পাকিস্তানে মুঠোফোন আমদানি কমেছে প্রায় ১১ শতাংশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানে গত এক বছরে মুঠোফোন আমদানি বেশ কমে গেছে। ২০১২-১৩ অর্থবছরে দেশটির মুঠোফোন আমদানি ১০ দশমিক ৮ শতাংশ কমেছে। এ তথ্য পাকিস্তান পরিসংখ্যান ব্যুরোর (পিবিএস)।

২০১২ সালের জুলাই থেকে ২০১৩ সালের জুন পর্যন্ত সময়ে পাকিস্তানে ৬১ কোটি ৩৮ লাখ ডলার মূল্যের মুঠোফোন আমদানি হয়েছে। ঠিক আগের অর্থবছরে আমদানি হয়েছিল ৬৮ কোটি ৮১ লাখ ডলার মূল্যের মুঠোফোন। খবর এএফপির।

পিবিএসের তথ্য অনুযায়ী, মুঠোফোন আমদানির পুরো অর্থবছরের চিত্র যেখানে শোচনীয় সেখানে জুন মাসে দেশটিতে আমদানি বেড়েছে আগের বছরের চেয়ে ২২ দশমিক ১১ শতাংশ। আর মে মাসের তুলনায় আমদানি বৃদ্ধির হার ১১৭ দশমিক ৮১ শতাংশ।

গত অর্থবছরে পাকিস্তানের বাণিজ্য ঘাটতি চার শতাংশের কিছু বেশি হারে কমেছে। আগের বছরের চেয়ে তিন দশমিক ৭৮ শতাংশ রপ্তানি বাড়াই ঘাটতি কমার অন্যতম কারণ।

অন্যদিকে, এ সময় পণ্য আমদানি বেড়েছে খুবই নগণ্য হারে (দশমিক শূন্য আট শতাংশ)।