পাকুন্দিয়ায় তিনটি ব্যাংকের কৃষি ঋণ বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় গতকাল রোববার সোনালী, অগ্রণী ও বাংলাদেশ কৃষি ব্যাংক (বিকেবি) কৃষকদের মধ্যে ঋণ বিতরণ করেছে।পাকুন্দিয়ার নারান্দী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ঋণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে বিকেবি। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. আবুল কাশেম। বিকেবির উপ-মহাব্যবস্থাপক মো. মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পাকুন্দিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান সোহরাব উদ্দিন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুত্ফুন নাহার, বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক ম. মাহফুজুর রহমান, বিকেবির মহাব্যবস্থাপক মো. লুত্ফর রহমান ও ব্যবসায়ী বাদল রহমান। এখানে উপজেলার ১৬০ জন কৃষাণ-কৃষাণীর হাতে মোট ৩৮ লাখ ২৯ হাজার টাকার কৃষি ঋণের চেক তুলে দেওয়া হয়। মো. আবুল কাশেম বলেন, কৃষকের হাতেই দেশের উন্নয়নের মূল চাবিকাঠি। কারণ তাঁরা কখনো হরতাল কিংবা দুর্নীতি করে দেশের ক্ষতি করেন না।এরপর বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. আবুল কাশেম পাকুন্দিয়া উপজেলা পরিষদ প্রাঙ্গণে অগ্রণী ব্যাংক এবং চণ্ডীপাশা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে সোনালী ব্যাংকের কৃষিঋণ বিতরণ অনুষ্ঠানে যোগ দেন। এর মধ্যে অগ্রণী ব্যাংক ১৯১ জনকে ১৮ লাখ দুই হাজার টাকা এবং সোনালী ব্যাংক ২৭ জনকে তিন লাখ ৫২ হাজার টাকার কৃষি ঋণ দেয়।