পাইকারিতে পেঁয়াজের দাম আরও কমেছে
দেশের পাইকারি বাজারে পেঁয়াজের দাম আরও কমেছে। দেশি ও ভারত থেকে আমদানি করা দুই ধরনের পেঁয়াজের দামই কমেছে।দেশে পেঁয়াজের বড় পাইকারি বাজার শ্যামবাজারে গতকাল বুধবার প্রতি কেজি ভারতীয় পেঁয়াজ বিক্রি হয়েছে মানভেদে ৫০ থেকে ৬৫ টাকায়; যা মঙ্গলবার ছিল ৫৫ থেকে ৬৫ টাকা। গতকাল দেশি পেঁয়াজ বিক্রি হয়েছে ৫৩ থেকে ৫৫ টাকায়; যা মঙ্গলবার ছিল ৫৫ থেকে ৬০ টাকা।অর্থাৎ দেশি ও ভারতীয়—দুই ধরনের পেঁয়াজের দাম কেজিতে অন্তত পাঁচ টাকা করে কমেছে।তবে দাম কমার এ সুফল এখনো পাচ্ছে না সাধারণ ক্রেতারা। কারণ, খুচরা বাজারে এখনো চড়ামূল্যে পেঁয়াজ বিক্রি হচ্ছে। কারওয়ান বাজারে গতকালও প্রতি কেজি ভারতীয় পেঁয়াজ ৭৮ থেকে ৮০ টাকা এবং দেশি পেঁয়াজ ৬৮ থেকে ৭০ টাকায় বিক্রি হয়েছে।ঈদের পর থেকে দেশে প্রতিদিনই পাইকারি ও খুচরায় পেঁয়াজের দাম বাড়তে থাকে। এর পরিপ্রেক্ষিতে জরুভিত্তিতে পাঁচ হাজার টন পেঁয়াজ আমদানির প্রক্রিয়া শুরু করে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। আমদানির এ খবরে দেশে উৎপাদিত পেঁয়াজ যাঁরা মজুত করে রেখেছিলেন, তাঁরা এখন বাজারে পেঁয়াজ ছেড়ে দিচ্ছেন। আবার ভারতে পেঁয়াজের দামও কিছুটা কমে গেছে। সে কারণে একই সঙ্গে ভারতীয় ও দেশি—দুই ধরনের পেঁয়াজের দামই পাইকারি বাজারে দুদিন ধরে কমছে।শ্যামবাজারের আমদানিকারক পপুলার বাণিজ্যালয়ের স্বত্বাধিকারী রতন সাহা প্রথম আলোকে জানান, পেঁয়াজের আমদানি গত কয়েক দিনের তুলনায় বেড়েছে। বলা যায়, আমদানি এখন স্বাভাবিক হচ্ছে। তিনি জানান, তিন স্থলবন্দর দিয়ে এখন প্রতিদিন ৪০ থেকে ৫০টি পেঁয়াজবোঝাই ট্রাক দেশে ঢুকছে। তিন দিন আগেও এ সংখ্যা ছিল ২০ থেকে ৩০টি।