পাটের অবৈধ মজুতদারের বিরুদ্ধে ব্যবস্থা চায় তিন সংগঠন
পাটের দুষ্প্রাপ্যতা ও উচ্চমূল্য নিয়ন্ত্রণে কাঁচা পাটের অবৈধ মজুতদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে এই খাতের তিন ব্যবসায়িক সংগঠন। রোববার তিন সংগঠনের পরিচালনা পর্ষদের সদস্যদের এক যৌথ সভায় এমন দাবি জানানো হয়েছে। সংগঠন তিনটি হলো বাংলাদেশ জুট মিলস অ্যাসোসিয়েশন (বিজেএমএ), বাংলাদেশ জুট স্পিনার্স অ্যাসোসিয়েশন (বিজেএসএ) ও বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশন (বিজেএ)। বিজেএমএর সভাকক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজেএমএ জানায়, দেশে গত বছর প্রায় ৭০ লাখ বেল পাট উৎপাদিত হয়েছে। এর মধ্যে উৎপাদন, রপ্তানি ও স্থানীয় ব্যবহার মিলিয়ে এ পর্যন্ত সর্বোচ্চ ৩০ শতাংশ পাট ব্যবহৃত হয়ে থাকতে পারে। বাকি ৭০ শতাংশ এখনো অব্যবহৃত অবস্থায় মজুতদারদের গুদামে রয়েছে। তারা অতিরিক্ত মুনাফার লোভে বাজারে কৃত্রিম সংকট তৈরি করে পাটের মূল্য বাড়াচ্ছে। ফলে কাঁচা পাটের দর বেশি হওয়ায় মিলমালিকেরা ক্ষতির সম্মুখীন হচ্ছেন এবং উৎপাদন বন্ধ করে দিচ্ছেন। এতে কয়েক হাজার শ্রমিক বেকার হবেন। অন্যদিকে বিদেশি ক্রেতারা নির্ধারিত মূল্যে পাটপণ্য না পেয়ে বিকল্প পণ্যের দিকে ঝুঁকছেন। এতে আন্তর্জাতিক পাটপণ্যের বাজার হারাচ্ছে বাংলাদেশ।
বিজেএমএ, বিজেএসএ ও বিজেএ দেশে পাট নিয়ে অবৈধ মজুতদারির বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনাসহ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পাট মন্ত্রণালয়ের সহায়তা চেয়েছে।