বিশ্বব্যাপী আগ্রহ বৃদ্ধি এবং অভ্যন্তরীণ বাজারে পাটের যে চাহিদা ও সুযোগ সৃষ্টি হয়েছে, তাতে এই খাত নতুন জীবন পেতে পারে। তবে এই সুযোগ কাজে লাগাতে হলে দেশের পাট খাতের বড় ধরনের সংস্কার প্রয়োজন। বিশেষ করে দক্ষতা, সামর্থ্য এবং উত্পাদনক্ষমতা ব্যবহারের জন্য বাংলাদেশ জুট মিল করপোরেশনের (বিজেএমসি) আওতাধীন পাটকলগুলোর সংস্কার ও পুনর্গঠন করতে হবে।গতকাল শনিবার বিকেলে খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) ও খুবির অর্থনীতি বিভাগের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত ‘পাটশিল্পের পুনর্গঠন: করণীয় ও চ্যালেঞ্জসমূহ’ শীর্ষক আঞ্চলিক সংলাপে এসব কথা বলা হয়। বস্ত্র ও পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী সংলাপে প্রধান অতিথি ছিলেন।সংলাপে সভাপতিত্ব করেন সিপিডির নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিপিডির জ্যেষ্ঠ গবেষক খন্দকার গোলাম মোয়াজ্জেম। সংলাপে সাংসদ ননীগোপাল মণ্ডল, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, রাজনীতিবিদ, পাটশিল্পের সঙ্গে জড়িত রপ্তানিকারক, জাহাজ মালিক, স্থানীয় পাটকলের ব্যবস্থাপকসহ সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।মূল প্রবন্ধে দেশের পাটশিল্পকে এগিয়ে নিতে বিজেএমসি পরিচালিত পাটকলগুলোর ব্যবস্থাপনার উন্নয়ন, নতুন নতুন বাজার অনুসন্ধান, পাটকলগুলোকে বিকেন্দ্রীকরণ, দেশে পাট প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের সুপারিশ করা হয়।প্রধান অতিথির বক্তৃতায় আবদুল লতিফ সিদ্দিকী বলেন, ‘সমস্যা পাটশিল্পে নয়, সমস্যা আমাদের অর্থব্যবস্থাপনার।’ তিনি বলেন, অর্থনীতিবিদেরা দেশকে দীনহীন করে রেখেছেন, এনজিও বা সমবায় দ্বারা পৃথিবীর কোনো দেশে উন্নয়ন হয়নি। তাহলে রাষ্ট্রব্যবস্থার প্রয়োজন পড়ত না। সবার আগে প্রয়োজন রাষ্ট্রীয় মূলনীতি প্রণয়ন করা। সুষ্ঠু রাজনৈতিক ব্যবস্থাপনা সৃষ্টি হলেই রাষ্ট্র শক্ত অবস্থানে দাঁড়াতে পারবে।দেশে পাটের পুনর্জাগরণ লক্ষ করা যাচ্ছে বলে উল্লেখ করে তিনি বলেন, অতীতের সরকারই সিদ্ধান্ত নিয়েছিল পাটশিল্পকে ধ্বংস করার। তিনি আরও বলেন, পাটের প্রধান সমস্যা উন্নতমানের বীজ। বর্তমানে পাট পচানোও অন্যতম সমস্যা হয়ে দাঁড়িয়েছে। প্রবহমান পানির ধারার কারণে পাট সোনালি আঁশ নাম ধারণ করেছিল। কিন্তু বর্তমানে পানির অভাবে কৃষক ভালোভাবে পাট পচাতে পারছেন না।মন্ত্রী শ্রমিক নেতাদের উদ্দেশে বলেন, ‘আপনাদের চরিত্র আন্দোলনমুখী না হয়ে উত্পাদনমুখী করতে হবে। আশা করব শ্রমিকদের শান্তিতে থাকবে দেবেন।’