পাট রপ্তানিতে বড় উল্লম্ফন
বাংলাদেশের পণ্য রপ্তানি আয়ের ক্ষেত্রে পাট ও পাটজাতসামগ্রীর অবস্থান আবার জোরালো হয়ে উঠছে। শেষ হয়ে যাওয়া ২০০৯-১০ অর্থবছরে পাট ও পাটজাত দ্রব্য রপ্তানি থেকে বাংলাদেশের আয় হয়েছে ৭৩ কোটি ৬৪ লাখ ডলার। আর এই সময়কালে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ছিল ৪৩ কোটি ৮২ লাখ ডলার।অর্থাৎ লক্ষ্যমাত্রার চেয়ে ৬৮ শতাংশ বেশি পাট ও পাটজাত পণ্য রপ্তানি করা হয়েছে গত অর্থবছর। এর ফলে তৈরি পোশাক খাতের পর সার্বিক পাট খাত বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানিমুখী খাতে পরিণত হয়েছে। তার আগের অর্থবছর পাট ও পাটজাত পণ্য রপ্তানি করে বাংলাদেশের আয় হয়েছিল ৪১ কোটি ৭৪ লাখ ডলার। অর্থাৎ ২০০৮-০৯ অর্থবছরের তুলনায় ২০০৯-১০ অর্থবছরে পাট ও পাটজাত পণ্যের সার্বিক রপ্তানি বেড়েছে প্রায় সাড়ে ৭৬ শতাংশ।রপ্তানি উন্নয়ন ব্যুরোর পরিসংখ্যান থেকে আরও দেখা যায়, আলোচ্য অর্থবছরে কাঁচা পাট রপ্তানি করে আয় হয়েছে ১৯ কোটি ৬২ লাখ ডলার। আর পাট-সুতা ও টোয়াইন রপ্তানি করে আয় হয়েছে ৩৯ কোটি ৭৭ লাখ ডলার।এর মধ্যে কাঁচা পাট রপ্তানি হয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে ২৬ দশমিক ১৫ শতাংশ। ২০০৮-০৯ অর্থবছরে কাঁচা পাট রপ্তানির পরিমাণ ছিল ১৪ কোটি ৮১ লাখ ডলার। বাংলাদেশ থেকে যেসব দেশ কাঁচা পাট নেয় সেই তালিকার শীর্ষে আছে চীন। চীন বিদায়ী ২০০৯-১০ অর্থবছরে বাংলাদেশ থেকে প্রায় পাঁচ লাখ বেল বা ২৫ লাখ মণ পাট কিনেছে। এর পর বাংলাদেশি কাঁচা পাটের বড় ক্রেতা হচ্ছে পাকিস্তান। পাকিস্তান উল্লিখিত সময়ে বাংলাদেশ থেকে চার লাখ ২০ হাজার বেল পাট কিনেছে। এ ছাড়া গত ডিসেম্বরে পাকিস্তান বাংলাদেশ থেকে ৪২৫ কোটি টাকা মূল্যের ছয় কোটি ৬৩ লাখ ৩৫ হাজার পাটের বস্তা কেনার আগ্রহ প্রকাশ করেছে। দেশটির পাঞ্জাব রাজ্যের খাদ্য বিভাগ এই পরিমাণ ব্যাগ ক্রয়ের ব্যাপারে বাংলাদেশের সরকারি ও বেসরকারি মিলের সঙ্গে যোগাযোগ করে। তবে এত বড় পরিমাণ পাটের ব্যাগ সরবরাহ করার ক্ষমতা না থাকায় পরে তা ফিরিয়ে দেয় বিজেএমসি। চীন ও পাকিস্তানের পরই বাংলাদেশ থেকে বেশি পরিমাণ পাট পণ্য কেনে প্রতিবেশী রাষ্ট্র ভারত। বিদায়ী অর্থবছরে তারা বাংলাদেশ থেকে কাঁচা পাট কিনেছে প্রায় তিন লাখ ২৫ লাখ বেল। এ ছাড়া লাতিন আমেরিকার দেশ ব্রাজিল বাংলাদেশ থেকে কাঁচা পাট কিনে থাকে। ২০০৯-১০ অর্থবছরে তারা বংলাদেশ থেকে প্রায় ৬৫ লাখ বেল পাট কিনেছে। আফ্রিকার দেশ আইভরি কোস্টও বাংলাদেশ থেকে গত অর্থবছরে প্রায় ৬০ লাখ বেল পাট কিনেছে।বিশ্ববাজারে পাটের চাহিদা ও দাম দুই-ই বেড়ে যাওয়ায় বাংলাদেশ থেকে রপ্তানি বাড়ছে বলে মনে করা হচ্ছে। অবশ্য ২০০৭-০৮ অর্থবছরের তুলনায় ২০০৮-০৯ অর্থবছরে কাঁচা পাট ও পাটজাত পণ্য রপ্তানি দুই-ই কমে গিয়েছিল। আর তাই ২০০৯-১০ অর্থবছরের রপ্তানি বৃদ্ধি তুলনামূলকভাবে অধিক স্ফীত দেখাচ্ছে।যোগাযোগ করা হলে সেন্টার ফর পলিসি ডায়ালগের গবেষক খন্দকার গোলাম মোয়াজ্জেম প্রথম আলোকে বলেন, ‘বাংলাদেশের কাঁচা পাট প্রধানত যাচ্ছে ভারতে। ভারতে এই পাটের কিছু অংশ সরাসরি আর কিছু অংশ প্রক্রিয়াজাত পণ্যে ব্যবহূত হচ্ছে। অন্যদিকে ইয়ার্ন ও টোয়াইন যাচ্ছে মূলত ইউরোপ ও আমেরিকায়, সেখানকার গৃহস্থালী ব্যবহার্য পণ্যে উপকরণ হিসেবে ব্যবহূত হওয়ার জন্য।’গোলাম মোয়াজ্জেম বলেন, যেহেতু বিশ্ব মন্দার পর ইউরোপ ও আমেরিকার অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে, সেহেতু সেখানে চাহিদাও বাড়ছে। এর একটা ইতিবাচক প্রভাব বাংলাদেশি পাট রপ্তানির ওপর পড়েছে বলে মনে করা যেতে পারে।এ ছাড়া বিশ্বজুড়েই পরিবেশবান্ধব পণ্য ব্যবহারের প্রবণতা দিন দিন বাড়ছে। সেই ধারাবাহিতায়ও বাংলাদেশি পাট ও পাটজাত পণ্যের চাহিদা কিছুটা বেড়েছে বলে মনে করা যায়।তবে কাঁচা পাট রপ্তানি বেড়ে চললে তা আবার একটা পর্যায়ে গিয়ে দেশীয় কারখানাগুলোর জন্য সংকট তৈরি করতে পারে বলে আশঙ্কা রয়েছে। এ প্রসঙ্গে গোলাম মোয়াজ্জেম বলেন, ‘দেশীয় কারখানাগুলো এখনো তাদের সক্ষমতার ৫০ শতাংশের কম ব্যবহার করছে। সক্ষমতার ব্যবহার বাড়ালে দেশীয়ভাবেই কাঁচা পাটের চাহিদা বাড়বে। আবার সরকার যে পাট দিয়ে মোড়কের জন্য বাধ্যবাধকতার আইন পাস করতে যাচ্ছে, এটি বাস্তবায়ন শুরু হলে স্বাভাবিকভাবেই দেশে পাটের চাহিদা বাড়বে। সে ক্ষেত্রে রপ্তানি কিছুটা কমে যেতে পারে।’