পাটখড়ির ছাই রপ্তানি কার্যত বন্ধ
পাটখড়ির ছাই বা ‘জুট স্টিক চারকোল’ রপ্তানি আয় ছয় বছরে প্রায় ৪৯ গুণ বেড়েছিল। রপ্তানিতে ভালো সম্ভাবনা দেখে অনেকেই পাটখড়ির ছাই উৎপাদনে বিনিয়োগ করেন। তবে একাধিকবার ছাইবাহী কনটেইনারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটায় জাহাজ কোম্পানিগুলো গত ফেব্রুয়ারিতে এই পণ্য পরিবহন বন্ধ করে দেয়। বর্তমানে অল্পকিছু কনটেইনার বিভিন্ন কৌশলে যাচ্ছে। সিংহভাগ রপ্তানি বন্ধ হওয়ায় কারখানার গুদামে আড়াই হাজার টন পাটখড়ির স্তূপ জমেছে।
পাটখড়ির ছাইয়ের প্রধান ক্রেতা চীন। গত সাত বছরে এ খাতে রপ্তানি আয়ের ৯৮ শতাংশই এসেছে চীন থেকে। এর বাইরে নয়টি দেশ থেকে আসে ২ শতাংশ। বাংলাদেশ থেকে পণ্য না পেয়ে চীন এখন ইন্দোনেশিয়া, ফিলিপাইন ও ভারতমুখী হয়েছে। ফলে রপ্তানি পণ্যের প্রধান বাজারও হাতছাড়া হয়ে যাচ্ছে বলে জানান পাটখড়ির ছাই উৎপাদনকারী কারখানার মালিকেরা।
খোঁজ নিয়ে জানা যায়, গত জানুয়ারিতে চীনের হুনান প্রদেশের চাংশা বন্দর ও মালয়েশিয়ার পোর্ট কেলাং বন্দরে ছাইবাহী কনটেইনারে আগুন ধরে যায়। চট্টগ্রামে দুটি ডিপোতে ছাইবাহী কাভার্ড ভ্যানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ছাই ঠান্ডা হওয়ার আগে তাড়াহুড়া করে প্যাকেটজাত করায় এ ঘটনা ঘটে। এরপর গত ফেব্রুয়ারির শেষ দিক থেকে এই পণ্য পরিবহন বন্ধ করে দিতে থাকে জাহাজ কোম্পানিগুলো। এতে চট্টগ্রামে আটকা পড়ে ৪০ কনটেইনার। পরে এসব কনটেইনারের পণ্য ফেরত নিয়ে যান রপ্তানিকারকেরা।
রপ্তানিকারকেরা জানান, অগ্নিকাণ্ডের ঝুঁকি থাকায় পাটখড়ির ছাই ডিজি কার্গো (বিপজ্জনক পণ্য) হিসেবে পরিবহন করতে চাইছে জাহাজ কোম্পানিগুলো। সে ক্ষেত্রে এসব পণ্যবাহী কনটেইনার পরিবহনের সময় বিশেষ সতর্কতা নিতে হবে। ভাড়াও গুনতে হবে বেশি। এরপরও কীভাবে পরিবহন করতে হবে সে বিষয়ে কোনো ব্যবস্থা না নিয়ে জাহাজ কোম্পানিগুলো একতরফাভাবে এই পণ্য পরিবহন বন্ধ করেছে।
প্রস্তাবিত বাংলাদেশ চারকোল উৎপাদক ও রপ্তানিকারক সমিতির আহ্বায়ক মির্জা জিল্লুর রহমান বলেন, জাহাজ কোম্পানিগুলোর সঙ্গে দুই দফা বৈঠক করেও সুরাহা হয়নি। জাহাজ কোম্পানির অনীহায় উদীয়মান খাতটি এখন থুবড়ে পড়েছে।
জটিলতা নিরসনে বস্ত্র ও পাটমন্ত্রী মির্জা আজমের কাছে গত ২৮ মে চিঠি দিয়ে হস্তক্ষেপ চেয়েছে রপ্তানিকারক সমিতিটি। এতে বলা হয়, রপ্তানি বন্ধ থাকায় কারখানাগুলোতে ৪০০ কনটেইনারের সমান পণ্য ও রপ্তানির অপেক্ষায় ৪০ কনটেইনার পণ্য আটকা পড়েছে। এ অবস্থায় সিঙ্গাপুরে জাহাজ কোম্পানির মূল কার্যালয়ে গিয়ে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বৈঠক করতে বিষয়টি সুরাহার অনুরোধ জানানো হয়।
বাংলাদেশ শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি আহসানুল হক চৌধুরী বলেন, ‘অগ্নিকাণ্ডের ঝুঁকি থাকায় জাহাজ ও কনটেইনারের মূল মালিকপক্ষ এই পণ্য পরিবহনে রাজি হচ্ছে না। উদীয়মান খাত হিসেবে আমরা চেষ্টা করেও পারিনি।’
খোঁজ নিয়ে জানা যায়, নারায়ণগঞ্জ, ফরিদপুর, জামালপুর, কুড়িগ্রাম, পাবনাসহ বিভিন্ন এলাকায় গড়ে ওঠা চারকোল কারখানার বিশেষ চুল্লিতে পাটকাঠি পুড়িয়ে ছাই করা হয়। তিন থেকে চার দিন পর চুল্লির ঢাকনা খুলে ছাই সংগ্রহ করে অন্তত ছয় দিন ঠান্ডা করতে হয়। এসব ছাইয়ের মধ্যে গড়ে ৭৫ শতাংশ পর্যন্ত কার্বন উপাদান থাকে। টনপ্রতি ৫০০ থেকে ১ হাজার ৭০ ডলারে রপ্তানি হচ্ছে এই পণ্য। পাটখড়ির ছাইয়ে থাকা কার্বন পাউডার দিয়ে প্রসাধন সামগ্রী, ব্যাটারি, কার্বন পেপার, পানির ফিল্টারের উপাদান, দাঁত পরিষ্কার করার ওষুধ ও ফটোকপি মেশিনের কালি তৈরি করা হয়।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, ২০১০-১১ অর্থবছরে ৪৭ হাজার ৭৫২ ডলার রপ্তানি আয় থেকে গত ২০১৫-১৬ অর্থবছরে বেড়ে দাঁড়ায় ২৩ লাখ ৫৩ হাজার ডলারে।
কাস্টমস সূত্র জানায়, বর্তমানে ২৭টি রপ্তানিমুখী কারখানা পাটকাঠির ছাই রপ্তানি করছে। পাটখড়ির ছাই রপ্তানিতে সরকার গত সেপ্টেম্বরে ২০ শতাংশ প্রণোদনা ঘোষণা দেয়। এরপরই দ্রুত এ খাতে যুক্ত হয় আরও ১৩-১৫টি কারখানা। গত নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত প্রতি মাসে গড়ে ৩৫টি চালানে ১ হাজার ২৩৩ টন করে রপ্তানি হয়। এরপর থেকে ভাটা পড়ে যায় এ খাতে। সব কটিতে এখন উৎপাদন বন্ধ রয়েছে।
কুড়িগ্রামে ‘চারকোল মিল অ্যান্ড স্টোর’ কারখানা জানুয়ারিতে সর্বশেষ ৩৭ টনের একটি চালান রপ্তানি করে। এরপর থেকে রপ্তানি করতে না পারায় গত ফেব্রুয়ারি থেকে উৎপাদন বন্ধ করে দিয়েছে প্রতিষ্ঠানটি। কারখানার ৩৫ জন কর্মীর মধ্যে জনবল কমিয়ে ৮-১০ জনে নামিয়ে আনা হয়েছে বলে জানালেন প্রতিষ্ঠানের কর্ণধার মাসুদুল ইসলাম।
চারকোলের রপ্তানির সম্ভাবনা দেখে ফরিদপুরে এক কোটি টাকা বিনিয়োগে চায়না বাংলা এগ্রো প্রোডাক্টস নামে নতুন কারখানা গড়ে তুলেছিলেন সালাউদ্দিন মিয়া। তিনি বলেন, ছয় চুল্লির এই কারখানার মাসিক উৎপাদন ক্ষমতা ৬০ টন। গত মার্চে প্রথম চালানে ২২ টন পাটখড়ির ছাই উৎপাদন হয়। চীনে ক্রেতা থাকলেও জাহাজ কোম্পানিগুলোর অনীহায় শুরুতেই উৎপাদন বন্ধ করে দিতে হয়েছে।