বন্ধ হয়ে যাওয়া তোবা গ্রুপের পাঁচ কারখানার পোশাকশ্রমিকদের সব পাওনা আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে তোবা গ্রুপ শ্রমিক সংগ্রাম কমিটি।
আজ বুধবার রাজধানীর পুরানা পল্টনের মুক্তি ভবনের প্রগতি সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। এতে লিখিত বক্তব্য পড়েন তোবা গ্রুপ শ্রমিক সংগ্রাম কমিটির আহ্বায়ক ও গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের সভাপতি মোশরেফা মিশু।
সংবাদ সম্মেলনে তোবা গ্রুপের পাঁচটি কারখানা খুলে দেওয়া, তোবার মালিক দেলোয়ারের জামিন বাতিল ও বিচারের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়। দাবি আদায়ে আগামী শুক্রবার (২৯ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করবে সংগ্রাম কমিটি। এ ছাড়া আগামী ৭ সেপ্টেম্বর শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করার ঘোষণা দেওয়া হয় সংবাদ সম্মেলন থেকে।
লিখিত বক্তব্যে মোশরেফা মিশু বলেন, ‘কারখানা বন্ধের নোটিশ জারি করে যেভাবে কারখানা বন্ধ করা হয়েছে, তা সম্পূর্ণ অবৈধ। সরকারও সেটি স্বীকার করতে বাধ্য হয়েছে। কারখানা বন্ধের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে আমরা ইতিমধ্যেই শ্রম আদালতে মামলা করেছি। বন্ধ হওয়া কারখানার পোশাকশ্রমিকদের আইন অনুযায়ী সব পাওনা আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়া হবে।’
সংবাদ সম্মেলনে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের কঠোর সমালোচনা করেন মোশরেফা মিশু। তিনি বলেন, একজন মানুষ একই সময়ে মন্ত্রী, পরিবহন শ্রমিক নেতা ও গার্মেন্টস শ্রমিক নেতা—এই নজির পৃথিবীর আর কোনো দেশে নেই। সমন্বয় কমিটির নামে তিনি ৫৩টি গার্মেন্টস শ্রমিক সংগঠনকে পকেটে রাখতে পারেন। কিন্তু লঞ্চডুবি ঠেকাতে পারেন না।
সংবাদ সম্মেলনে তোবা গ্রুপের পাঁচটি কারখানার কয়েকজন পোশাকশ্রমিক এবং ১৫টি গার্মেন্টস শ্রমিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।