পাটপণ্যের বৈশ্বিক বাজার পরিস্থিতিই এখন খারাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
আহমদ হোসেন
আহমদ হোসেন
ভারতে রপ্তানির ক্ষেত্রে অ্যান্টিডাম্পিং শুল্ক আরোপের আশঙ্কায় পড়ল দেশের পাটশিল্প খাত। বেশ কয়েক বছর ধরে বৈশ্বিক বাজারে পাটপণ্যের দাম কমছে। এ অবস্থায় দ্বিতীয় প্রধান বাজার ভারতে রপ্তানি শুল্ক বাধার মুখে পড়লে পাটকলগুলোর পরিস্থিতি কী দাঁড়াবে, বৈশ্বিক বাজার পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, দেশীয় পরিস্থিতি কী—এসব নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন পাটসুতা উৎপাদনকারীদের সংগঠন বাংলাদেশ জুট স্পিনার্স অ্যাসোসিয়েশনের (বিজেএসএ) চেয়ারম্যান আহমদ হোসেন। সাক্ষাৎকার নিয়েছেন রাজীব আহমেদ

প্রথম আলো: বিশ্বে বাংলাদেশ সবচেয়ে বেশি পরিমাণে পাটপণ্য রপ্তানি করে। পাটসুতা উৎপাদনকারীরা মূলত বৈশ্বিক বাজারের ওপর নির্ভরশীল। এখন বৈশ্বিক বাজার পরিস্থিতি কী রকম?

 আহমদ হোসেন: পাটপণ্যের সবচেয়ে বড় বাজার মধ্যপ্রাচ্যের দেশগুলো। সেখানকার কার্পেটশিল্পে বাংলাদেশি পাটসুতা ব্যবহার করা হয়। মধ্যপ্রাচ্যে যুদ্ধবিগ্রহের কারণে কার্পেটের চাহিদা কমে গেছে। তুরস্কের কার্পেট কারখানাগুলোতে উৎপাদন কমিয়ে দেওয়া হয়েছে। সিরিয়ায় আমাদের ৩৫ হাজার টন পাটসুতার বাজার ছিল। সেটা নষ্ট হয়ে গেছে। ইউরোপেও মন্দার কারণে কার্পেটের চাহিদা কম। সব মিলিয়ে পাটপণ্যের বৈশ্বিক বাজার পরিস্থিতিই খারাপ।

প্রথম আলো: বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে ব্যাপক ধস নেমেছে। এ কারণে মধ্যপ্রাচ্যের দেশগুলো অর্থনৈতিক দিক দিয়ে সংকটে আছে। বাংলাদেশি পাটপণ্যের ওপর তেলের দামের কোনো প্রভাব কি?

আহমদ হোসেন: অবশ্যই। কার্পেট একটি বিলাসপণ্য। মধ্যপ্রাচ্যের মানুষ খরচ কমাতে চাইলে সবার আগে কার্পেট কেনা কমাবে। তুরস্কের কার্পেট কারখানায় উৎপাদন কমিয়ে দেওয়ার অন্যতম কারণ জ্বালানি তেলের দাম কমে যাওয়া। নির্মাণ খাত ও হোটেল ব্যবসায় গতি না থাকলে কার্পেটের চাহিদা কমে যায়।

প্রথম আলো: পাটপণ্যের এ খারাপ অবস্থা কত দিন ধরে?

আহমদ হোসেন: আমাদের মূল সমস্যা হলো আমরা ভালো দাম পাচ্ছি না। পরিমাণের দিক দিয়ে রপ্তানি কিছু কিছু বাড়ছে। তবে দাম কমে যাচ্ছে। বিপরীতে দেশে পাটের দাম বাড়ছে। মজুরিসহ অন্যান্য উৎপাদন খরচ বাড়ছে। পাটশিল্পের এ নিম্নগামী অবস্থা দুই বছর ধরে বিরাজ করছে। এখন দাম সবচেয়ে কম বলে গণ্য করা যায়।

প্রথম আলো: ভারত বাংলাদেশি পাটপণ্যের দ্বিতীয় প্রধান বাজার। সেখানে রপ্তানি বেশ ভালো হারে বাড়ছিল। এখন দেশটি বাংলাদেশের পাটপণ্যের ওপর অ্যান্টিডাম্পিং শুল্ক আরোপ করলে পাটকলগুলোর ওপর কী প্রভাব পড়বে?

আহমদ হোসেন: ভারতের শুল্ক আরোপের উদ্যোগ পাটশিল্পের জন্য খুবই অশুভ একটি ঘটনা। ভারত এখন আমাদের পাটসুতার দ্বিতীয় প্রধান বাজার। সেখানে বাড়তি শুল্ক দিয়ে প্রবেশ করতে হলে বাংলাদেশি সুতার দাম বাড়বে, ভারতের ক্রেতাদের বেশি ব্যয় করতে হবে। এতে ভারতীয় ক্রেতারা বাংলাদেশি সুতা আমদানি কমিয়ে দেবে। বাংলাদেশের পাটপণ্য প্রতিযোগিতায় সক্ষমতা হারাবে। ফলে বাংলাদেশি কিছু মিল বন্ধও হয়ে যেতে পারে, যার চূড়ান্ত প্রভাব পড়বে পাটের দামে। চাষিরা ভালো দাম পাবেন না।