পাটপণ্য ভারতে যাচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৩ দিন পর বাংলাদেশের পাটপণ্য ভারতে রপ্তানি শুরু হয়েছে। ভারতের উচ্চ আদালত পাটপণ্য আমদানিতে উচ্চ হারে শুল্ক আদায় স্থগিত করায় গত বুধবার দুপুরের পর থেকে পাটপণ্যবোঝাই ট্রাক ভারতে যাওয়া শুরু করেছে বলে জানা গেছে।

ভারতের অর্থ মন্ত্রণালয় ৪ জানুয়ারি বাংলাদেশি পাটপণ্যে উচ্চ হারে অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপ করে। এতে ৫ জানুয়ারি থেকে বাংলাদেশি পাটপণ্যবোঝাই ট্রাক সে দেশে যাওয়া বন্ধ ছিল। এ বিষয়ে বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক আবদুল জলিল প্রথম আলোকে বলেন, গতকাল বৃহস্পতিবার আট ট্রাক পাটপণ্য ভারতে রপ্তানি হয়েছে।

বন্দর ও শুল্ক বিভাগের কর্মকর্তা ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, বাংলাদেশ থেকে ২৬টি প্রতিষ্ঠান পাট ও পাটজাত পণ্য ভারতে রপ্তানি করে। বাংলাদেশ থেকে স্বাভাবিক মূল্যের চেয়ে কম দামে পাটপণ্য ভারতে রপ্তানি হচ্ছে, এমন যুক্তি তুলে দেশটির অ্যান্টি-ডাম্পিং অ্যান্ড অ্যালাইড ডিউটিজ অধিদপ্তর (ডিজিএডি) গত অক্টোবর মাসে বাংলাদেশ ও নেপালের পাটজাত পণ্যে অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপের সুপারিশ করে। এ পরিপ্রেক্ষিতে ভারতের অর্থ মন্ত্রণালয়ের রাজস্ব বিভাগ ৪ জানুয়ারি অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপের গেজেট প্রকাশ করে। এতে বলা হয়, বাংলাদেশের কোনো প্রতিষ্ঠান ভারতে পাটসুতা, চট ও বস্তা রপ্তানি করতে চাইলে প্রতি মেট্রিক টনে ১৯ থেকে ৩৫২ ডলার অতিরিক্ত অ্যান্টি-ডাম্পিং শুল্ক দিতে হবে।

জানা গেছে, ভারতের পাটপণ্য আমদানিকারক সমিতি এর বিরুদ্ধে সে দেশের উচ্চ আদালতে রিট করে। এরপর আদালত শুল্ক স্থগিত করে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত আগের নিয়মেই বাংলাদেশ থেকে পাট ও পাটজাত পণ্য আমদানি করার নির্দেশ দেন। এরপর থেকে আগের শুল্ক হারেই বাংলাদেশি পাটপণ্যের ট্রাক ভারতে ঢুকতে শুরু করেছে।

বেনাপোল কাস্টমস হাউসের রাজস্ব কর্মকর্তা মতিউল ইসলাম বলেন, কোনো দেশের সরকার যদি মনে করে স্বাভাবিক দামের চেয়ে কমে কোনো পণ্য সে দেশে রপ্তানি করা হচ্ছে, তাহলে ‘অ্যান্টি-ডাম্পিং’ শুল্ক আরোপ করতে পারে।