পাকিস্তানে রপ্তানি বাড়াতে আশাবাদী ভারত সরকার
পাকিস্তানে কৃষিপণ্য, বস্ত্র রসায়ন ও মোটরগাড়ির যন্ত্রাংশ রপ্তানি বাড়বে বলে আশা করছে ভারত।ভারতের বাণিজ্য ও শিল্প প্রতিমন্ত্রী জ্যোতিরদিতি সিন্ধিয়া দেশটির রাজ্যসভায় এক প্রশ্নের উত্তরে সম্প্রতি এ কথা জানিয়েছেন।পাকিস্তান এ বছরের মার্চ মাসে ভারত থেকে পণ্য আমদানির ক্ষেত্রে এত দিনের প্রচলিত ইতিবাচক তালিকার বদলে নেতিবাচক তালিকা ব্যবস্থা গ্রহণ করে। এই নেতিবাচক তালিকায় এক হাজার ২০৯টি পণ্য আছে। এর অর্থ হলো, এই পণ্যগুলো বাদে ভারত অন্য সব পণ্য পাকিস্তানে রপ্তানি করতে পারবে।এর আগে ইতিবাচক তালিকায় এক হাজার ৯৭৪টি পণ্য ছিল। এত দিন ভারত শুধু এই পণ্যগুলোই পাকিস্তানে রপ্তানি করতে পারত। এর ফলে ভারতের বিপুল পরিমাণ রপ্তানিমুখী পণ্য পাকিস্তানের বাজারে প্রবেশ করতে পারছিল না।জ্যোতিরদিতি সিন্ধিয়া বলেন, নেতিবাচক তালিকা গ্রহণ করার ফলে ভারত থেকে সরাসরি রপ্তানি অনেক বাড়বে, যা এত দিন তৃতীয় দেশ হয়ে পাকিস্তানে যেত।’ ভারতীয় প্রতিমন্ত্রী বলেন, এই বছরের মধ্যেই পাকিস্তান নেতিবাচক তালিকাও পুরোপুরি তুলে নিয়ে ভারতকে সমমর্যাদা সুবিধা (এমএফএন) প্রদান করবে বলে আশা করা যায়। ভারত ১৯৯৬ সালে পাকিস্তানকে এই সুবিধা প্রদান করে।বর্তমানে দুই দেশের মধ্যকার দ্বিপক্ষীয় বাণিজ্য প্রায় ৩০০ কোটি ডলারে উন্নীত হয়েছে। সূত্র: ইকোনমিক টাইমস।