পাট উৎপাদনের লক্ষ্যমাত্রা ২৫ শতাংশ বৃদ্ধি
চলতি বছর দেশে পাট উৎপাদনের লক্ষ্যমাত্রা ২৫ শতাংশ বৃদ্ধি করে ৯৪ লাখ ৪৭ হাজার ৫০০ বেল নির্ধারণ করেছে পাট মন্ত্রণালয়। গত বছর ৭৫ লাখ ৫৮ হাজার বেল পাট উৎপাদিত হয়েছিল। ১৮২.২৫ কেজিতে হয় ১ বেল।
মন্ত্রণালয়ের সভাকক্ষে আজ বুধবার পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন বাস্তবায়নের লক্ষ্যে পাট উৎপাদন বৃদ্ধিবিষয়ক এক সভায় এই লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। এতে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম, পাট অধিদপ্তরের মহাপরিচালক মোয়াজ্জেম হোসেন, বিজেএমসির চেয়ারম্যান হুমায়ূন খালেদ প্রমুখ উপস্থিত ছিলেন। আজ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানানো হয়েছে।
সভায় বলা হয়, পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন বাস্তবায়নের জন্য দেশের অভ্যন্তরে পাটের ব্যাপক চাহিদা তৈরি হয়েছে। ধান, চাল, গম, ভুট্টা, সার ও চিনি সংরক্ষণ ও পরিবহনের পাটের বস্তার ব্যবহার নিশ্চিত করতে বছরে ৬৯ কোটি বস্তার প্রয়োজন হবে। এই পরিমাণ বস্তা তৈরিতে ২০-২২ লাখ বেল কাঁচা পাটের প্রয়োজন হবে।