পাট খাত রক্ষায় ২ শতাংশ সুদে ঋণ চান ব্যবসায়ীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাট
ফাইল ছবি: প্রথম আলো

পাট খাত রক্ষায় রপ্তানি উন্নয়ন তহবিলের (ইডিএফ) মতো ২ শতাংশ সুদে ঋণ বিতরণে আলাদা তহবিল গঠনের দাবি জানিয়েছেন এই খাতের ব্যবসায়ীরা। গতকাল মঙ্গলবার রাজধানীর মতিঝিলে এফবিসিসিআই কার্যালয়ে আয়োজিত সংগঠনটির পাট ও পাটপণ্য–বিষয়ক স্থায়ী কমিটির প্রথম সভায় এই দাবি জানান তাঁরা। ব্যবসায়ীরা বলেন, স্বল্প সুদের তহবিল থেকে ঋণ পেলে দেশের পাট খাত ঘুরে দাঁড়াবে এবং সম্ভাবনার শতভাগ কাজে লাগানো সম্ভব হবে।

সভায় বাংলাদেশ জুট মিলস অ্যাসোসিয়েশনের (বিজেএমএ) সভাপতি এবং এফবিসিসিআইয়ের পাট ও পাটপণ্য-বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান মো. আবুল হোসেন সভাপতিত্ব করেন। এতে এফবিসিসিআইয়ের পরিচালক বিজয় কুমার কেজরিওয়ালসহ কমিটির কো-চেয়ারম্যান শেখ নাসিরউদ্দিন, মো. রবিউল আহসান, মো. শফিকুল ইসলাম, মো. হাসেন আলি, এস আহমেদ মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন।

সভায় কাঁচা পাট ক্রয়ের ক্ষেত্রে বাজেটে আরোপিত ২ শতাংশ উৎসে কর ও রপ্তানির বিপরীতে প্রণোদনায় ১০ শতাংশ হারে উৎসে কর প্রত্যাহার, পাটপণ্যে ভারতের অ্যান্টি-ডাম্পিং শুল্ক স্থায়ীভাবে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া, বেসরকারি পাটকলের ব্যাংকঋণ মওকুফ ও উচ্চ ফলনশীল পাটবীজ উৎপাদনের উদ্যোগ গ্রহণের দাবি জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এফবিসিসিআইয়ের জ্যেষ্ঠ সহসভাপতি মোস্তফা আজাদ চৌধুরী শতভাগ রপ্তানিমুখী পাটপণ্যে কর না চাপানোর আহ্বান জানান। তিনি বলেন, পাট ও পাটজাত পণ্যের দুরবস্থায় তৃণমূলের বহু মানুষের কর্মসংস্থান আজ হুমকির মুখে। এই খাতকে বাঁচাতে সরকার থেকে পর্যাপ্ত নীতিসহায়তা দরকার। এ জন্য পাট ও পাটজাত পণ্যের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে এক হয়ে কাজ করতে হবে।

এফবিসিসিআইয়ের পাট ও পাটপণ্য-বিষয়ক স্থায়ী কমিটির সহসভাপতি মো. আমিন হেলালী বলেন, সময় এসেছে পাট খাতের জাগরণের। বিভিন্ন দেশে প্লাস্টিক নিষিদ্ধের কারণে বিশ্ববাজারে পাটের চাহিদা বাড়ছে। এ খাতের উন্নয়নে নীতিসহায়তা পেতে এফবিসিসিআইয়ের সর্বোচ্চ সহযোগিতা থাকবে।

কমিটির ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ মাহবুবুর রহমান পাটোয়ারী বলেন, পাট একই সঙ্গে শিল্প ও কৃষিপণ্য। ২০০ ভাগ মূল্য সংযোজন হয় এ খাতে। শতভাগ রপ্তানি পণ্য হওয়ার পরেও অগ্রিম আয়কর দিতে হয়, যা চলে যায় ক্রেতার ওপর। এসব কারণে পাটপণ্যের দাম বেড়ে যায়। এ খাতের খরচ কমাতে তাই স্বল্প সুদে ঋণের ব্যবস্থা করা দরকার।

বিজেএমএ সভাপতি মো. আবুল হোসেন বলেন, পাট পরিবেশবান্ধব প্রাকৃতিক তন্তু। বিশ্বের প্রায় সব দেশে এটির চাহিদা বাড়ছে। কিন্তু ব্যাংকঋণের উচ্চ সুদ ও কাঁচা পাটের চড়া দাম। সে তুলনায় পণ্যের বিক্রয় মূল্য কম হওয়ায় দেশের পাটকলমালিকেরা চলতি মূলধনের সংকটে ভুগছেন। এমন পরিস্থিতিতে পাট খাতের জন্য স্বল্প সুদে ব্যাংকঋণ অত্যন্ত জরুরি।