পাটকলের ব্যবস্থাপনায় অন্তর্ভুক্তি চান শ্রমিকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের বিভিন্ন পাটকলে লোকসানের জন্য সেগুলোর ব্যবস্থাপনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দায়ী করেছেন পাটকল শ্রমিকনেতারা।বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় পরিচালিত এক গবেষণার উদ্ধৃতি দিয়ে শ্রমিকনেতারা বলছেন, পাটকলে লোকসানের জন্য শ্রমিকেরা মাত্র ১ দশমিক ৭ শতাংশ ক্ষেত্রে দায়ী। আর প্রায় ৯৮ শতাংশের জন্য দায়ী প্রতিষ্ঠানগুলোর ব্যবস্থাপনা পরিষদ।এই অবস্থায় শ্রমিকনেতারা পাটকল ব্যবস্থাপনায় তাঁদের অন্তর্ভুক্তি দাবি করেছেন। তাঁরা বলেছেন, এটি করা গেলে শ্রমিকেরা পাটকলকে নিজের মনে করে কাজ করতে পারবেন। গতকাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে অনুষ্ঠিত এক সেমিনারে শ্রমিকনেতারা এই দাবি জানান। দক্ষিণ এশীয় সামাজিক ফোরামের পাঁচ দিনব্যাপী অনুষ্ঠানের অংশ হিসেবে এটি আয়োজন করা হয়।সেমিনারে পাট ও পাটশিল্প রক্ষা কমিটির সাধারণ সম্পাদক খালেদ হোসেন বলেন, সরকারি ও বেসরকারি পর্যায় থেকে প্রায় এক দশক ধরে প্রচারণা চালানো হয়েছে যে শ্রমিকদের ঠিকমতো কাজ না করা ও তাঁদের দুর্নীতির কারণেই পাটকলগুলো লোকসান দিচ্ছে। এটা মোটেও সত্য নয়।কৃষক থেকে পাটকল পর্যন্ত প্রায় দেড় কোটি মানুষ পাট খাতের সঙ্গে জড়িত উল্লেখ করে খালেদ হোসেন বলেন, ‘রাষ্ট্রের মালিকানায় মিল চালানোর ক্ষেত্রে সরকারের সদিচ্ছা প্রয়োজন। পাটকলগুলোকে পিপিপির (সরকারি-বেসরকারি অংশীদারি) আওতায় দিয়ে দেওয়ার কথা শোনা যাচ্ছে। এটা আমরা কোনোভাবেই মেনে নেব না।’পিপলস জুট মিলসের শ্রমিক সংগঠনের সাবেক সভাপতি ফরিদুল হক বলেন, স্বাধীনতার পর পাটকলগুলোতে ৩৫ শতাংশ ভর্তুকি দেওয়া হতো। কিন্তু তা কমাতে কমাতে ২০০৭ সালে মাত্র ৫ শতাংশে দাঁড়ায়। তবে বর্তমান সরকার ভর্তুকির পরিমাণ বাড়িয়ে করেছে ১৫ শতাংশ। খালিশপুর জুট মিলসের শ্রমিকনেতা আবদুল মজিদ বলেন, শ্রমিক ও ব্যবস্থাপনার সঙ্গে জড়িত ব্যক্তিরা যদি পরামর্শ করে সিদ্ধান্ত নেন তাহলে পাটকলে কোনো লোকসান হবে না। তিনি বলেন, মৌসুম অনুযায়ী পাট কেনা এবং পাটকলে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে।বাংলাদেশের পাট খাতের প্রেক্ষাপটে ‘শিল্প খাতে অধিকারভিত্তিক ব্যবস্থাপনা’ নিয়ে অস্ট্রেলিয়ার আর এম আই টি বিশ্ববিদ্যালয়ে গবেষণা করছেন ফাহরিন আলমগীর। গবেষণাটি তুলে ধরতে গিয়ে তিনি বলেন, ‘পাটকলের মালিকানা অবশ্যই সরকারের থাকবে। কিন্তু শ্রমিকদেরও সমানভাবে ব্যবস্থাপনায় অংশ নেওয়ার সুযোগ দিতে হবে। বিশেষ করে পাট কেনা ও যন্ত্রপাতি স্থাপনের ক্ষেত্রে তাঁদের মতামতকে গুরুত্ব দিতে হবে।’ফাহরিন পাটকলগুলোকে স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা এবং এগুলোকে আর্থিক স্বায়ত্তশাসন দেওয়ার প্রস্তাব করেন।সেমিনারের সঞ্চালক ও ইনসিডিন বাংলাদেশের নির্বাহী পরিচালক এ কে এম মাসুদ আলী বলেন, অধিকারভিত্তিক ব্যবস্থাপনা প্রতিষ্ঠা করতে হলে শ্রমিকদের রাজনৈতিক সচেতনতা থাকতে হবে। তিনি বলেন, সরকারি নীতি যদি তার স্থায়ী দর্শনের অংশ না হয়, তাহলে সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে নীতিরও পরিবর্তন হয়। যা হয়েছে পাট খাতের ক্ষেত্রে।