শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বলেছেন, পাওয়ার ক্র্যাশার তথা যন্ত্রচালিত মাড়াই কল দিয়ে আখ মাড়াই কোনোভাবেই বরদাশত করা হবে না। এ ব্যাপারে আখচাষি নেতাদের আন্দোলনের হুমকি দিয়েও কোনো লাভ হবে না।লালপুরের নর্থ বেঙ্গল সুগার মিলস লিমিটেডে গতকাল শনিবার ‘ইক্ষু চাষ ও চিনিশিল্পের ভবিষ্যৎ’ শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী এ কথা বলেন। যাঁরা পাওয়ার ক্র্যাশারে আখ মাড়াই করবেন, তাঁদের কঠোর হাতে দমন করা হবে বলে তিনি উল্লেখ করেন।নর্থ বেঙ্গল সুগার মিলসের ব্যবস্থাপনা পরিচালক মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন সাংসদ আবদুল কুদ্দুস, শামসুর রহমান, মিরাজ উদ্দিন মোল্লা, শাহরিয়ার আলম, শেফালী মমতাজ, নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি সাজেদুর রহমান খান, রাজশাহীর বিভাগীয় কমিশনার নূরুল ইসলাম, রাজশাহীর জেলা প্রশাসক দেলওয়ার বখত, নাটোরের জেলা প্রশাসক মজিবুর রহমান, রাজশাহীর পুলিশ সুপার রোকন উদ্দিন, র্যাব-৫-এর ভারপ্রাপ্ত অধিনায়ক এইচ এম আনোয়ার আলী, নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার নাসিরুল ইসলাম। এতে শুভেচ্ছা বক্তব্য দেন বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প করপোরেশনের চেয়ারম্যান রণজিৎ বিশ্বাস।এ ছাড়া সভায় বক্তব্য দেন আবুল কালাম আজাদ, বীরেন সাহা, আবদুর রাজ্জাক মাস্টার, ইসাহাক আলী, আক্কাস আলী, খন্দকার শহিদুল ইসলাম, আখচাষি নেতা মুসলেম উদ্দিন, ইয়াছিন আলী, ইব্রাহিম খলিল, আনছার আলী, শাহজাহান আলী ও আবদুর রাজ্জাক মোল্লা।শিল্পমন্ত্রী বলেন, ‘র-সুগার’ আমদানি করে সাদা চিনি উৎপাদনকারী বেসরকারি মিলগুলো দেশের চিনিশিল্পকে ধ্বংস করছে। এ শিল্পকে টিকিয়ে রাখতে কৃষকদের ঋণসুবিধা প্রদান, ডিজিটাল পদ্ধতিতে পুঁজি বিতরণ ও মূল্য পরিশোধ, আখচাষি কার্ডের মাধ্যমে সময়মতো ভর্তুকির টাকা বিতরণসহ বিভিন্ন পদক্ষেপ নেওয়ার কথা উল্লেখ করেন।