পাট রপ্তানি বন্ধ বিভ্রান্তিকর পদক্ষেপ
বস্ত্র ও পাট মন্ত্রণালয় ৭ ডিসেম্বর এক প্রজ্ঞাপনের মাধ্যমে (পাট অধ্যাদেশ ১৯৬২-এর ৪ ও ১৩ ধারা প্রয়োগ করে) অভ্যন্তরীণ বাজারে প্রয়োজনীয় কাঁচা পাট সরবরাহ নিশ্চিতকরণে গুরুত্ব বিবেচনায় পুনরাদেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের কাঁচা পাট রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। একই প্রজ্ঞাপনে রপ্তানির জন্য বন্দরে আনা হয়েছে, কিন্তু জাহাজীকরণ হয়নি—এরূপ পাটও (কাঁচা ও পাকা বেল) নিষেধাজ্ঞার আওতাভুক্ত করা হয়েছে। অনেকটা হঠাত্ করেই এই প্রজ্ঞাপন জারি করা হয়। কাঁচা পাট ব্যবসায়ী ও রপ্তানিকারকদের বা তাঁদের প্রতিনিধিত্বকারী সংগঠন বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশনের (বিজেএ) সঙ্গে এ বিষয়ে আগে কোনো আলাপ-আলোচনা হয়নি। অথচ এই ব্যবসায়ী ও রপ্তানিকারকেরা রপ্তানি নিষেধাজ্ঞা জারির আগে চলতি অর্থবছরের জুলাই-নভেম্বর সময়কালে বিশ্বের ২০টি দেশে আট লাখ ৭৭ হাজার বেল কাঁচা পাট রপ্তানি করে ৫২৯ কোটি টাকার বিদেশি মুদ্রা অর্জন করেছেন।আবার এঁরাই প্রতিবছর মৌসুমের শুরুতে উপযুক্ত মূল্য প্রদান করে পাটচাষিদের কাছ থেকে লাখ লাখ মন কাঁচা পাট কেনেন। অথচ তখন সরকারি-বেসরকারি পাটকলগুলো পাট ক্রয়ে এগিয়ে আসতে পারে না। পাট খাতের বিভিন্ন ক্রান্তিলগ্নে বিশেষ করে সরকারি পাটকলগুলোর পাটের অভাবের সময়ে পাট ব্যবসায়ী ও রপ্তানিকারকেরাই পাট সরবরাহ করে এসেছেন। তাঁরা অভ্যন্তরীণ পাটকলগুলোর চাহিদা মিটিয়ে বিদেশে পাট রপ্তানি করে আসছেন। আজ থেকে ২৫ বছর আগেও এ রকম একটি ভ্রান্ত ও হঠকারী সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ১৯৮৪ সালের ১৯ অক্টোবর বিজেএর সঙ্গে কোনো আলাপ-আলোচনা ছাড়া হঠাত্ করে পাট রপ্তানি বন্ধ করা হয়। কারণ হিসেবে তখন বন্যায় পাটের উত্পাদন হ্রাসের কথা বলা হয়েছিল। অথচ বছর শেষে দেখা যায় যে প্রায় ১০ লাখ বেল পাট বাড়তি রয়েছে। সেই সময় পাটের অভাবে অনেক বিদেশি কারখানা সিনথেটিকের দিকে ঝুঁকে পড়ে। দেশীয় পাট ব্যবসায়ী ও রপ্তানিকারকেরাও কোটি কোটি টাকা লোকসান দেন।দীর্ঘ ২৫ বছর পর আবারও সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটল, যা কোনোভাবেই কাম্য ছিল না। বলা হয়েছে, কাঁচা পাট সরবরাহ নিশ্চিত করতে এই নিষেধাজ্ঞা। বিজেএর হিসাব অনুসারে, ২০০৮-২০০৯ মৌসুমে উদ্বৃত্ত পাট আনুমানিক সাত লাখ বেল। আর ২০০৯-২০১০ মৌসুমে উত্পাদন ৫৭ লাখ বেল পাট। তাহলে চলতি মৌসুমেই প্রাপ্তি দাঁড়ায় প্রায় ৬৪ লাখ বেল। এর মধ্যে এ পর্যন্ত মোট অভ্যন্তরীণ বাজারজাত হয়েছে ৩৮ লাখ বেল আর মজুদ রয়েছে ২৬ লাখ বেল। পাটকলগুলোর প্রয়োজন ১৬ লাখ বেল। দেশে গৃহস্থালি ব্যবহার হয় দুই লাখ বেল। তাহলে বাড়তি থাকছে আট লাখ বেল। সে ক্ষেত্রে রপ্তানি বন্ধের কোনো যুক্তি নেই।আবার কাঁচা পাট রপ্তানি বন্ধের কারণে বিশ্বের প্রধান প্রধান ক্রেতা ভারত, চীন, পাকিস্তানসহ অন্যান্য দেশে এর বিরূপ প্রতিক্রিয়া পড়বে। ওই দেশের কারখানাগুলো সংগত কারণে বাংলাদেশের কাঁচা পাটের ওপর আস্থা হারিয়ে ফেলবে। ফলে ভবিষ্যতে বাংলাদেশ বাজার হারাবে।পাট রপ্তানি বন্ধ ঘোষণার পর থেকে বিজেএর প্রতিনিধিরা কয়েক দফা বৈঠক করেছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর সঙ্গে। মন্ত্রী মহোদয় বিজেএমসির মিলগুলোকে চার লাখ বেল পাট সরবরাহ করার শর্তে এ রপ্তানি নিষেধাজ্ঞা প্রত্যাহারের আশ্বাস দিয়েছিলেন। ইতিমধ্যে বিজেএর সদস্যরা অনেকেই পাট সরবরাহ দিতে শুরু করেছে। অন্যদিকে ৩ জানুয়ারি বস্ত্র ও পাট মন্ত্রণালয় আরেকটি প্রজ্ঞাপনে ৭ ডিসেম্বর পর্যন্ত ১৬টি ব্যাংকের রপ্তানির জন্য খোলা ঋণপত্রের বিপরীতে বর্তমানে বন্দরে অপেক্ষমাণ শুধু কাঁচা পাট রপ্তানির নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। বিটিআর ক্যাটাগরির পাটে এই ছাড় প্রযোজ্য হবে না। তবে এর আগেই মন্ত্রী মহোদয় গণমাধ্যমের কাছে জানিয়েছিলেন যে রপ্তানি বন্ধের সিদ্ধান্তের ফলে কাঁচা পাটের আন্তর্জাতিক বাজার নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এর সঙ্গে আরও কিছু বিষয় বিবেচনায় নিয়ে রপ্তানি বন্ধের সিদ্ধান্তটি প্রত্যাহার করা হচ্ছে (দৈনিক ইত্তেফাক, ০২-০১-২০১০)। উল্লেখ্য, কাঁচা পাট রপ্তানি বন্ধের প্রজ্ঞাপন জারির পর এর সামগ্রিক প্রতিক্রিয়া বিস্তারিত জানিয়ে বিজেএর পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে লিখিতভাবে অবহিত করা হয়। আমরা আশা করি, প্রধানমন্ত্রী এ বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নেবেন। পাশাপাশি পাকিস্তান আমলের তৈরি করা ১৯৬২-এর পাট অধ্যাদেশ বাতিল করাও এখন জরুরি হয়ে পড়েছে।লেখক: সাবেক চেয়ারম্যান, বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশন। [email protected]