ডিসেম্বর ভিত্তিতে খেলাপি করে এবি ব্যাংকের হিসাবে দেখাতে হবে
পাচারের ৩১০ কোটি টাকা খেলাপি করার নির্দেশ

এবি ব্যাংকের অফশোর ইউনিটের মাধ্যমে পাচার হওয়া ৩ কোটি ৯৩ লাখ ডলার (বাংলাদেশি ৩১০ কোটি টাকা) খেলাপি করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ডিসেম্বর ভিত্তিতে হিসাবে খেলাপি করে তা জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা পরিপালনে ব্যর্থতার জন্য ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।
ব্যাংকটির অফশোর ইউনিট থেকে নেওয়া ঋণের মধ্যে পুরো অংশ ফেরত দিয়েছে গ্লোবাল এমই জেনারেল ট্রেডিং, যার বাংলাদেশি অংশীদার রহিমআফরোজ গ্লোবাল লিমিটেড। বাকি অংশ ফেরত আনতে আগে গত ডিসেম্বর পর্যন্ত সময় চাইলেও এখন চলতি বছরের পুরো সময়টি চেয়েছে ব্যাংকটি।
জানা গেছে, এবি ব্যাংকের অফশোর ইউনিট থেকে চার বিদেশি কোম্পানির নামে ৫ কোটি ১০ লাখ ডলার (বাংলাদেশি ৪০০ কোটি টাকা) ঋণ দেওয়া হয়, যা সুদসহ হয়েছে ৪৬৬ কোটি টাকা। তবে প্রতিষ্ঠান চারটি যে উদ্দেশ্যে ঋণ নেয়, তার কোনোটাই যথাযথ ব্যবহার করেনি। প্রতিষ্ঠান চারটি হলো সংযুক্ত আরব আমিরাতের গ্লোবাল এমই জেনারেল ট্রেডিং ও সিমাট জেনারেল ট্রেডিং, সিঙ্গাপুরের এটিজেড কমিউনিকেশন ও ইউরোকার্স হোল্ডিং। এর মধ্যে ইউরোকার্স হোল্ডিংয়ের ঋণের সুবিধাভোগী সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোরশেদ খানের মালিকানাধীন প্যাসিফিক মোটরস। তিনি এবি ব্যাংকেরও সাবেক চেয়ারম্যান।
কেন্দ্রীয় ব্যাংকের পরিদর্শনে বেরিয়ে আসে, ঋণ নিয়ে অর্থ পাচার করা হয়েছে। ঋণের অর্থ পাচার হয় সিঙ্গাপুর ও সংযুক্ত আরব আমিরাতে। এ পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় ব্যাংক গত বছরের ৩১ মের মধ্যে অর্থ ফেরত আনার নির্দেশ দেয়। অর্থ ফেরত না এলে গত বছরের ৩০ জুনের মধ্যে ক্ষতিজনক মানে খেলাপি করার নির্দেশ দেয়।
এবি ব্যাংক সূত্রে জানা গেছে, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনার পর গ্রাহকদের অর্থ ফেরত দেওয়ার নির্দেশনার দিলে গ্লোবাল এমই জেনারেল ট্রেডিং পুরো অর্থ ফেরত দেয়। অন্য তিনটি প্রতিষ্ঠান কিছু অর্থ ফেরত দিয়েছে। বাকি টাকা ফেরত দিতে প্রতিষ্ঠান তিনটি সময় চেয়েছে।
সিমাট জেনারেল ট্রেডিং, এটিজেড কমিউনিকেশন ও ইউরোকার্স হোল্ডিং ১ কোটি ৫৬ লাখ ডলার (বাংলাদেশি ১২২ কোটি টাকা) ফেরত দিয়েছে। বাকি ৩৩২ কোটি টাকা ফেরত দিতে প্রতিষ্ঠান তিনটি গত বছরের ডিসেম্বর পর্যন্ত সময় চায়। এবি ব্যাংক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখলেও খুব বেশি টাকা ফেরত পায়নি। এ পরিপ্রেক্ষিতে গত সপ্তাহে এবি ব্যাংকে পাঠানো এক চিঠিতে কেন্দ্রীয় ব্যাংক বলেছে, সংযুক্ত আরব আমিরাতের সিমাট জেনারেল ট্রেডিং, সিঙ্গাপুরের এটিজেড কমিউনিকেশন ও ইউরোকার্স হোল্ডিংয়ের ৩ কোটি ৯৩ লাখ ডলার ঋণ (৩১০ কোটি টাকা) ডিসেম্বর ভিত্তিতে খেলাপি করতে হবে। এদিকে ৩১০ কোটি টাকা খেলাপি করতে হলে ব্যাংকটিকে সমপরিমাণ অর্থ সঞ্চিতি সংরক্ষণ করতে হবে, যা বছরের মুনাফায় নেতিবাচক প্রভাব পড়বে।
এ বিষয়ে এবি ব্যাংকের সঙ্গে যোগাযোগ করা হলে এক লিখিত বক্তব্যে ব্যাংকটি জানায়, এবি ব্যাংক প্রচলিত নিয়মকানুন মেনেই ঋণ প্রদান করেছে। অফশোর ইউনিটের প্রচলিত নিয়মানুযায়ী বিদেশি অর্থায়ন পাওয়াসাপেক্ষ ঋণ প্রদান করে থাকে। যে চারটি প্রতিষ্ঠানকে ৫ কোটি ৫১ লাখ ডলার ঋণ প্রদান করা হয়, গত নয় মাসে তার ২ কোটি ২৩ লাখ ডলার সমন্বয় হয়েছে, যা মোট ঋণের ৪০ দশমিক ৪৬ শতাংশ। রহিমআফরোজ গ্রুপের একটি বৈদেশিক প্রতিষ্ঠান পুরো ঋণ সমন্বয় করেছে। আগামী নয় থেকে বারো মাসের মধ্যে বাকি ঋণ সমন্বয়ের ব্যাপারে ব্যাংক আশাবাদী এবং ইতিমধ্যে ঋণ সমন্বয়ের সীমা আগামী এক বছর বাড়ানোর জন্য বাংলাদেশ ব্যাংকের নিকট অনুরোধ করা হয়েছে। ব্যাংক আশা করে যে বর্ধিত সময়ের মধ্যেই ঋণ সমন্বয় হবে এবং আন্তর্জাতিক পর্যায়ে ব্যাংকের সুনাম অক্ষুণ্ন থাকবে ও ব্যয়বহুল আইনি প্রক্রিয়া এড়ানো সক্ষম হবে।
টাকার অঙ্কে দেশে ব্যাংক খাতে এর আগে আরও বড় ধরনের জালিয়াতি হলেও অফশোর ব্যাংকিং ইউনিটে এটাই বড় ঘটনা। অফশোর ব্যাংকিং হলো ব্যাংকের অভ্যন্তরে পৃথক ব্যাংকিং। বিদেশি কোম্পানিকে ঋণ প্রদান ও বিদেশি উৎস থেকে আমানত সংগ্রহের সুযোগ রয়েছে অফশোর ব্যাংকিংয়ে। বিশ্বব্যাপী অফশোর ব্যাংকিংয়ের মাধ্যমে অর্থ পাচারের বিষয়টি এখন ব্যাপকভাবে আলোচিত হচ্ছে। ‘পানামা পেপারস’ নামে অর্থ পাচারের যে ঘটনা ফাঁস করা হয়েছে, তা মূলত অফশোর ব্যাংকিংয়ের মাধ্যমেই ঘটেছে। গত বছরের ২৬ এপ্রিল প্রথম আলোতে এবি ব্যাংকে ‘অফশোর ব্যাংকিংয়ের আড়ালে ৩৪০ কোটি টাকা পাচার’ শীর্ষক প্রথম প্রতিবেদন প্রকাশিত হয়। এরপরই সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান আমলে নিয়ে তদন্ত শুরু করেছে।