পাট খাত রক্ষায় স্থায়ী নীতির সুপারিশ
পাট ও পাটশিল্পের বিকাশে স্থায়ী পাটনীতি, সুনির্দিষ্ট বন্দর-সুবিধা, যন্ত্রপাতির আধুনিকায়ন ও দাম নির্ধারণ প্রয়োজন বলে অভিমত দিয়েছেন পাট খাত ও পাটশিল্পের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা। একই সঙ্গে তাঁরা আদমজী জুট মিল চালু এবং বিদেশি সংস্থাগুলোর চাপে পাটকল বন্ধ করার মানসিকতা থেকে সরে আসার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোকারম ভবনে গতকাল রোববার ‘পাট ও পাটকলগুলোর ভবিষ্যৎ’ শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। দক্ষিণ এশীয় সামাজিক ফোরামের পাঁচ দিনব্যাপী অনুষ্ঠানের অংশ হিসেবে পাট ও পাটশিল্প রক্ষা কমিটি সেমিনারটির আয়োজন করে।জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি সাংসদ হাসানুল হক ইনু বলেন, দেশের ১২ লাখ ৩৫ হাজার একর জমিতে পাট চাষ হয়। এটি কৃষিভিত্তিক শিল্প। তাই শিল্পটির জন্য সরকারের আলাদা নীতি থাকা দরকার, যাতে কৃষকেরা প্র্রণোদনা পান। কিন্তু আশির দশকের শুরু থেকেই ষড়যন্ত্র করে শিল্পটিকে ধ্বংস করে ফেলা হয়েছে।হাসানুল হক বলেন, পাটশিল্পকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে হলে পাটকলগুলোর যন্ত্রপাতি আধুনিকায়ন করতে হবে; মিলমালিকদের সরাসরি রপ্তানির সুযোগ দিতে হবে। একই সঙ্গে বিদেশিদের চাপে পাটকল বন্ধ করার বিপক্ষে শক্ত অবস্থান এবং পণ্য পরিবহনের জন্য মংলাবন্দরকে সক্রিয় করতে ব্যবস্থা নেওয়ার কথা বলেন তিনি।পাট-সুতা-বস্ত্রকল শ্রমিক- কর্মচারী সংগ্রাম পরিষদের যুগ্ম আহ্বায়ক শফিউদ্দিন আহমেদ বলেন, বর্তমান সরকার তিনটি বন্ধ পাটকল চালু করলেও ব্যবস্থাপনার দায়িত্ব আগের অবস্থায়ই রেখে দেওয়া হয়েছে। এতে দলীয়করণ ও দুর্নীতি করার সুযোগ থাকছেই। ফলে একসময় লোকসানে পড়ে মিলগুলো বন্ধ হওয়ার আশঙ্কা থাকছেই।শফিউদ্দিন আহমেদ সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নয় বরং পাটশিল্প বিকাশে প্রকৃত দেশপ্রেমিকের মতো কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, শুধু পাটের বহুমাত্রিক ব্যবহারে দেশের অর্থনীতির চাকা ভালোভাবে সচল রাখা সম্ভব।বাংলাদেশ জাতীয় শ্রমিক জোটের সভাপতি শিরিন আক্তার বলেন, তিনটি মিল চালু করলেও নির্বাচনী ইশতেহার অনুযায়ী আদমজী জুট মিল চালুর কোনো ব্যবস্থা নেয়নি সরকার। সেমিনারের সভাপতি পাট-সুতা-বস্ত্রকল শ্রমিক-কর্মচারী সংগ্রাম পরিষদের আহ্বায়ক শহীদুল্লাহ চৌধুরী বলেন, সরকারের নীতির কারণে খাতটির রপ্তানি একেবারেই নিচে নেমে এসেছে। তিনি আরও বলেন, দেশীয় কাঁচামালনির্ভর পাটশিল্প দিয়ে সারা বিশ্বে নেতৃত্ব দেওয়া সম্ভব। এ জন্য স্থায়ী নীতি দরকার। সেমিনারে আরও বক্তব্য দেন জাতীয় শ্রমিক জোটের সহসাধারণ সম্পাদক কাজী সিদ্দিকুর রহমান, জাতীয় শ্রমিক ফেডারেশনের জাকির হোসেন, টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক তপন সাহা প্রমুখ।