পাইরেসি রোধ করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশীয় সংগীত শিল্প থেকে সরকার প্রতিবছর আড়াই শ কোটি টাকা রাজস্ব পায়। এ আয় আরও বাড়ত, যদি এগুলোর পাইরেসি না হতো। সে কারণে সংগীত, শিল্প ও সাহিত্যকর্মের মতো সৃজনশীল মেধাসম্পদের পাইরেসি রোধ করা প্রয়োজন।
বিশ্ব মেধাসম্পদ দিবস উপলক্ষে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন সংস্থা পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তর (ডিপিডিটি) আয়োজিত সেমিনারে বক্তারা এ কথা বলেছেন।
এবারের মেধাসম্পদ দিবসের প্রতিপাদ্য ‘সংগীতের চেতনায় জেগে উঠুন’। এই শিরোনামেই রাজধানীর সিরডাপ মিলনায়তনে গতকাল রোববার সেমিনারটির আয়োজন করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, সৃজনশীল মেধাসম্পদের পাইরেসি রোধে সংশোধিত কপিরাইট আইনের আলোকে দেশব্যাপী অভিযান জোরদার করা হবে। এ ধরনের অপকর্মের বিরুদ্ধে অভীষ্ট লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত এ অভিযান চলবে। সংগীতসহ অন্যান্য মেধাসম্পদের মালিকানা সুরক্ষায় গীতিকার, সুরকার, শিল্পী, সাহিত্যিক, নাট্যকারসহ সাংস্কৃতিক অঙ্গনের সঙ্গে জড়িত সবার সহায়তা কামনা করেন তিনি।
শিল্পমন্ত্রী বলেন, জ্ঞানভিত্তিক অর্থনীতি ও আলোকিত সমাজ বিনির্মাণের লক্ষ্যে বর্তমান সরকার সৃজনশীল মেধাসম্পদের সুরক্ষায় কার্যকর উদ্যোগ নিয়েছে। জাতীয় শিল্পনীতি, ২০১০-এ নতুন উদ্ভাবন ও বুদ্ধিভিত্তিক সম্পদের মালিকানা সুরক্ষার প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ইতিমধ্যে ডিপিডিটির কার্যক্রম স্বয়ংক্রিয় করা হয়েছে। পাশাপাশি ট্রেডমার্কস ও কপিরাইট আইনের আধুনিকায়ন এবং জিআই আইন পাস হয়েছে। মেধাসম্পদের দ্রুত নিবন্ধন ও সুরক্ষা দিতে বিশ্ব মেধাসম্পদ সংস্থার সহায়তায় দেশে একটি সমন্বিত মেধাসম্পদ অফিস প্রতিষ্ঠার কাজ চলছে।
অনুষ্ঠানের বিশেষ অতিথি সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, মেধাসম্পদ এখন অর্থনৈতিক সম্পদে পরিণত হয়েছে।
দেশের সংগীতশিল্প থেকে সরকার প্রতিবছর ২৫০ কোটি টাকা রাজস্ব আয় করছে। দেশব্যাপী আয়োজিত বইমেলা থেকে প্রকাশক ও সরকার আর্থিকভাবে লাভবান হচ্ছে। চারু ও কারুশিল্প গ্রামীণ অর্থনীতির ভিত শক্তিশালী করছে।
শিল্পীর প্রতিভার বিকাশে সহায়তা প্রদানের পাশাপাশি সৃজনশীল মেধাসম্পদের সুরক্ষায় আইনি কাঠামো শক্তিশালী করার ওপর গুরুত্ব দেন সংস্কৃতিমন্ত্রী।
শিল্প মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ফরহাদ উদ্দিনের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের চেয়ারম্যান শাহ্নাজ নাসরিন। অনুষ্ঠানে এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহ্মদ, ডিপিডিটির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ইলিয়াস ভূঁইয়া বক্তব্য দেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সংগীত বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ মেধাসম্পদ। লালনগীতি, পল্লিগীতি, ভাওয়াইয়া, ভাটিয়ালি, জারি-সারি, লোকগীতি ও লোকসংগীত এ দেশের সমৃদ্ধ সংস্কৃতির গৌরবময় সম্পদ। সংগীতসহ অন্যান্য সাংস্কৃতিক সম্পদের মালিকানা সুরক্ষা, উন্নয়ন ও বিকাশে একটি মেধাসম্পদ বিভাগ চালুর পরামর্শ দেন বক্তারা।