ আমদানির জন্য দরপত্রও আহ্বান করেছে টিসিবি।
জানতে চাইলে টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম ইকবাল প্রথম আলোকে বলেন, ‘আমরা পেঁয়াজ আমদানির জন্য দরপত্র আহ্বান করেছি। দরপত্রের মাধ্যমে যাঁরা কাজ পাবেন, তাঁরা এই পেঁয়াজ আমদানি করবেন।’
ঢাকার পাইকারি বাজারে এখন দেশি ও ভারতীয় পেঁয়াজের পাশাপাশি পাকিস্তানের পেঁয়াজ বিক্রি হচ্ছে। এই পেঁয়াজের দাম ৫০ থেকে ৫৫ টাকা কেজি। মিয়ানমারের পেঁয়াজ শ্যামবাজারে নেই।
আমদানিকারকেরা বলছেন, পাকিস্তানের এই পেঁয়াজ লোকজন নিতে চাইছে না। ফলে এর দাম আরও কমে যাবে। আবার দেশি পেঁয়াজের ক্রেতা এখন কমে গেছে। ফলে এর দাম আগামী কয়েক দিনে আরও কমবে।
শ্যামবাজারের রতন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী রতন সাহা প্রথম আলোকে বলেন, ‘বাজারে পেঁয়াজের সরবরাহ ভালো। কিন্তু ভারতের মূল্যবৃদ্ধির কারণে দেশের বাজারে হঠাৎ পেঁয়াজের দাম বেড়েছিল। এখন চাহিদা একটু কমে আসায় এবং বিভিন্ন দেশ থেকে পেঁয়াজ আমদানি হওয়ায় দাম কমতে শুরু করেছে।’
আমদানিকারকেরা বলছেন, তাঁরা চীন থেকেও পেঁয়াজ আমদানির উদ্যোগ নিচ্ছেন। প্রাথমিকভাবে তুরস্ক থেকে পেঁয়াজ আমদানির কথা ভাবা হলেও তা থেকে সরে এসেছেন তাঁরা।
তবে এত কিছুর পরও খুচরা বাজারে পেঁয়াজের দাম কমেনি।
টিসিবির আমদানি: পেঁয়াজ আমদানির জন্য গতকাল একটি দৈনিকে দরপত্রের বিজ্ঞপ্তি দেয় টিসিবি। ওই দরপত্রের মাধ্যমে ২০০ টন পেঁয়াজ আমদানি হবে। এর আগেই সংস্থাটি নিজস্ব ওয়েবসাইটে ২০০ টন পেঁয়াজ আমদানির জন্য দরপত্র আহ্বান করে।
সূত্র বলছে, পেঁয়াজ যেহেতু বেশি দিন ধরে রাখা যায় না, তাই ধাপে ধাপে পেঁয়াজ আমদানি করতে চায় টিসিবি।
টিসিবির চেয়ারম্যান এ কে এম ইকবাল প্রথম আলোকে বলেন, দেশে পেঁয়াজের কোনো সংকট নেই। তবু ভারতীয় পেঁয়াজের প্রভাবে দেশে এর দাম বাড়ছিল। কিন্তু এখন দাম কমে এসেছে। ঢাকার পাশাপাশি চট্টগ্রামেও পেঁয়াজের দাম কমেছে। তিনি বলেন, চাহিদা অনুযায়ী তাঁদের পেঁয়াজ আমদানি চলতেই থাকবে।
এদিকে সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে খোলাবাজারে পেঁয়াজ বিক্রি শুরু করবে টিসিবি। এর সঙ্গে বিক্রি হবে ভোজ্যতেল ও চিনি।
টিসিবির চেয়ারম্যান বলেন, কোরবানির ঈদের আগ পর্যন্ত খোলাবাজারে এই বিক্রির কার্যক্রম চলবে।