পাট রপ্তানি থেকে বাংলাদেশের আয় ৫০৫৯ কোটি টাকা
পাট ও পাটজাত পণ্য রপ্তানি করে বাংলাদেশ গত অর্থবছরে পাঁচ হাজার ৫৯ কোটি ৯৪ লাখ টাকা আয় করেছে। যা গত অর্থবছরের চেয়ে দুই হাজার কোটি টাকারও বেশি। গতকাল সোমবার বিএনপিদলীয় সাংসদ মোসাম্মৎ শাম্মী আখতারের এক লিখিত প্রশ্নের জবাবে বস্ত্র ও পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী জাতীয় সংসদে এ তথ্য জানান।মন্ত্রী বলেন, বাংলাদেশ গত ২০০৯-১০ অর্থবছরে দুই লাখ ৮৭ হাজার ৮০৪ দশমিক ৭০ মেট্রিক টন পাট রপ্তানি করে এক হাজার ১৩০ কোটি টাকা আয় করে। এর আগে ২০০৮-০৯ অর্থবছরে তিন লাখ ১৪ হাজার ৯১২ দশমিক ১৬ মেট্রিক টন পাট রপ্তানি করে আয় করে ৯২১ কোটি টাকা ।পাটমন্ত্রী আরও জানান, বাংলাদেশ প্রধানত চীন, ভারত, পাকিস্তান, ভিয়েতনাম, জার্মানি, যুক্তরাষ্ট্র, রাশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, তিউনিশিয়া, মিসর, ইন্দোনেশিয়া, নেপাল, ইরান, মালয়েশিয়া, কোরিয়া, বেলজিয়াম, এলসালভাদর, স্পেন, ফ্রান্স, ব্রিটেন, আইভরিকোস্ট, ব্রাজিল, জিবুতি, ইতালি ও তাইওয়ানে পাট ও পাটজাত পণ্য রপ্তানি করে থাকে। বাসস।