পাটজাত পণ্য রপ্তানির ভর্তুকি পেতে বাণিজ্য সংগঠনের প্রত্যয়ন লাগবে
পাটজাত পণ্য রপ্তানির বিপরীতে নগদ ভর্তুকি পাওয়ার ক্ষেত্রে এখন থেকে সংশ্লিষ্ট বাণিজ্য সংগঠনের প্রত্যয়ন বাধ্যতামূলক করা হয়েছে। প্রধানত, পণ্যের সঠিক মূল্য ও পরিমাণ এবং বিদেশি ক্রেতার বিশ্বাসযোগ্যতার বিষয়ে রপ্তানিকারকদের বাংলাদেশ জুট মিলস অ্যাসোসিয়েশন (বিজেএমএ) অথবা বাংলাদেশ জুট স্পিনার্স অ্যাসোসিয়েশনের (বিজেএসএ) প্রত্যয়নকৃত সনদপত্র সংগ্রহ করতে হবে। বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ গত রোববার এসব নির্দেশনা-সংক্রান্ত এক সার্কুলার জারি করেছে। মূলত, ২০১০ সালের আগস্টে পাটজাত পণ্যের রপ্তানির বিপরীতে নগদ ভর্তুকিবিষয়ক সার্কুলারে কিছু সংশোধন এনে নতুন এই সার্কুলার জারি করা হয়েছে।বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনায় বলা হয়েছে, আগামী এক বছর বিজেএমএ এবং বিজেএসএ তাদের সদস্যদের পক্ষে প্রত্যয়ন সনদপত্র ইস্যু করবে। আর প্রতিষ্ঠান দুটির সনদ ইস্যু করার কাজ পর্যালোচনা করবে বস্ত্র ও পাট মন্ত্রণালয়।সার্কুলার অনুযায়ী, টিটির (টেলিগ্রাফিক ট্রান্সফার) মাধ্যমে অগ্রিম মূল্য পরিশোধের শর্তটি রপ্তানি ঋণপত্রে-চুক্তিপত্রে সুনির্দিষ্টভাবে উল্লেখ থাকতে হবে। পাকিস্তান, হংকং ও সিঙ্গাপুর ছাড়া অন্যান্য দেশে পণ্য রপ্তানির ক্ষেত্রে টিটির মাধ্যমে অগ্রিম মূল্য প্রত্যাবাসনের বিপরীতে নগদ ভর্তুকির জন্য আবেদন করা যাবে। সার্কুলারে আরও বলা হয়, পণ্য জাহাজিকরণের আগে অগ্রিম টিটির বিপরীতে সম্পূর্ণ মূল্য প্রত্যাবাসিত হলে পণ্য জাহাজিকরণের ১৮০ দিনের মধ্যে সংশ্লিষ্ট ব্যাংকের শাখায় নগদ ভর্তুকির আবেদন করতে হবে। অন্যদিকে পণ্য জাহাজিকরণের আগে রপ্তানি মূল্য আংশিক প্রত্যাবাসিত ও পণ্য জাহাজিকরণের পর অবশিষ্ট মূল্য প্রত্যাবাসিত হলে ওই অবশিষ্ট মূল্য প্রত্যাবাসনের তারিখ থেকে ১৮০ দিনের মধ্যে সংশ্লিষ্ট ব্যাংকের শাখায় নগদ ভর্তুকির আবেদন করতে হবে। তবে এই সার্কুলার জারির তারিখ (১৭ জুলাই, ২০১১) থেকে আবেদন দাখিলের জন্য নির্দেশিত সময়সীমা পার হলে সার্কুলার জারির ৬০ দিনের মধ্যে নগদ ভর্তুকির আবেদন বিবেচনাযোগ্য হবে।সার্কুলার অনুযায়ী, অগ্রিম টিটি কিংবা রপ্তানি বিল সংগ্রহ—উভয় ক্ষেত্রেই নগদ ভর্তুকি দেওয়ার আগে বাংলাদেশ ব্যাংক অনুমোদিত নিরীক্ষক প্রতিষ্ঠানের মাধ্যমে মূল্য প্রত্যাবাসন ও নগদ ভর্তুকি-সম্পর্কিত সব দলিল যাচাই-বাছাই করে ভর্তুকির অর্থ প্রদান করা হবে। তবে নিরীক্ষা কার্যক্রম শেষ হওয়ার আগে নগদ ভর্তুকি বাবদ পাওয়া অর্থের ৭০ শতাংশ তা ৎ ক্ষণিকভাবে এবং অবশিষ্ট ৩০ শতাংশ নিরীক্ষা শেষে পরিশোধের ক্ষেত্রে আগের সরকারি নির্দেশনা অনুসারে প্রদান করা হবে।বাংলাদেশ ব্যাংক আরও বলেছে, তা ৎ ক্ষণিকভাবে অর্থ ছাড়ের প্রক্রিয়াটি সঠিক না হলে এবং নিরীক্ষক প্রতিষ্ঠান এ বিষয়ে সন্দেহ পোষণ করলে কিংবা প্রত্যয়ন না করলে সংশ্লিষ্ট ব্যাংক এ জন্য দায়ী থাকবে।