পাওনা আদায়ে ২০ কিমি হাঁটলেন কয়েক শ শ্রমিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টঙ্গীর টপস এন বটমসের শ্রমিকেরা পাওনা না পেয়ে গতকাল দুপুরের পর রাজধানীর কারওয়ান বাজারে বিজিএমইএ কার্যালয়ের সামনে অবস্থান নেন l প্রথম আলো
টঙ্গীর টপস এন বটমসের শ্রমিকেরা পাওনা না পেয়ে গতকাল দুপুরের পর রাজধানীর কারওয়ান বাজারে বিজিএমইএ কার্যালয়ের সামনে অবস্থান নেন l প্রথম আলো

ন্যায্য পাওনা বুঝে না পেয়ে টঙ্গীর মিলগেট থেকে গতকাল বৃহস্পতিবার দীর্ঘ ২০ কিলোমিটার পথ পায়ে হেঁটে রাজধানীর কারওয়ান বাজারে বিজিএমইএ কার্যালয়ের সামনে এসে প্রতিবাদ করেছেন টপস এন বটমস নামের পোশাক কারখানার কয়েক শ শ্রমিক। কারখানাটির বিরুদ্ধে অভিযোগ, অনুমোদন না নিয়েই কারখানা অন্যত্র স্থানান্তরের নোটিশ দিয়েছে তারা। এ ছাড়া প্রতিশ্রুতি দিয়েও গতকাল শ্রমিকের পাওনা পরিশোধ করেনি।

গতকাল বেলা তিনটার দিকে বিজিএমইএ ভবনের সামনে অবস্থানরত টপস এন বটমসের শ্রমিকেরা জানান, ভবন ঝুঁকিপূর্ণ অজুহাত দেখিয়ে ঈদের ছুটির পর খোলার দিনই (৮ জুলাই) কারখানাটি গাজীপুরের কাশিমপুরের লা-মণি অ্যাপারেলসে স্থানান্তরের নোটিশ ঝুলিয়ে দেয় কর্তৃপক্ষ। এতে যেসব শ্রমিক কাশিমপুরে যেতে চান না, তাঁদের পাওনা ২০ জুলাই (গতকাল) পরিশোধ করার কথা বলা হয়। শ্রমিকেরা গতকাল সকালে কারখানায় গিয়ে দেখেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কেউ নেই। তবে নতুন এক নোটিশ টাঙিয়ে কর্তৃপক্ষ বলেছে, শ্রমিকদের পাওনার বিষয়ে বিজিএমইএর সঙ্গে আলোচনা করে আগামী ৫ আগস্টের মধ্যে জানানো হবে।

কারখানাটিতে ছয় বছর ধরে কাজ করেন সোহেল হোসেন ও নাসিমা আক্তার। তাঁরা প্রথম আলোকে জানান, মালিকপক্ষ তাঁদের পাওনা না দেওয়ার জন্যই নতুন নতুন অজুহাত দিচ্ছে। সে জন্য বিজিএমইএ কার্যালয়ের সামনে এসে প্রতিবাদ ও অভিযোগ জানাতে এসেছেন। সকাল নয়টায় রওনা দিয়ে পায়ে হেঁটে টঙ্গী থেকে কারওয়ান বাজার আসতে বেলা পৌনে তিনটা বেজে যায় বলে জানান তাঁরা।

টপস এন বটমসের শ্রমিকেরা অবস্থান নেওয়ার কিছুক্ষণ পর তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর কর্মকর্তারা কয়েকজন শ্রমিকের সঙ্গে কথা বলেন। পরে মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করে আগামী সোমবার বৈঠক ডেকেছে বিজিএমইএ। বৈঠকের বিষয়টি নিশ্চিত করে সংগঠনের সহসভাপতি মাহমুদ হাসান খান প্রথম আলোকে বলেন, সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে বৈঠক করে সমস্যার সমাধান করা হবে।  

বিজিএমইএর একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, কোনো কারখানা বন্ধ কিংবা স্থানান্তর করতে হলে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের (ডিআইএফই) অনুমোদন ও বিজিএমইএকে জানাতে হয়। এ ছাড়া শ্রম আইন অনুযায়ী পাওনা পরিশোধ করতে হয়। তবে টপস এন বটমসের কর্তৃপক্ষ এসবের কিছু মানেনি।

অবশ্য কারখানাটির ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল আলম প্রথম আলোর কাছে দাবি করেন, স্থানান্তরের বিষয়টি ডিআইএফইর কার্যালয়ে জানানো হয়েছিল।

জানতে চাইলে ডিআইএফইর পরিদর্শক শোভন দাস গত রাতে বলেন, কারখানার মালিকপক্ষ ৬ জুলাই গাজীপুর কার্যালয়ে একটি আবেদন করেছিল। তবে সেটি অনুমোদনের আগেই কারখানা বন্ধ করে অন্যত্র স্থানান্তরের নোটিশ ঝুলিয়ে দেয়। তিনি বলেন, ‘কারখানা স্থানান্তর করতে হলে শ্রম আইন অনুযায়ী শ্রমিকদের পাওনা দিতে হবে। বিষয়টি উল্লেখ করে ৮ জুলাই মালিকপক্ষকে লিখিত চিঠি দিয়েছি আমরা। তবে এখন পর্যন্ত শ্রমিকেরা পাওনা পায়নি।’

টঙ্গীর মিলগেট এলাকার ভাড়া ভবনে টপস এন বটমস কারখানায় কাজ করেন ৬০০-৭০০ শ্রমিক, এমন তথ্য দিয়ে কারখানাটির ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল আলম দাবি করেন, ‘প্রকৌশলীরা ভবনটি পরীক্ষা-নিরীক্ষা করে বলেছেন এটি ঝুঁকিপূর্ণ। সে জন্যই কারখানাটি লা-মণি অ্যাপারেলসে স্থানান্তর করার সিদ্ধান্ত নিয়েছিলাম। শ্রমিকদের যাতায়াতের জন্য বাস ভাড়া করেছিলাম। প্রথম দিন পৌনে দুই শ এবং পরদিন শখানেক শ্রমিক লা-মণিতে গিয়ে কাজ করেন। তবে তারপর থেকেই শ্রমিকেরা আর যেতে চাচ্ছেন না।’ স্থানীয় শ্রমিকনেতাদের ইন্ধনেই শ্রমিকেরা বেঁকে বসেছেন বলে অভিযোগ করেন তিনি।

অবশ্য কারখানার শ্রমিক নাসিমা আক্তার অভিযোগ করে বলেন, লা-মণিতে যেসব শ্রমিক কাজ করতে গিয়েছিলেন তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করে কারখানা কর্তৃপক্ষ।

জানতে চাইলে বাংলাদেশ জাতীয় গার্মেন্টস শ্রমিক কর্মচারী লীগের সভাপতি সিরাজুল ইসলাম বলেন, শ্রমিকদের ঠকানোর জন্যই বিভিন্ন পাঁয়তারা করছে টপস এন বটমসের মালিকপক্ষ। বিষয়টি বুঝতে পেরেই শ্রমিকেরা রাস্তায় নেমেছেন। তিনি বলেন, কারখানা স্থানান্তর করতে হলে শ্রমিকদের এক মাসের পুরো বেতন এবং প্রতিবছর চাকরির জন্য এক মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ পরিশোধ করতে হবে।