পাট থেকে সুতার কাঁচামাল ভিসকস তৈরির উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনের প্রযুক্তি-সহায়তায় দেশি পাট থেকে ভিসকস তৈরি করতে চায় সরকার। এ জন্য রাষ্ট্রায়ত্ত পাটকলগুলোর মানোন্নয়নেরও উদ্যোগ নেওয়া হয়েছে। সুতা উৎপাদনে দেশের বিভিন্ন স্পিনিং মিলে তুলার পাশাপাশি ভিসকস ব্যবহৃত হয়। তবে উদ্ভিদজাত তন্তু ভিসকস বর্তমানে আমদানি করতে হয়।
রাজধানীর একটি হোটেলে গত রোববার বাংলাদেশ জুট মিলস করপোরেশন (বিজেএমসি) ও চায়না টেক্সটাইল ইন্ডাস্ট্রিয়াল করপোরেশন ফর ফরেন ইকোনমিক অ্যান্ড টেকনিক্যাল কো-অপারেশন এ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষর করেছে। এ সময় উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম, চীনের ভাইস মিনিস্টার ওয়াং টিনকাই, চায়না ন্যাশনাল টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল কাউন্সিলের প্রেসিডেন্ট সান রুইজিট, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান কাজী মো. আমিনুল ইসলাম, বস্ত্রসচিব এম এ কাদের সরকার, বিজেএমসির চেয়ারম্যান মাহমুদুল হাসান প্রমুখ।
বস্ত্র মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। এতে বলা হয়, পাটকলগুলোকে কারিগরি সহায়তার পাশাপাশি প্রয়োজন হলে আর্থিক বিনিয়োগও করবে চীন। মন্ত্রণালয় জানিয়েছে, গত বছর প্রায় ৬৫০ কোটি টাকার ৩৩ হাজার ৭৩৭ টন ভিসকস আমদানি করেছে বাংলাদেশের বিভিন্ন বস্ত্রকল। তবে দেশে ভিসকস উৎপাদিত হলে আমদানির প্রয়োজন হবে না।
জানতে চাইলে বস্ত্রকলের মালিকদের সংগঠন বিটিএমএর সচিব মনসুর আহমেদ প্রথম আলোকে বলেন, দেশের ৫০-৬০টি স্পিনিং মিলে ভিসকস ব্যবহৃত হয়। মূলত তুলার সঙ্গে ভিসকস মিশ্রণ করে সুতা তৈরি করে তারা। দেশের ভেতরেই যদি ভিসকস উৎপাদন করা যায়, তাহলে মিলমালিকেরা লাভবান হবেন।