পাটকলের পাওনা নিয়ে সাধারণ বীমার গড়িমসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদালতের নির্দেশ সত্ত্বেও সাধারণ বীমা করপোরেশন খুলনার আফিল জুট মিলের বিমাদাবি পরিশোধ করছে না। এ নিয়ে সমঝোতা প্রক্রিয়া শুরু হলেও বিমা কর্তৃপক্ষ সময়ক্ষেপণ করে চলেছে এবং ক্ষতিপূরণের টাকা পরিশোধে উল্টো ‘অনৈতিকভাবে অর্থ’ দাবি করেছে বলে অভিযোগ উঠেছে।অন্যদিকে, সাধারণ বীমা করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. রেজাউল করীম প্রথম আলোকে বলেন, ‘আদালতের নির্দেশ অনুসারে আফিল জুট মিলের পাওনা পরিশোধ করা হবে। এ ব্যাপারে তাদের ব্যারিস্টারের মাধ্যমে একটা সমঝোতা প্রক্রিয়া চলছে। ৭ মে আফিল জুট মিল কর্তৃপক্ষের সঙ্গে একটি সমঝোতা বৈঠক হয়েছে।’ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে সাধারণ বীমার কেউ কোনো অর্থ দাবি করেননি বলে রেজাউল করীম জানান।আফিল জুট মিলের ব্যবস্থাপনা পরিচালক শেখ আকরাম হোসেন প্রথম আলোকে জানান, ‘বৈঠকে আমাদের সাত দিনের মধ্যে একটি প্রস্তাব দিতে অনুরোধ করা হয়েছে। এ প্রস্তাব সাধারণ বীমা কর্তৃপক্ষের বোর্ডে গৃহীত হলে তারা আমাদের পাওনা টাকা পরিশোধ করবে।’আকরাম হোসেন আরও বলেন, ‘আমরা আদালতের নির্দেশনা অনুযায়ী ক্ষতিপূরণ পেতে আগ্রহী। সাধারণ বীমা কর্তৃপক্ষ আদালতের নির্দেশ বাস্তবায়ন না করে নানা টালবাহানা করে সময়ক্ষেপণ করছে।’জানা গেছে, আফিল জুট মিলের বিমাদাবির টাকা পরিশোধ না করায় সাধারণ বীমার খুলনা কার্যালয়ের দোতলা ভবনসহ ২০ কাঠা জমি নিলামে রয়েছে উচ্চ আদালতের নির্দেশে। গত বছরের ১৪ জুলাই নিলামের দিন ধার্য ছিল। কিন্তু সাধারণ বীমা কর্তৃপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে নিলামের সময় বাড়ানো হয়েছে।২০১১ সালের নভেম্বর পর্যন্ত সাধারণ বীমার কাছে আফিল জুট মিলের পাওনা ছিল তিন কোটি ৩৫ লাখ ছয় হাজার ৯৯০ টাকা সাত পয়সা।মামলার বিবরণে জানা যায়, আফিল জুট মিলের পাটে আগুন লাগার ক্ষতিপূরণকে কেন্দ্র করে ব্যাংক সুদের হার নিয়ে আফিল জুট মিলের সঙ্গে সাধারণ বীমা করপোরেশনের বিরোধ সৃষ্টি হয়, যে কারণে আফিল জুট মিল খুলনার যুগ্ম জেলা জজ প্রথম আদালতে ১৯৯৮ সালে মোকদ্দমা করে। ওই আদালত ২০১০ সালের ২২ এপ্রিল আফিল জুট মিলের পক্ষে দুই কোটি ৮২ লাখ ২১ হাজার ৩৬৩ টাকা দেওয়ার নির্দেশ দেন। এ রায়ের বিরুদ্ধে সাধারণ বীমা উচ্চ আদালতে আপিল করলে প্রথমে হাইকোর্ট ও পরে সুপ্রিম কোর্ট নিম্ন আদালতের রায় বহাল রাখেন এবং সুদাসলসহ টাকা পরিশোধের নির্দেশ দেন।জানা গেছে, উচ্চ আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে যুগ্ম জেলা জজ প্রথম আদালত ২০১১ সালের ২৭ জুন প্রথম আলো পত্রিকায় সাধারণ বীমার খুলনার দোতলা ভবনসহ ২০ কাঠা জমি নিলামে দেওয়ার বিজ্ঞপ্তি প্রকাশ করে।এই অবস্থায় সাধারণ বীমার মহাব্যবস্থাপক টি এম জাহেদ এক চিঠির মাধ্যমে আফিল জুট মিলের ব্যবস্থাপনা পরিচালককে গত ৯ এপ্রিল সমঝোতা বৈঠকে বসার প্রস্তাব দেন। কিন্তু বিমা কর্তৃপক্ষ অনৈতিকভাবে অর্থ দাবি করায় সমঝোতা হয়নি বলে আফিল জুট মিলের পক্ষ থেকে জানানো হয়।