পাটশিল্পে রেয়াতি করসুবিধা ২০১৬ পর্যন্ত বাড়ানোর দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাটশিল্পের ওপর রেয়াতি হারে কর দেওয়ার সুযোগ আগামী ২০১৬ সাল পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করেছে বাংলাদেশ জুট স্পিনার্স অ্যাসোসিয়েশন (বিজেএসএ)। এই সুযোগ চলতি বছর শেষ হচ্ছে। বর্তমানে এই খাতের উদ্যোক্তাদের ১৫ শতাংশ হারে কর দিতে হয়।এ ছাড়া এই শিল্পের নগদ সহায়তা করমুক্ত রাখা ও উৎসে কর্তন করা আয়করই চূড়ান্ত হিসেবে বিবেচনা করার প্রস্তাব দেওয়া হয়।গতকাল বৃহস্পতিবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চলমান প্রাক-বাজেট আলোচনায় সংগঠনের পক্ষ থেকে এসব প্রস্তাব দেওয়া হয়। এতে এনবিআরের চেয়ারম্যান গোলাম হোসেন সভাপতিত্ব করেন। এনবিআরের সম্মেলনকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় আরও উপস্থিত ছিলেন এনবিআরের সদস্য ফরিদ উদ্দিন, সৈয়দ আমিনুল করিম, জাহাঙ্গীর হোসেন প্রমুখ। বৈঠকে বস্ত্র আমদানির ক্ষেত্রে বিদ্যমান ৪৫ শতাংশ সম্পূরক শুল্ক কমানোর প্রস্তাব করেছে ইসলামপুর বস্ত্র ব্যবসায়ী সমিতি। সমিতির পক্ষ থেকে বলা হয়, ২০১০-১১ অর্থবছর থেকে বস্ত্র আমদানিতে সম্পূরক শুল্ক ২০ শতাংশ থেকে বাড়িয়ে ৪৫ শতাংশ করা হয়। এর ফলে শুল্ক ও কর মিলিয়ে ১৩১ শতাংশ হারে কর দিতে হচ্ছে। এই সুযোগে অসাধু ব্যবসায়ীরা অবৈধ পথে বস্ত্র এনে রাজস্ব ফাঁকি দিচ্ছেন। ব্রেড বিস্কুট ও কনফেকশনারি প্রস্তুতকারক সমিতি বিস্কুট ও কেকের মূল্য সংযোজন করমুক্ত (মূসকমুক্ত) সীমা বিদ্যমান ১০০ টাকার স্থলে ২০০ টাকা করার প্রস্তাব দিয়েছে।সিএনজি ওনার্স অ্যাসোসিয়েশনের নেতারা তাঁদের লেনদেনের ওপর বিদ্যমান কর দশমিক ৫০ শতাংশ বাতিল করার প্রস্তাব দেন। অন্যদিকে উৎপাদনস্থল ও বিক্রয়স্থলের মধ্যে যেকোনো এক জায়গা থেকে মূসক কর্তন এবং মিষ্টান্ন ব্যবসায়ীদের মোট মুনাফা ২৫ থেকে ৩০ শতাংশ না ধরে ২০ শতাংশের কম ধরার প্রস্তাব দেয় মিষ্টি প্রস্তুতকারক সমিতি। মূসকমুক্ত থাকার পরও স্থানীয় প্রশাসন ও এনবিআরের কর্মকর্তাদের কাছে হয়রানির শিকার হন বলে অভিযোগ তোলেন টেক্সটাইল, ডাইং ও প্রিন্টিং খাতের ব্যবসায়ীরা। আলোচনায় আরও অংশ নেন বাংলাদেশ ডাল ব্যবসায়ী সমিতি, সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশন, জুট অ্যাসোসিয়েশন, জুট গুডস অ্যাসোসিয়েশন, সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভারশন অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা।