
দেশের পাটশিল্পে সহায়তা প্রদানের জন্য বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে ২০০ কোটি টাকার পুনঃ অর্থায়ন-সুবিধা পাবে ১৬টি বাণিজ্যিক ব্যাংক। এরপর এই ব্যাংকগুলো পাটকল (সরকারি ও বেসরকাির) এবং রপ্তানিকারক ও পাট ব্যবসায়ীদের স্বল্প সুদে ঋণ প্রদান করবে। বাংলাদেশ ব্যাংকের প্রধান ভবনের সম্মেলনকক্ষে গতকাল এ উপলক্ষে একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী। বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং চুক্তি স্বাক্ষরকারী ১৬টি ব্যাংকের প্রধান নির্বাহীরা উপস্থিত ছিলেন। এই তহবিলের আওতায় বিভিন্ন ব্যাংককে ৫ শতাংশ সুদে পুনঃ অর্থায়ন-সুবিধা প্রদান করা হবে। আর ব্যাংক থেকে পাট ব্যবসায়ীরা সর্বোচ্চ ৯ শতাংশ সুদে ঋণসুবিধা গ্রহণ করতে পারবেন। মোট তহবিলের মধ্যে সরকারি পাটকলগুলোর জন্য ৪০ শতাংশ, বেসরকারি পাটকলগুলোর জন্য ৪০ শতাংশ এবং রপ্তানিকারক ও পাট ব্যবসায়ীদের জন্য ২০ শতাংশ বরাদ্দ করা হয়েছে।