পাটপণ্যে শুল্ক তুলে নিতে ভারতকে অনুরোধ জানাবে বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের পাটপণ্যের ওপর ভারতের আরোপ করা অ্যান্টি-ডাম্পিং শুল্ক তুলে নেওয়ার অনুরোধ জানাবে বাংলাদেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের আলোচ্যসূচিতে বিষয়টি অন্তর্ভুক্ত করার চেষ্টা চালাবে পাট ও বস্ত্র মন্ত্রণালয়। অন্যদিকে কূটনৈতিক পর্যায়েও বিষয়টি সুরাহা করার চেষ্টা করা হবে।

রপ্তানিকারকদের সঙ্গে গতকাল সোমবার পাট মন্ত্রণালয়ের এক বৈঠকে এসব সিদ্ধান্ত হয়েছে। সচিবালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে কাঁচা পাট রপ্তানি নিষিদ্ধ করা ও দেশে ব্যবহার বাড়াতে আরও ১৩টি পণ্যের মোড়কে পাটের বস্তা ব্যবহার বাধ্যতামূলক করার দাবি জানানো হয়েছে বলে জানা গেছে।

ভারতের অর্থ মন্ত্রণালয় গত বৃহস্পতিবার বাংলাদেশি পাটসুতা, বস্তা ও চটের ওপর উচ্চহারে শুল্ক আরোপ করে। এ নিয়ে আলোচনার জন্য বৈঠকটি অনুষ্ঠিত হয়। বস্ত্র ও পাটমন্ত্রী ইমাজ উদ্দিন প্রামাণিক বৈঠকে সভাপতিত্ব করেন। এতে দেশের পাট খাতের ব্যবসায়ীদের সংগঠনগুলোর নেতারা উপস্থিত ছিলেন।