পাওয়ার গ্রিডের আর্থিক প্রতিবেদনে অসংগতি

শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানি ও বিদ্যুত্ খাতের কোম্পানি পাওয়ার গ্রিড অব কোম্পানি বাংলাদেশ লিমিটেডের বার্ষিক আর্থিক প্রতিবেদনে বেশ কিছু অসংগতি পেয়েছে সংশ্লিষ্ট নিরীক্ষক প্রতিষ্ঠান। গত ৩০ জুন শেষ হওয়া অর্থবছরের আর্থিক প্রতিবেদনে এই অসংগতি খুঁজে পাওয়া যায়। আজ রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।আজ ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত সংবাদে বলা হয়, প্রতিষ্ঠানটির আর্থিক প্রতিবেদনে বেশ কিছু অসংগতি পায় নিরীক্ষক প্রতিষ্ঠান। এতে বলা হয়, প্রতিষ্ঠানটির আর্থিক প্রতিবেদনে ব্যালান্স শিটে স্থায়ী সম্পদের মূল্য চার হাজার ২১১ কোটি ৬২ লাখ ৯৫ হাজার ১৩৫ টাকা দেখানো হয়েছে। কিন্তু কোম্পানি স্থায়ী সম্পদের হিসাব বহি সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করা হয়নি। এ ছাড়া বাংলাদেশ বিদ্যুত্ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) এবং ঢাকা বিদ্যুত্ বিতরণ কর্তৃপক্ষ (ডেসা) থেকে স্থানান্তরিত যন্ত্রপাতির মূল্য যথাযথভাবে করা হয়নি। এ ছাড়া ৩০ জুন ২০১৩ তারিখ অথবা নিরীক্ষা বছরের যেকোনো সময়ে স্থায়ী সম্পদের সত্যতা যাচাই করা যায়নি। ৩০ জুন ২০১৩ তারিখে স্থায়ী সম্পদের অস্তিত্বের সত্যতা এবং মূল্য যাচাই করার জন্য তাদের কাছে বাস্তবসম্মত বিকল্প কোনো নিরীক্ষা পদ্ধতি ছিল না। বাংলাদেশ অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড (বিএএস) ৩৬ অনুযায়ী স্থায়ী সম্পদের ক্ষয়ক্ষতি পরীক্ষা করতে হবে এবং সে বিষয়ে প্রয়োজনীয় বর্ণনা দেওয়া প্রয়োজন। এ ছাড়া আরও বেশ কিছু বিষয়ে মতামত ব্যক্ত করে নিরীক্ষক প্রতিষ্ঠান।