পাটপণ্যের রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে
অবশেষে দেশের পাট ও পাটজাত পণ্যের রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে। চলতি ২০১২-১৩ অর্থবছরের প্রথম চার মাসে কোনোবারই লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। তবে পাঁচ মাস শেষে অবস্থার উন্নতি হয়েছে।অর্থবছরের প্রথম পাঁচ মাস অর্থাৎ জুলাই থেকে নভেম্বর সময়কালে পাট ও পাটজাত পণ্য রপ্তানি থেকে ৪১ কোটি ৪৪ লাখ মার্কিন ডলার আয় হয়েছে, যা ৪১ কোটি ১৭ লাখ ডলারের লক্ষ্যমাত্রার চেয়ে শূন্য দশমিক ৬৬ শতাংশ বেশি। এ ছাড়া এই আয় গত অর্থবছরের একই সময়ের ৪১ কোটি ডলারের চেয়ে ১ শতাংশ বেশি।রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সর্বশেষ রপ্তানি তথ্য থেকে এসব জানা যায়। আলোচ্য সময়ে পাট ও পাটজাত পণ্যের মধ্যে কাঁচা পাট, পাটের সুতা এবং পাটের বস্তা ও ব্যাগ রপ্তানিতে যথাক্রমে নয় কোটি ৮৮ লাখ, ২০ কোটি এবং নয় কোটি ৫৭ লাখ ডলারের রপ্তানি আয় হয়। অন্যান্য উপ খাতে আরও এক কোটি ৭১ লাখ ডলার হিসাব করে এ খাতের মোট রপ্তানি ৪১ কোটি ৪৪ লাখ ডলার হয়েছে।চলতি অর্থবছর খাতটির রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১০৮ কোটি ২৫ লাখ ডলার।