পাচারকালে সাতক্ষীরায় আটক ৩, পটুয়াখালীতে জটিলতা
ঈদের দিন বেশি দামে কোরবানির পশুর চামড়া সংগ্রহ করেছেন পটুয়াখালীর স্থানীয় ব্যবসায়ী ও ফড়িয়ারা। কিন্তু ঢাকার ট্যানারির মালিকেরা বলছেন, বেশি দামে চামড়া কিনবেন না তাঁরা। ফলে চামড়া নিয়ে জটিলতায় পড়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।আবার বেশি দাম পাওয়ার আশায় কিছু অসাধু ব্যবসায়ী পার্শ্ববর্তী দেশ ভারতে চামড়া পাচারের চেষ্টা চালিয়েছেন। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পাচারের সময় হাতেনাতে তিনজনকে আটক করেছেন।পটুয়াখালী: প্রথম আলোর পটুয়াখালী অফিস জানিয়েছে, এ বছর কোরবানির পশুর চামড়া সংগ্রহের কোনো দর নির্ধারণ না থাকায় জেলায় প্রায় তিন কোটি টাকার চামড়া কিনে বিপাকে পড়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। তাঁদের কেনা চামড়া স্তূপ হয়ে পড়ে আছে। বিক্রি হচ্ছে না। তাই বড় ধরনের লোকসানের আশঙ্কা করছেন তাঁরা।ব্যবসায়ীরা বলছেন, কোরবানির সময় পটুয়াখালীতে অন্তত তিন লাখ চামড়া সংগৃহীত হয়। তবে চামড়া কেনাবেচা করতে গিয়ে খুচরা ব্যবসায়ী ও ক্রেতা-বিক্রেতাদেরও পড়েছেন নানা জটিলতায়। প্রত্যন্ত এলাকার বিক্রেতারা যেমন ভালো দাম পাননি, তেমনি শহরে চামড়া বিক্রি করতে এসে মৌসুমি ব্যবসায়ীরাও দাম পাননি।সাতক্ষীরা: সাতক্ষীরায় প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক জানিয়েছেন, গত শনিবার ভারতে পাচারের সময় সাতক্ষীরার বাঁকাল এলাকা থেকে গরু ও ছাগলের ৬৫টি চামড়াসহ তিনজনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন, সাতক্ষীরা সদরের আলীপুর গ্রামের ফয়জুল ইসলাম, একই উপজেলার মাহমুদপুর গ্রামের মো. মিলন ও দেবহাটা উপজেলার পুষ্পকাটি গ্রামের ইশারত আলী।একাধিক সূত্র জানিয়েছে, বাংলাদেশের চেয়ে ভারতে এখন চামড়ার দাম বেশি। সে কারণে কিছু অসাধু ব্যবসায়ী ভারতে চামড়া পাচারে সক্রিয় আছে। সীমান্ত এলাকায় প্রতি বর্গফুট গরুর চামড়া ৭০-৮০ ও ছাগলের চামড়া ৪০-৫০ টাকায় বিক্রি হচ্ছে। সাতক্ষীরা সদর, কলারোয়া ও দেবহাটা এলাকার কমপক্ষে ১৫ ব্যবসায়ী পাচারের সঙ্গে জড়িত বলে দাবি সূত্রগুলোর।সাতক্ষীরার পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বলেন, কোরবানির পশুর চামড়া যেন ভারতে পাচার হয় সে জন্য জেলায় ১৫টি চেকপোস্ট বসানো হয়েছে। সাতক্ষীরা ৩৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আবু বাছির বলেন, চামড়া যেন ভারতে পাচার না হতে পারে সে জন্য চামড়া বিক্রির আগে জানাতে হবে মর্মে কয়েকজন ব্যবসায়ীর কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে।