পাটপণ্য প্রদর্শন ও বিক্রয়কেন্দ্র চালু
রাজধানীর জেডিপিসি ভবনের দ্বিতীয় তলায় বহুমুখী পাটপণ্যের প্রদর্শনী ও বিক্রয়কেন্দ্র চালু করা হয়েছে। দেশি-বিদেশি ক্রেতারা স্থায়ী এই কেন্দ্র থেকে পাটপণ্য কিনতে পারবেন।
বস্ত্র ও পাটমন্ত্রী মুহা. ইমাজ উদ্দিন প্রামাণিক গতকাল বৃহস্পতিবার বহুমুখী পাটপণ্যের প্রদর্শনী ও বিক্রয়কেন্দ্রের উদ্বোধন করেন। জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টারের (জেডিপিসি) সম্মেলনকক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব শুভাশীষ বসু ও অতিরিক্ত সচিব গোপাল কৃষ্ণ ভট্টাচার্য, পাট অধিদপ্তরের মহাপরিচালক মোছলেহ উদ্দিন, জেডিপিসির নির্বাহী পরিচালক নাসিমা বেগম প্রমুখ।
মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের বিভিন্ন অঞ্চলে বহুমুখী পাটপণ্য উৎপাদিত হয়। তবে নির্দিষ্ট কোনো বিক্রয়কেন্দ্র না থাকায় দেশি-বিদেশি বড় ক্রেতারা এসব পণ্য সম্পর্কে জানতে পারতেন না। ফলে ক্ষতিগ্রস্ত হতেন ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা। এ জন্য স্থায়ীভাবে বহুমুখী পাটপণ্যের প্রদর্শন ও বিক্রয়কেন্দ্র স্থাপনের উদ্যোগ নিয়েছে জেডিপিসি। প্রাথমিকভাবে ১৩৫টি পাটপণ্যের প্রদর্শনী শুরু হয়েছে।
মন্ত্রী মুহা. ইমাজ উদ্দিন প্রামাণিক বলেন, পাটের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে সরকার। বহুমুখী পাটপণ্যের প্রদর্শনী ও বিক্রয়কেন্দ্র চালুর মধ্য দিয়ে এটি আবারও প্রমাণিত হলো।
প্রতিমন্ত্রী মির্জা আজম বলেন, কাঁচা পাট ও পাটজাত পণ্যের উৎপাদন ও রপ্তানি বৃদ্ধি, দেশের বাজারে পাটপণ্যের ব্যবহার বৃদ্ধি, পাটের ন্যায্যমূল্য নির্ধারণ ও পরিবেশ রক্ষায় কাজ করছে সরকার। উদ্যোক্তাদের উৎপাদিত বহুমুখী পাটপণ্য এক জায়গায় প্রদর্শন ও বিক্রির উদ্দেশ্যে কেন্দ্রটি স্থাপন করা হয়েছে।