পাটপণ্যের ২২ স্টলে নান্দনিকতার ছোঁয়া

ব্যাগ, জুতা, পার্টস, ঝুড়ি, ওড়না, শতরঞ্জি থেকে শুরু করে ব্লেজার, এমনকি মুজিব কোটও তৈরি হয়েছে পাট দিয়ে। পরিবেশবান্ধব ও স্বল্পমূল্যের এসব পণ্যে আছে নান্দনিকতার ছোঁয়া। ফলে রুচিশীল ক্রেতা ও দর্শনার্থীদের নজর কাড়ছে।
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় গতকাল শনিবার জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টারের (জেডিপিসি) জেনারেল রিজার্ভ প্যাভিলিয়নে এমনই ২২টি স্টলের দেখা মিলল। বস্ত্র ও পাট মান্ত্রণালয়ের অধীন জেডিপিসির সদস্য এসব প্রতিষ্ঠান ঢাকা, নরসিংদী, গোপালগঞ্জ, সাভারসহ বিভিন্ন জেলা থেকে অংশ নিয়েছে। প্রতিবারের মতো এবারও মেলায় নতুন নতুন নকশার পণ্য নিয়ে এসেছে প্রায় সব প্রতিষ্ঠান।
রাজনৈতিক অস্থিরতার কারণে মেলার শুরু থেকেই এবার ক্রেতার পাশাপাশি বিক্রিও কম ছিল। তবে গত শুক্রবার প্রচুর ক্রেতা-দর্শনার্থী মেলায় আসে। সেদিন বিক্রিবাট্টা ভালোই হয়েছে। এমনটাই জানালেন জেডিপিসির প্যাভিলিয়নের পাঁচটি স্টলের বিক্রয়কর্মীরা। শুক্রবারের মতো গতকালও সকাল থেকেই লোকজন আসতে থাকে মেলায়। আর দুপুর-বিকেল-সন্ধ্যার দিকে ভিড় বেড়ে যায়।
পাটপণ্যের ব্যবসায় দুই বছর বয়স আরজে ক্র্যাফটসের। প্রতিষ্ঠানটি এবার মহিলা-পুরুষদের জন্য বিভিন্ন ধরনের হাতব্যাগ, পার্টস, ল্যাপটপ ব্যাগ, শতরঞ্জি, ফাইল ফোল্ডার, টিফিন ও শপিং ব্যাগ ইত্যাদি নিয়ে এসেছে। আর পাটের তৈরি এসব পণ্যের দাম ২০ টাকা থেকে এক হাজার ২৫০ টাকা পর্যন্ত। মেলা উপলক্ষে পণ্য বিশেষে সর্বোচ্চ ১০ শতাংশ মূল্যছাড়ও আছে।
জানতে চাইলে আরজে ক্র্যাফটসের ম্যানেজিং পার্টনার এস এ আবুল লাহেল বলেন, ‘মেলায় এখন পর্যন্ত ভালো সাড়া পাওয়া গেছে। একজন আমেরিকাপ্রবাসী ও দেশের একটি উন্নয়ন সংস্থার (এনজিও) প্রতিনিধিরা আমাদের স্টলে এসে পণ্য দেখে পছন্দ করেছেন। তাঁদের কাছ থেকে বড় ক্রয়াদেশ পাওয়ার আশা আছে।’ তিনি জানান, প্রতিষ্ঠানটির বিক্রয়কেন্দ্র ও কারখানা মোহাম্মদপুরে। কারখানায় কারিগর আছেন ২০ জন।
এদিকে মিরপুরের হলি ক্র্যাফটস পাটের তৈরি মহিলা ও পুরুষদের হাতব্যাগ ২৬০-৬৫০, টিফিন ব্যাগ ১২০-২৮০, জুতা ১২০-৩২০, পার্টস ২৫-১৫০, ফাইল ফোল্ডার ২৮০-৩৫০ টাকায় বিক্রি করছে। প্রতিষ্ঠানের বিক্রয়কর্মী হাবিবুর রহমান বললেন, ‘যাঁরা পুরোনো ক্রেতা তাঁরাই খুঁজেটুজে বেশি আসছেন। কারণ, জেডিপির এই প্যাভিলিয়নটি একটু ভেতরের দিকে। মূল সড়কের পাশে না হওয়ায় সহজে চোখে পড়ে না।’
হাবিবুর রহমানের মতো নিউমার্কেটের মুসলিম ব্যাগ হাউসের বিক্রয়কর্মী মাসুদ রানাও একই সুরে বলেন, জেডিপিসির প্যাভিলিয়নটি মূল সড়কের পাশে হলে সবারই চোখে পড়ত। তাঁরা জুয়েলারি বক্স, চাবির রিং, কলমদানি ইত্যাদি পণ্য প্রদর্শন করছেন। আর এসব পণ্যের মূল্য ৩০ থেকে ৬০০ টাকা। মাসুদ রানা জানান, তাঁদের স্টলে প্রতিদিন ৪ থেকে ৫ হাজার টাকা বিক্রি হয়ে থাকে। তবে গত শুক্রবার হয়েছে ১০ হাজার টাকা।’
প্যাভিলিয়নের অবস্থান নিয়ে কথা হলো জেডিপিসির লিয়াজোঁ সহকারী মো. আলীর সঙ্গে। তিনি বললেন, ‘রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) সরকারি স্টল-প্যাভিলিয়নগুলো বরাদ্দ দেয়। ফলে অবস্থান নিয়ে আমাদের তেমন কিছুই করার থাকে না।’ তিনি জানান, এবার ১০০টি সদস্য প্রতিষ্ঠানের মধ্য থেকে ২২টি স্টল বরাদ্দ দিয়েছে জেডিপিসি।
নরসিংদীর মাহাবুব জুটেক্স অন্যান্য পণ্যের পাশাপাশি এবার মেলায় পাটের তৈরি ব্লেজার ও মুজিব কোর্ট নিয়ে এসেছে। ব্লেজার সাড়ে পাঁচ হাজার ও মুজিব কোর্ট চার হাজার টাকায় বিক্রি হচ্ছে। এ তথ্য দিয়ে প্রতিষ্ঠানের মালিকপক্ষের একজন মার্জিয়া মুনমুন বললেন, ‘বাণিজ্য মেলা অবশ্যই আমাদের মতো ছোট ও মাঝারি উদ্যোক্তাদের পণ্য প্রদর্শনের বড় প্ল্যাটফর্ম। তবে পাটপণ্যের বিদেশি ক্রেতা ধরতে সরকারকে আরও বেশি উদ্যোগী হওয়া দরকার। না হলে আমরা এগোতে পারব না।’