পাচারের টাকাকে বৈধতার সুযোগ দেওয়া ঠিক নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবুল কাসেম খান

করোনাভাইরাসের পর এসেছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ধাক্কা। এর ফলে পণ্যমূল্যের দাম ও জাহাজভাড়া বেড়ে গেছে। ডলারের দামও বাড়ছে। এমন পরিস্থিতিতে এবারের বাজেটে অনেক নতুনত্ব এসেছে।

বাজেট তৈরি করতে গিয়ে অর্থমন্ত্রীকে একদিকে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের কথা ভাবতে হয়েছে, অন্যদিকে কাঙ্ক্ষিত জিডিপি অর্জনের বিষয়েও গুরুত্ব দিতে হয়েছে। বাজেটে ব্যবসায় গবেষণা ও উন্নয়নের বিষয়টি গুরুত্ব পেয়েছে, যা ব্যবসা বহুমুখীকরণের ক্ষেত্রে সহায়তা করবে।

স্টার্টআপ কোম্পানিগুলোর কর ছাড়ের বিষয়টি ভালো উদ্যোগ। এতে অনেকেই আগ্রহী হবেন। সব ধরনের রপ্তানিকারক প্রতিষ্ঠানকে একই করের আওতায় আনার উদ্যোগে রপ্তানি বহুমুখীকরণ হবে।

মোটরসাইকেল উৎপাদনে ২০ বছর কর ছাড়ে বিনিয়োগ বাড়বে, তবে কমপক্ষে ১০০ কোটি টাকা বিনিয়োগের বিষয়টি তুলে দেওয়া উচিত। ১০০ কোটি টাকা বিনিয়োগ অনেক বেশি হয়ে যায়।

এ ছাড়া কৃষি যান্ত্রিকীকরণ, রান্নাঘরের সামগ্রী উৎপাদনে ১০ বছরের কর ছাড়ের বিষয়টি দেশের জন্য প্রয়োজন ছিল। এত বিষয় আমরাও চিন্তা করিনি। ব্যবসা, শিল্প, নতুন উদ্যোক্তাকে উৎসাহ দিতে এবারের বাজেটে অনেক কিছু এসেছে, যা আগে দেখা যায়নি। তাই বলা যায়, খারাপ সময়ে ভালো বাজেট দেওয়া হয়েছে।

আরও পড়ুন

এফবিসিসিআইয়ে ইনোভেশন সেন্টার করতে সব ধরনের সহায়তার উদ্যোগটি ভালো হয়েছে। করের আপিল ব্যবস্থা ও বিকল্প বিরোধ নিষ্পত্তি বিষয়ে বেশ কিছু সুস্পষ্ট ঘোষণা আছে। মেন মেইড ফাইবারে ভ্যাট অর্ধেক করার উদ্যোগটিও ভালো।

অর্থনীতিতে যত ছাড় দেওয়া যাবে, তত বেশি মানুষের সম্পদ তৈরি হবে। বাজেটের কাজ হলো মানুষের সম্পদের সুষ্ঠু ব্যবহার করা। এর ফলে কর্মসংস্থান তৈরি হবে। বাংলাদেশের মতো দেশের জন্য কর্মসংস্থান তৈরি এখন প্রধান কাজ। দেশে প্রতিবছর ২২ থেকে ২৫ লাখ মানুষের কর্মসংস্থান প্রয়োজন।

কর্মসংস্থান তৈরি ও ধরে রাখা সরকারের অন্যতম প্রধান কাজ। এবারের বাজেটে সরকার এই পথে গেছে। আমরা আশা করেছিলাম, অগ্রিম আয়করে ছাড় পাব। কিন্তু তা পাইনি। এটা পেলে আমাদের জন্য ভালো হবে।

তবে আমরা যারা নিয়মিত কর দিয়ে আসছি, দেশের আইনকানুন মেনে চলছি। এ জন্য আমরা পাচার করা টাকা এভাবে দেশে ফিরিয়ে এনে বৈধতা দেওয়াকে কোনোভাবেই সমর্থন করতে পারছি না।

সরকার হয়তো নিজের অবস্থান থেকে অনেক বিষয়ে সিদ্ধান্ত নেয়। আমরা যারা এত দিন দেশে ব্যবসা করলাম, দেশে কর দিলাম, সব নিয়মকানুন মেনে চললাম, তাদের জন্য সরকার কী দিল।

যারা অবৈধভাবে টাকা নিয়ে গেল, তারা ৭ শতাংশ দিয়েই আমাদের মতো হয়ে যাবে। এর ফলে আমাদের মতো ব্যবসায়ীরা উৎসাহ হারাবে। কারণ, আমরা বছরে ২০-৩০ শতাংশ নিয়মিত কর দিয়ে আসছি। আর অবৈধভাবে পাচার করা অর্থ ৭ শতাংশ দিয়েই বৈধ হয়ে যাবে।

এমন সুযোগ দিলে আমাদেরও বিদেশে অল্প আকারে বিনিয়োগের সুযোগ দেওয়া হোক। আমরা সরকারের কাছে অনুরোধ করব, আমাদের কর কমিয়ে দেন, বিদেশে ব্যবসা করার সুযোগ দেন। আমরা বৈধ পথে বিদেশে ব্যবসা সম্প্রসারণ করতে চাই। এতে দেশের পাশাপাশি বিদেশে দেশের সম্পদ বৃদ্ধি পাবে, যা দেশের ভাবমূর্তি বাড়াবে।

আবুল কাসেম খান, সাবেক সভাপতি, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)