পাটের বস্তা ব্যবহার না করলে ঋণ বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>মানি লন্ডারিং ও সন্ত্রাসী অর্থায়ন প্রতিরোধ আইনের আওতায় সমবায় সমিতি

পণ্য মোড়কজাতের ক্ষেত্রে পাটের বস্তা ব্যবহার না করলে ব্যাংকঋণ পাবে না ধান, চাল, গম, ভুট্টা, সার ও চিনি উৎপাদন ও সরবরাহকারী কোনো প্রতিষ্ঠান। গতকাল সোমবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ-সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে। এদিনই তা দেশের সব তফসিলি ব্যাংকের প্রধানদের কাছে পাঠানো হয়।

বাংলাদেশ ব্যাংক বলছে, পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০-এর সুষ্ঠু বাস্তবায়ন নিশ্চিত করতে এ নির্দেশনা জারি করা হয়েছে। পাটের বস্তার ব্যবহার বাড়াতে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সিদ্ধান্তের ভিত্তিতে বাংলাদেশ ব্যাংক এ নির্দেশনা জারি করে।

এর আগে গত ২০ সেপ্টেম্বর পাট মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক আন্তমন্ত্রণালয় সভায় পাটের বস্তার ব্যবহার নিশ্চিত করতে ব্যাংকঋণ প্রদানের ক্ষেত্রে শর্তারোপের সিদ্ধান্ত হয়। পরে ওই সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংককে জানানো হয় এবং তার ভিত্তিতে গতকাল ব্যাংকঋণ-সংক্রান্ত নির্দেশনাটি জারি করা হয়েছে।

 মানি লন্ডারিং ও সন্ত্রাসী কাজে অর্থায়ন প্রতিরোধ আইনের আওতায় সমবায় সমিতি: মানি লন্ডারিং ও সন্ত্রাসী কাজে অর্থায়ন প্রতিরোধ আইনের আওতায় আনা হয়েছে সমবায় সমিতিগুলোকেও। বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) থেকে সম্প্রতি এ-সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে। তাতে বলা হয়েছে, এখন থেকে মানি লন্ডারিং ও সন্ত্রাসী কাজে অর্থায়ন প্রতিরোধে দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন আইন ও বিধিবিধান মেনে প্রত্যেক সমবায় সমিতির নিজস্ব একটি নীতিমালা থাকতে হবে। জাতীয় পর্যায়ের প্রতিটি সমবায় সমিতির প্রধান কার্যালয়ে ‘কেন্দ্রীয় পরিপালন ইউনিট’ নামে আলাদা একটি ইউনিট খুলতে হবে।

নির্দেশনায় বলা হয়েছে, কোনো সমবায় সমিতি বেনামে বা ছদ্মনামে কোনো গ্রাহক বা সদস্যের কাছ থেকে আমানত সংগ্রহ বা ঋণ প্রদান করতে পারবে না। সন্ত্রাসী কাজে অর্থায়নে জড়িত সন্দেহে আন্তর্জাতিক ও বাংলাদেশ সরকারের তালিকাভুক্ত কোনো ব্যক্তি বা নিষিদ্ধঘোষিত সত্তার কাছ থেকে আমানত সংগ্রহ ও ঋণ দিতে পারবে না। প্রতিটি সমবায় সমিতিকে তাদের গ্রাহক বা সদস্যের পরিচিতি-সংক্রান্ত সঠিক ও পূর্ণাঙ্গ তথ্য সংগ্রহ করতে হবে। যাদের সঠিক পরিচয় নিশ্চিত হওয়া যাবে না, সেসব গ্রাহক বা সদস্যের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথা বলা হয়েছে নির্দেশনায়।

নির্দেশনায় আরও বলা হয়েছে, প্রত্যেক সমবায় সমিতিকে তাদের উদ্দেশ্য, লক্ষ্য ও কার্যক্রমের বিস্তারিত তথ্য প্রধান কার্যালয়ের পাশাপাশি শাখা ও প্রকল্প কার্যালয়ে সংরক্ষণ এবং তা জনসাধারণের জন্য উন্মুক্ত রাখতে হবে।

এ ছাড়া যাদের নিয়ন্ত্রণ বা নির্দেশে সমবায় সমিতি পরিচালিত হচ্ছে সেসব ব্যক্তির পরিচিতি-সংক্রান্ত সঠিক ও পূর্ণাঙ্গ তথ্য এবং তার সমর্থনে দলিলপত্র সংরক্ষণ করতে হবে। পাশাপাশি প্রত্যেক সমবায় সমিতিকে তাদের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ন্যূনতম পাঁচ বছর পর্যন্ত সংরক্ষণে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।