পাওনা আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বন্ধ হয়ে যাওয়া তোবা গ্রুপের পাঁচ কারখানার পোশাকশ্রমিকদের শ্রম আইন অনুযায়ী সব পাওনা আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে তোবা গ্রুপ শ্রমিক সংগ্রাম কমিটি।
রাজধানীর পুরানা পল্টনের মুক্তি ভবনের প্রগতি সম্মেলনকক্ষে গতকাল বুধবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগ্রাম কমিটির আহ্বায়ক ও গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের সভাপতি মোশরেফা মিশু।
সংবাদ সম্মেলনে বন্ধ হওয়া তোবার পাঁচ কারখানা খুলে দেওয়া, তোবা গ্রুপের মালিক দেলোয়ার হোসেনের জামিন বাতিল ও বিচারের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়। দাবি আদায়ে কাল শুক্রবার প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করবে সংগ্রাম কমিটি। এ ছাড়া আগামী ৭ সেপ্টেম্বের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ করার ঘোষণা দেওয়া হয়।
লিখিত বক্তব্যে মোশরেফা মিশু বলেন, ‘কারখানা বন্ধের নোটিশ জারি করে যেভাবে কারখানা বন্ধ করা হয়েছে তা সম্পূর্ণ অবৈধ। সরকারও সেটি স্বীকার করতে বাধ্য হয়েছে। কারখানা বন্ধের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে আমরাও ইতিমধ্যেই শ্রম আদালতে মামলা করেছি।’
সংবাদ সম্মেলনে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের সমালোচনা করেন মিশু। তিনি বলেন, ‘একজন মানুষ একই সময় মন্ত্রী, পরিবহন শ্রমিকনেতা ও গার্মেন্টস শ্রমিকনেতা—এই নজির পৃথিবীর আর কোথাও নেই। তিনি সমন্বয় কমিটির নামে ৫৩ শ্রমিক সংগঠনকে পকেটে রাখতে পারেন, কিন্তু লঞ্চডুবি ঠেকাতে পারেন না।’