পাওয়ার গ্রিড ও কোহিনূর কেমিক্যালের লভ্যাংশ ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভুক্ত পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড ও কোহিনূর কেমিক্যাল গত ৩০ জুন শেষ হওয়া অর্থবছরে তাদের শেয়ারহোল্ডারদের জন্য শেয়ার ও নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।ডিএসই সূত্র জানায়, পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদ ৩০ জুন শেষ হওয়া অর্থবছরের জন্য ১৫ শতাংশ শেয়ার ও ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। প্রতিষ্ঠানটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২ ফেব্রুয়ারি ২০১১ সকাল সাড়ে ১০টায় বসুন্ধরা কনভেনশন সেন্টার, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকায় অনুষ্ঠিত হবে। এজিএমের রেকর্ড ডেট ৫ ডিসেম্বর।এ ছাড়া পরিচালনা পর্ষদ ৩০ জুন পর্যন্ত প্রতিষ্ঠানটির মোট সম্পদের দাম (এনএভি) এক হাজার ৬০৪ কোটি ৯৭ লাখ ২০ হাজার টাকা, শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৪৪.১১ টাকা এবং প্রতি শেয়ারে নিট ওপেনিং ক্যাশ ফ্লো ৬৮.১০ টাকা ঘোষণা করেছে।কোহিনূর কেমিক্যালের পরিচালনা পর্ষদ ৩০ জুন শেষ হওয়া অর্থবছরের জন্য ৪০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। প্রতিষ্ঠানটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৩ ডিসেম্বর সকাল সাড়ে নয়টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র, আগারগাঁও, ঢাকায় অনুষ্ঠিত হবে। এজিএমের রেকর্ড ডেট ২৯ নভেম্বর।এ ছাড়া পরিচালনা পর্ষদ ৩০ জুন পর্যন্ত প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৭৪.১২ টাকা, শেয়ারপ্রতি মোট সম্পদের দাম (এনএভি) ৯০.৭১ টাকা এবং প্রতি শেয়ারে নিট ওপেনিং ক্যাশ ফ্লো ৪১.২৭ টাকা ঘোষণা করেছে।