পাটপণ্য বহুমুখীকরণ হলে বিক্রি তিন গুণ বাড়বে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুধু ব্যাগ বা কাপড় নয়, পাট দিয়ে আরও অনেক ধরনের পণ্য উৎপাদন করা সম্ভব। বিশ্ববাজারে চাহিদা বাড়াতে সক্ষম এসব পণ্য রপ্তানি করে বাংলাদেশ প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারে। একই সঙ্গে অভ্যন্তরীণ বাজারেও পাট পণ্য বিক্রি তিন গুণ বাড়ানো সম্ভব হবে। গতকাল সোমবার রাজধানীর আইডিবি ভবনে অনুষ্ঠিত এক দিনব্যাপী কর্মশালায় বক্তারা এসব কথা বলেন। পাটের বহুমুখী ব্যবহারের সম্ভাবনাকে কাজে লাগানোর সম্ভাব্যতা নিয়ে দুটি গবেষণা সমীক্ষাও কর্মশালায় উত্থাপন করা হয়। ইউরোপীয় ইউনিয়নের সহায়তায় ট্রেড ক্রাফট, ক্যাটালিস্ট ও তরঙ্গ যৌথভাবে এই কর্মশালার আয়োজন করে। ‘পাট: টেকসই ভবিষ্যতের জন্য পরিবেশবান্ধব বিকল্প’ শীর্ষক কর্মশালায় উত্থাপন করা গবেষণা প্রবন্ধ উপস্থাপনকালে ইনোভেশন কনসাল্টিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রুবাইয়াৎ সারোয়ার বলেন, বর্তমানে দেশের অভ্যন্তরীণ বাজারে ২০ কোটি ও আন্তর্জাতিক বাজারে ৮১ কোটি টাকার বহুমুখী পাট পণ্য রপ্তানি হয়। এর মধ্যে ৬১ শতাংশ শুধু ব্যাগ। কিন্তু আন্তর্জাতিক ও দেশীয় বাজারে পাট দিয়ে তৈরি নিত্যপ্রয়োজনীয় ও শৌখিন পণ্যের প্রচুর চাহিদা রয়েছে।প্রধান অতিথির বক্তব্যে পাট কমিশনের চেয়ারম্যান ও অর্থনীতিবিদ কাজী খলীকুজ্জমান আহমদ বলেন, সাম্প্রতিক বছরগুলোয় আন্তর্জাতিক বাজারে চাহিদা বাড়ায় পাটের সুদিন ফিরে আসার সম্ভাবনা দেখা দিয়েছে। মূল সমীক্ষায় বলা হয়েছে. বিগত তিন বছরে দেশে পাট ও পাটজাত পণ্যের রপ্তানি প্রবৃদ্ধি ২০ দশমিক ৪০ শতাংশ। সরকারি সহায়তা ও বেসরকারি উদ্যোগের মাধ্যমে পাটজাত পণ্যের চাহিদা স্থানীয় বাজারেই ৩০০ শতাংশ বাড়ানো সম্ভব। দেশে কাঁচা পাট রপ্তানিকারক, পাট ব্যাগ ও সুতা উৎপাদনকারী এবং সরকারি পাটকলের আলাদা আলাদ সংগঠন রয়েছে। একইভাবে বহুমুখী পাটপণ্য উৎপাদনকারীদের একটি সংগঠন তৈরি করতে হবে। কর্মশালায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা পাটের পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি ও বিশেষজ্ঞরা অংশ নেন। আরও বক্তব্য দেন ক্যাটালিস্টের গ্রুপ লিডার ফৌজিয়া নাসরিন, ট্রেড ক্রাফটের সমন্বয়কারী ইসমত জাহান ও ইউরোপীয় ইউনিয়নের প্রকল্প পরিচালক জ্যা ক্লদ মলঙ্গ।