পাটের গল্প মিশেছে পোশাকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের রপ্তানি আয় আর কাঁচা পাট ও পাটপণ্য একই মুদ্রার এপিঠ-ওপিঠ। স্বাধীনতার পর প্রায় ১৫ বছর পর্যন্ত এমনটিই ছিল বাস্তবতা। ১৯৭২-৭৩ অর্থবছরে দেশের রপ্তানি আয় ছিল ৩৪ কোটি ৮৪ লাখ মার্কিন ডলার। এর মধ্যে কাঁচা পাট ও পাটপণ্য থেকেই আসে ৩১ কোটি ৩১ লাখ ডলার বা ৮৯ শতাংশ রপ্তানি আয়।
১৯৫১ সালে নারায়ণগঞ্জে এ দেশের প্রথম পাটকল ‘দ্য বাওয়া জুট মিলস’ হয়। ওই বছরই পূর্ব পাকিস্তানের ধনাঢ্য আদমজী পরিবার ‘আদমজী জুট মিলস’ স্থাপন করে। সব মিলিয়ে বহির্বিশ্বে ব্যাপক চাহিদা থাকার কারণে ১৯৫০ থেকে ১৯৭০ সাল পর্যন্ত দেশে ৭৭টি পাটকল গড়ে ওঠে। এসব পাটকলের হাত ধরেই স্বাধীনতার পর মূলত দেশের রপ্তানি আয়ের বড় অংশ আসত।

.
.

চাহিদা হ্রাসের কারণে পাটের রাজত্ব শেষ হতে শুরু আশির দশকের মাঝামাঝি সময়ে। একসময়কার সর্বোচ্চ রপ্তানি আয়ের কাঁচা পাট ও পাটপণ্য খাতটি গত বছর ৮৭ কোটি ডলার আয় করেছে। ১৯৭২-৭৩ অর্থবছরের চেয়ে এই আয় মাত্র ২ দশমিক ৭৭ গুণ বেশি। মোট রপ্তানিতে পাটের অবদান গিয়ে তলানিতে ঠেকেছে। ৮৯ শতাংশ থেকে কমে এখন পৌনে ৩ শতাংশ।১৯৭২ থেকে ২০১৫—এই সময়ে বাংলাদেশের পণ্য রপ্তানি আয় বেড়েছে প্রায় ৯৯ গুণ। সর্বশেষ গত ২০১৪-১৫ অর্থবছরে রপ্তানি আয় হয় ৩ হাজার ১২০ কোটি ডলার। তৈরি পোশাক খাত থেকেই এসেছে এই আয়ের ৮১ দশমিক ৭০ শতাংশ। খাতটির আয় ২ হাজার ৫৪৯ কোটি ডলার।স্বাধীনতার পর প্রথম বছরেই বাংলাদেশ ৬ হাজার ডলারের নিট পোশাক রপ্তানি করেছে। তখন মূলত নারায়ণগঞ্জের হোসিয়ারি পণ্যই নিট পোশাক হিসেবে বিদেশে যায়। আর তা হতো টিসিবির মাধ্যমে। ইপিবির দলিল-দস্তাবেজ বলছে, ১৯৭৬-৭৭ সালে প্রথম তৈরি পোশাক রপ্তানি হয়।অবশ্য রপ্তানিমুখী তৈরি পোশাকের গোঁড়াপত্তন শিল্পপতি নূরুল কাদেরের হাত ধরে। তিনিই প্রথম ১৯৭৭ সালে দক্ষিণ কোরিয়ার একটি প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে কারখানা স্থাপন করেন। ১৯৮০ সালে ১২ হাজার ডলার মূল্যের ১২ লাখ শার্ট জার্মানিতে রপ্তানি করা হয়। তারপর অনেকেই আসেন। স্থাপন করেন নতুন নতুন কারখানা। ১৯৯০-৯১ সালে দেশের মোট রপ্তানির ৫০ শতাংশই পোশাক খাত থেকে। তারপর এই হার প্রতিবছর ধারাবাহিকভাবে বেড়েছে। বর্তমানে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ বাংলাদেশ। ২০২১ সালে পোশাক রপ্তানি পাঁচ হাজার কোটি ডলারে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখছেন পোশাকশিল্পের উদ্যোক্তারা।গত ২২ জুন সংসদে বস্ত্র ও পাটমন্ত্রী জানান, বর্তমানে দেশে ২০৯টি পাটকল চালু আছে। এসব মিলে ১ লাখ ৯৩ হাজার ৭০১ জন শ্রমিক কাজ করেন। অন্যদিকে পোশাক খাতে কাজ করেন প্রায় ৪০ লাখ শ্রমিক। এর মধ্যে ৮০ শতাংশ নারী বলে দাবি করে পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএ।পোশাক খাতের কল্যাণে নারীর ক্ষমতায়ন হয়েছে। অনেকগুলো ব্যাংকের জন্ম হয়, যেগুলোর অধিকাংশই এই খাতটির ওপর নির্ভর করে টিকে আছে। গড়ে উঠেছে শতাধিক পশ্চাৎমুখী সংযোগশিল্প। সেখানেও অনেক মানুষের কর্মসংস্থান হচ্ছে।পাটের ক্ষেত্রে না পারলেও চামড়া ও চামড়াজাত পণ্যে বেশ এগিয়েছে বাংলাদেশ। ১৯৭২-৭৩ অর্থবছরে চামড়া খাতের রপ্তানি আয় ছিল ১ কোটি ৬২ লাখ ডলার। গত অর্থবছরে খাতটির আয় দাঁড়ায় ১১৩ কোটি ডলার। অর্থাৎ আয় বেড়েছে ৬৯ গুণ।
জানতে চাইলে বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের মুখ্য অর্থনীতিবিদ জাহিদ হোসেন বলেন, স্বাধীনতার পরপর ভোগ্যপণ্য রপ্তানিই প্রধান ভরসা ছিল। এখন সেই রপ্তানির প্রবাহ বদলে উৎপাদন খাতনির্ভর হয়েছে। এটি একটি বড় পরিবর্তন ও বিরাট সাফল্য।