পাটপণ্যে অ্যান্টি-ডাম্পিং শুল্ক বসাচ্ছে ভারত!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ থেকে রপ্তানি হওয়া পাটপণ্যে অ্যান্টি-ডাম্পিং শুল্ক বসানো যায় কি না, সে বিষয়ে তদন্ত শুরু করেছে ভারত। দেশটির অ্যান্টি-ডাম্পিং ও সমজাতীয় শুল্কসংক্রান্ত অধিদপ্তর (ডিজিএডি) বলেছে, এরই মধ্যে তারা এ বিষয়ে কিছু প্রাথমিক প্রমাণ পেয়েছে। সে কারণেই ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন এই সংস্থাটি বলছে, বাংলাদেশ ও নেপাল থেকে পাটপণ্য রপ্তানিতে অ্যান্টি-ডাম্পিং হয়ে থাকতে পারে।
ভারতের পাটকলমালিকদের সংগঠন (আইজেএমএ) বাংলাদেশ ও নেপালের পাটপণ্য তাদের দেশে রপ্তানিতে অ্যান্টি-ডাম্পিংয়ের ঘটনা ঘটছে বলে কয়েক মাস আগে অভিযোগ তোলে। বিষয়টি তদন্ত করতে তখন ডিজিএডির কাছে আনুষ্ঠানিকভাবে আবেদনও করে।
ডিজিএডি এখন তদন্ত করে দেখবে আসলেই অ্যান্টি-ডাম্পিংয়ের ঘটনা ঘটছে কি না, ঘটলে দেশীয় পাটশিল্প এতে কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। সে হিসাব-নিকাশ করেই কতটুকু অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপ করা যেতে পারে, তারও সুপারিশ করবে সংস্থাটি।
দেশীয় কোনো পণ্য দেশে যে দামে বিক্রি হয়, তার চেয়ে কম দামে যদি তা বিদেশ থেকে রপ্তানি হয়, তাহলে দেশীয় শিল্পকে সুরক্ষা দেওয়ার জন্য যে শুল্ক আরোপ করা হয়, তার নাম অ্যান্টি-ডাম্পিং শুল্ক।
ভারত যদি অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপ করেই দেয়, তাহলে দেশের পাটশিল্প কতটা ক্ষতিগ্রস্ত হবে জানতে চাইলে বাংলাদেশ জুট স্পিনার্স অ্যাসোসিয়েশনের (বিজেএসএ) সচিব শহিদুল করিম প্রথম আলোকে বলেন, ‘শুল্ক আরোপ হলে দেশের পাটশিল্পে একটা বিরূপ প্রভাব পড়বে। কারণ এখন ভারতীয় আমদানিকারকেরা সস্তায় আমাদের পণ্যটা আমদানি করেন। শুল্ক বসালে তো তাকে সেই শুল্ক পরিশোধ করেই আমদানি করতে হবে। তখন সে বাংলাদেশ থেকে পণ্য আমদানিতে নিরুৎসাহিত হবে।’
বাংলাদেশ-নেপালের পাটপণ্যে অ্যান্টি-ডাম্পিং শুল্ক বসাতে আইজেএমএ যে আবেদন করে তাতে বলা হয়, বাংলাদেশ সরকার পাটের ব্যাগ ও হেসিয়ান কাপড় রপ্তানিতে ১০ শতাংশ ও পাটের সুতায় ৭ দশমিক ৫ শতাংশ নগদ সহায়তা দেওয়া হয়। ফলে পণ্যের উৎপাদন ব্যয় অনেক কমে যায়। এতে বাংলাদেশি পণ্যের সঙ্গে প্রতিযোগিতায় তাঁরা পিছিয়ে পড়ছেন।
অবশ্য চলতি অর্থবছরের বাজেটে সরকার পাট খাতের নগদ সহায়তা কমিয়ে দিয়েছে। এখন পাটের সুতায় ৫ শতাংশ ও অন্যান্য পাট পণ্যে ৭ দশমিক ৫ শতাংশ নগদ সহায়তা পাচ্ছেন রপ্তানিকারকেরা।
বর্তমানে মাদকজাতীয় ২৫টি পণ্য ছাড়া বাংলাদেশের সব পণ্যই ভারতের বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার সুবিধা পায়। ভারতীয় পাটশিল্প-সংশ্লিষ্টরা বলছেন, শুল্ক সুবিধার আওতায় ভারতে প্রতিবছর প্রায় দুই লাখ টন পাটপণ্য বাংলাদেশ থেকে রপ্তানি হচ্ছে।
সূত্র: পিটিআই, হিন্দু বিজনেস লাইন, বিজনেস স্ট্যান্ডার্ড।