পাইকারিতে হ্রাস, খুচরায় অনড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাইকারিতে হ্রাস, খুচরায় অনড়
পাইকারিতে হ্রাস, খুচরায় অনড়

ভারতে পেঁয়াজের দাম কমতে শুরু করায় দেশের পাইকারি বাজারেও পণ্যটির দাম কমতে শুরু করেছে। তবে এই দাম কমার হাওয়া লাগেনি খুচরা বাজারে। আগের মতোই চড়া মূল্যে বিক্রি হচ্ছে পেঁয়াজ।
দেশে পেঁয়াজের বড় পাইকারি বাজার শ্যামবাজারে গতকাল মঙ্গলবার প্রতি কেজি ভারতীয় পেঁয়াজ বিক্রি হয়েছে মানভেদে ৫৫ থেকে ৬৫ টাকায়। দিন দুয়েক আগেও এ পেঁয়াজ বিক্রি হয় ৬৫ থেকে ৭০ টাকায়। আর দেশি পেঁয়াজ বিক্রি হয়েছে ৫৫ থেকে ৬০ টাকায়। দুই দিন আগেও এই পেঁয়াজের দর ছিল ৬০ থেকে ৬৫ টাকায়।
শ্যামবাজারের আমদানিকারকেরা বলছেন, ভারতে দাম কমার কারণে দেশেও পেঁয়াজের দাম কমেছে। সপ্তাহ খানেকের মধ্যে দাম আরও কমে যাবে।
তবে পাইকারি বাজারে কমলেও খুচরা বাজারে ভারতীয় পেঁয়াজ ৭৫ থেকে ৮০ আর দেশি পেঁয়াজ ৭০ থেকে ৭৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
খুচরা বিক্রেতারা বলছেন, তাঁরা যেই পেঁয়াজ বিক্রি করছেন, তা বেশি দামে কেনা। সে কারণে বিক্রিও করতে হচ্ছে বেশি দামে।
ঈদের পর থেকে দেশে প্রতিদিনই পেঁয়াজের দাম বাড়তে থাকে। গত কয়েক বছরের মধ্যে এবার পেঁয়াজের দাম সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। এর পরিপ্রেক্ষিতে জরুরিভিত্তিতে পাঁচ হাজার টন পেঁয়াজ আমদানির প্রক্রিয়া শুরু করে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। এসব পেঁয়াজ আমদানি করা হবে ভারত ও মিয়ানমার থেকে।
আবার বাণিজ্য মন্ত্রণালয় দেশীয় আমদানিকারকদের ভারতের পাশাপাশি মিয়ানমারসহ বিকল্প বিভিন্ন দেশ থেকেও পেঁয়াজ আমদানির পরামর্শ দেয়।
তবে মিয়ানমার থেকে এখনো শ্যামবাজারে কোনো পেঁয়াজ আসেনি বলে জানিয়েছেন শ্যামবাজারের আমদানিকারক পপুলার বাণিজ্যালয়ের স্বত্বাধিকারী রতন সাহা। তিনি প্রথম আলোকে বলেন, মিয়ানমারের পেঁয়াজের মান ভালো এবং অনেকটা দেশের পেঁয়াজের মতো। কিন্তু সেখান থেকে আমদানি করা বেশ ঝামেলাপূর্ণ। মিয়ানমার থেকে আমদানি করতে হয় টিটির মাধ্যমে। কিন্তু এ দেশে টিটির মাধ্যমে আমদানি করা নিষিদ্ধ। সে কারণে মিয়ানমার থেকে পেঁয়াজ আমদানি করলে তৃতীয় একটি দেশের মাধ্যমে ঋণপত্র বা এলসি খুলে আমদানি করতে হচ্ছে।
ভারতের দাম কমার চিত্র: ভারতে পেঁয়াজের দাম এক সপ্তাহে কতটা কমেছে তার একটি হিসাব তুলে ধরেছে দেশটির ন্যাশনাল হর্টিকালচার রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এনএইচআরডিএফ)।
সংস্থাটি বলছে, এশিয়ায় পেঁয়াজের সবচেয়ে বড় পাইকারি বাজার নাসিকের লাসালগাঁওয়ে ১২ আগস্ট প্রতি কেজি পেঁয়াজের দর ছিল ৪৩ রুপি ৫০ পয়সা। একই বাজারে গত সোমবার (১৯ আগস্ট) পেঁয়াজ বিক্রি হয়েছে তিন হাজার ২৫০ রুপি দরে। এক সপ্তাহে পেঁয়াজের দাম কমেছে ২৫ শতাংশেরও বেশি।
নাসিকেরই আরেক বড় বাজার পিমপালগাঁওয়ে ১২ আগস্ট ৪৭ রুপি ৫১ পয়সা দরে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হলেও সোমবার বিক্রি হয়েছে ৩২ রুপিতে। এই বাজারে দর পড়েছে ৩২ শতাংশ।
ফাউন্ডেশন বলছে, পুনে, দিল্লি, বেঙ্গালুরু, চেন্নাই, মুম্বাই, কলকাতাসহ সব স্থানেই পেঁয়াজের দাম কমে এসেছে। এর প্রভাবে খুচরা পর্যায়েও দেশটিতে পেঁয়াজের দাম বেশ কমেছে। দিল্লিতে প্রতি কেজি পেঁয়াজ সোমবার ৬০ রুপিতে বিক্রি হয়েছে, যেখানে ৮০ থেকে ৯০ রুপিতে পেঁয়াজ বিক্রি হয়েছিল।
ভারতের ভোক্তাবিষয়ক মন্ত্রণালয়ের সচিব পংকজ আগারওয়াল বলেন, বড় পাইকারি বাজারগুলোতে পেঁয়াজের দাম কমতে শুরু করেছে। সরবরাহও বাড়ছে। আগামী ১৫ সেপ্টেম্বরের বাজারে পেঁয়াজের সরবরাহ স্বাভাবিক হয়ে যাবে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া ও বিজনেস লাইন।