পাটপণ্য রপ্তানিতে নগদ ভর্তুকি প্রদানে নতুন শর্তারোপ
সরকারি ও বেসরকারি পাটকলগুলোয় প্রস্তুত করা পাটজাত পণ্য রপ্তানির বিপরীতে নগদ ভর্তুকি প্রদানের ক্ষেত্রে নতুন কিছু শর্তারোপ করেছে বাংলাদেশ ব্যাংক। গত সপ্তাহে এ সংক্রান্ত নির্দেশনা অনুসরণের জন্য একটি সার্কুলার দেশের ব্যাংকগুলোর কাছে পাঠানো হয়েছে। এতে বলা হয়েছে, পাটপণ্য রপ্তানির ক্ষেত্রে রপ্তানি বিল নিষ্পত্তি বা সংগ্রহের পাশাপাশি টিটির মাধ্যমে প্রাপ্ত অগ্রিম মূল্যের বিপরীতে ভর্তুকি সুবিধা প্রদানের ক্ষেত্রে নতুনভাবে কিছু শর্ত পালন করতে হবে। প্রথমত, টিটির মাধ্যমে অগ্রিম মূল্য পরিশোধ করার শর্তটি রপ্তানি ঋণপত্র বা চুক্তিপত্রে সুনির্দিষ্টভাবে উল্লেখ থাকতে হবে।সংশ্লিষ্ট রপ্তানি পণ্যের সঠিক মূল্য ও পরিমাণ এবং বিদেশি ক্রেতার যথার্থতা বা বিশ্বাসযোগ্যতা সম্পর্কে বাংলাদেশ জুট মিলস অ্যাসোসিয়েশন কর্তৃক ইস্যু করা প্রত্যয়ন সনদ লাগবে।দ্বিতীয়ত, টিটির মাধ্যমে অগ্রিম মূল্য প্রত্যাবাসন শর্তযুক্ত রপ্তানি ঋণপত্র বা চুক্তিপত্রের বিপরীতে রপ্তানির ক্ষেত্রে অনুমোদিত ডিলার ব্যাংক শাখাকে ঘোষণা প্রদান করতে হবে। এ জন্য বিদেশি ক্রেতার যথার্থতা, মূল্যের সঠিকতা এবং বাংলাদেশ থেকে প্রকৃত রপ্তানির বিপরীতে টিটির মাধ্যমে আগাম মূল্য প্রত্যাবাসন সম্পর্কে টিটি বার্তার ভাষ্য ও অন্যান্য কাগজপত্রের ভিত্তিতে নিশ্চিত হতে হবে।তৃতীয়ত, নগদ ভর্তুকির জন্য রপ্তানি বিল নিষ্পত্তি বা সংগ্রহের পাশাপাশি টিটির মাধ্যমে প্রাপ্ত মূল্য বিবেচনার ক্ষেত্রে ভারত, পাকিস্তান, হংকং ও সিঙ্গাপুরকে অন্তর্ভুক্ত করা যাবে না। অর্থাৎ এই চারটি দেশ ব্যতীত অন্য দেশে রপ্তানির ক্ষেত্রে নগদ ভর্তুকির বিষয়টি বিবেচনা করা যাবে।