বেতনসহ প্রাপ্য বকেয়া আদায়ে শ্রম আদালতে মামলা করেছেন মোবাইল ফোন অপারেটর প্যাসিফিক বাংলাদেশ টেলিকম লিমিটেড বা সিটিসেলের পাঁচ কর্মী। এ মামলায় সিটিসেলের চেয়ারম্যান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খানসহ আটজনকে বিবাদী করা হয়েছে। মামলার অভিযোগ আমলে নিয়ে আগামী ৪ অক্টোবর আদালতে হাজির হতে মোরশেদ খানসহ বিবাদীদের বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত।
সিটিসেলের পাঁচ কর্মীর করা পাঁচটি আলাদা মামলায় ঢাকার প্রথম শ্রম আদালতের চেয়ারম্যান তাবাসসুম ইসলাম এই আদেশ দেন। মামলার বাদীরা হলেন টিপু সুলতান, কাজী রুহুল কুদ্দুস, হাসান মাহমুদ, মোসাদ্দেক মিলন ও এ কে এম এহসানুল আজাদ। তাঁরা সিটিসেলের উচ্চ ও মধ্যম পর্যায়ের কর্মী। মোরশেদ খান, তাঁর স্ত্রী নাছরিন খানসহ এসব মামলায় বিবাদীরা হলেন সিটিসেলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মেহবুব চৌধুরী, পরিচালক আসগর করিম, প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) তারিকুল হাসান, প্রধান কারিগরি কর্মকর্তা (সিটিও) ও প্রভিডেন্ট ফান্ড ট্রাস্টের সদস্য মাহফুজুর রহমান, প্রভিডেন্ট ফান্ড ট্রাস্টের সদস্য নিশাত আলী ও এ বি সরকার।
সিটিসেলের কর্মীদের পক্ষে আদালতে শুনানি করেন আইনজীবী তানজিম আল ইসলাম। তিনি প্রথম আলোকে বলেন, শ্রম আইন অনুযায়ী এর আগে গত মে মাসে সিটিসেল কর্তৃপক্ষকে আইনি নোটিশ পাঠান এসব কর্মী। কিন্তু কোনো উত্তর না আসায় তাঁরা মামলা করতে বাধ্য হয়েছেন।
জানতে চাইলে সিটিসেলের সিইও মেহবুব চৌধুরী প্রথম আলোকে বলেন, এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে সিটিসেল কর্তৃপক্ষকে কিছু জানানো হয়নি। বিস্তারিত জানলে আইনজীবীদের সঙ্গে পরামর্শ করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
পাঁচ কর্মীর মামলার আরজির তথ্য অনুযায়ী, সিটিসেলের কাছে বেতনসহ তাঁদের পাওনা ৯৩ লাখ টাকা। এর সঙ্গে শ্রম আইন অনুযায়ী আরও ২৫ শতাংশ ক্ষতিপূরণও চেয়েছেন তাঁরা। সব মিলিয়ে প্রতিষ্ঠানের কাছে এই পাঁচ কর্মীর দাবি ১ কোটি ১৮ লাখ টাকা।
এর আগে মোরশেদ খান, তাঁর স্ত্রীসহ ১৬ জনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ তুলে সম্প্রতি একটি মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সিটিসেলের নামে ব্যাংক থেকে ঋণ নিয়ে ৩৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ তোলা হয় ওই মামলায়। আর ৩৭২ কোটি টাকা বকেয়ার দাবিতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) গত বছরের ২১ অক্টোবর সিটিসেলের তরঙ্গ বাতিল করে কার্যক্রম বন্ধ করে দেয়। এরপর আদালতের নির্দেশে ১৭ দিন পর সিটিসেলের তরঙ্গ ফিরিয়ে দেওয়া হলেও এ বছর ১১ জুন আবারও তা বন্ধ করে দেওয়া হয়। এরপর নিয়ন্ত্রক সংস্থার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ তুলে আপিল বিভাগে আবেদন করে সিটিসেল। সম্প্রতি সর্বোচ্চ আদালতের নির্দেশনায় আবার তরঙ্গ ফিরে পেয়েছে প্রতিষ্ঠানটি। তরঙ্গ ফেরত পেলেও অপারেটরটির কার্যক্রম এখন বন্ধ আছে।
দেশের প্রথম মোবাইল ফোন অপারেটর হিসেবে ১৯৯৩ সালে কার্যক্রম শুরু করে সিটিসেল। প্রতিষ্ঠানটির ৫৫ শতাংশ শেয়ারের মালিক দেশীয় শিল্পগোষ্ঠী প্যাসিফিক মোটরস ও ফারইস্ট টেলিকম। বাকি ৪৫ শতাংশ শেয়ারের মালিক সিঙ্গাপুরভিত্তিক টেলিযোগাযোগ সেবাদাতা প্রতিষ্ঠান সিংটেল। প্যাসিফিক মোটরস ও ফারইস্ট টেলিকমের কর্ণধার সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও বিএনপির নেতা মোরশেদ খান।