পাটের বস্তা ব্যবহারে আরও সময় চান ব্যবসায়ীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধান ও চাল বিপণনে প্লাস্টিকের বস্তার পরিবর্তে পাটের বস্তা ব্যবহারে আবারও সময় চাইলেন ব্যবসায়ীরা।
প্লাস্টিকের বস্তায় চালের বিপণন বন্ধে রাজধানীর বড় পাইকারি বাজার বাবুবাজার ও শান্তিবাগ কাঁচাবাজারে গতকাল সোমবার যৌথভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বস্ত্র ও পাট এবং পরিবেশ ও বন মন্ত্রণালয়। এ সময় ব্যবসায়ীরা সময় চান।
ব্যবসায়ীরা বলছেন, চালকল মালিকেরা পাটের বস্তায় চাল বিপণন না করলে তাঁদের কিছু করার নেই। সেখানেই পাটের বস্তা ব্যবহারে কড়াকড়ি করতে হবে। নইলে তাঁদের মতো পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের জরিমানা করে কোনো লাভ হবে না।
ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পাট মন্ত্রণালয়ের দলে ঢাকা জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট টিনা পাল ও পরিবেশ মন্ত্রণালয়ের দলে নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ কামাল হোসেন নেতৃত্ব দেন।
২০১০ সালে পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার বাধ্যতামূলক করে আইন পাস হয়। কিন্তু ব্যবসায়ীরা এই আইন মানেননি। এর পরিপ্রেক্ষিতে পাট মন্ত্রণালয়ের ২০১৩ সালের ২৬ সেপ্টেম্বর জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, ২০১৪ সালের জানুয়ারি থেকে ধান-চাল বাধ্যতামূলকভাবে পাটের বস্তায় বিপণন করতেই হবে। ব্যবসায়ীরা এই নির্দেশেরও তোয়াক্কা না করায় গত বছরের শেষ দিকে অভিযান শুরু করে পাট মন্ত্রণালয়।
ভ্রাম্যমাণ আদালত গতকাল সকালে বাবুবাজার থেকে অভিযান শুরু করে। সেখানকার ভূঁইয়া রাইস এজেন্সিকে প্লাস্টিকের বস্তা ব্যবহারের অপরাধে ম্যাজিস্ট্রেট টিনা পাল পাঁচ হাজার টাকা জরিমানা করেন। এ খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে অনেকেই দোকান বন্ধ করে এবং কেউ কেউ আবার খোলা রেখে পালিয়ে যান।
এই পরিস্থিতিতে বাবুবাজার চাল আড়তদার ব্যবসায়ী সমিতির নেতারা ভ্রাম্যমাণ আদালতের কাছে জরিমানা মওকুফের অনুরোধ জানান। পাটের বস্তা ব্যবহারের জন্য তাঁরা তিন মাস সময় চান। এর পরও ভ্রাম্যমাণ আদালত অন্যান্য দোকানে অভিযান শুরু করলে ব্যবসায়ী নেতারা জরিমানা না করার অনুরোধ করেন। এর পরিপ্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালত বাবুবাজারে অভিযান বন্ধ করে ফিরে আসেন। তবে প্লাস্টিকের বস্তা ছেড়ে পাটের বস্তায় চাল বিপণনের প্রক্রিয়ায় যাওয়া ও সময়সীমা নিয়ে আলোচনার জন্য আজ মঙ্গলবার পাট অধিদপ্তরে বৈঠক ডাকেন।
ব্যবসায়ীদের তিন মাস সময় চাওয়ার বিষয়ে জানতে চাইলে টিনা পাল সাংবাদিকদের বলেন, তিন মাস আগে যখন অভিযান চালানো হয়েছিল, তখনো ব্যবসায়ীরা পাটের বস্তা ব্যবহার করবেন বলে সম্মতি দিয়েছিলেন। তা না করায় এখন জরিমানা করা হচ্ছে। কিন্তু এখনো তাঁরা সময় চাইছেন।
এ বিষয়ে বাবুবাজার চাল আড়তদার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন বলেন, চাইলেই একসঙ্গে সব চাল পাটের বস্তায় বিক্রি করা সম্ভব না। আড়তে যে চাল মজুত আছে, তা বিক্রি শেষ করতে অনেক সময়ের প্রয়োজন। আগেও তো সময় চেয়েছিলেন—এ প্রসঙ্গ তুললে তিনি বলেন, গত তিন মাসের হরতাল-অবরোধের কারণে অনেক কিছু করা সম্ভব হয়নি। এখন পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। ইতিমধ্যে পাটের বস্তা ব্যবহারও শুরু হয়েছে। পর্যায়ক্রমে তা বাড়ানো হবে।
এরপর অভিযান চালানো হয় শান্তিবাগ বাজারে। সেখানে দুলাল রাইস ও আলম রাইস স্টোরকে তিন হাজার টাকা করে ছয় হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় ওই বাজারে দেলোয়ার ওয়ান টাইম নামের দোকানকে পলিথিন বিক্রির অপরাধে ৩০ হাজার টাকা জরিমানা ও ২২ কেজি পলিথিন জব্দ করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ কামাল হোসেন।
শান্তিবাগ বাজারের চাল ব্যবসায়ী দুলাল মিয়া বলেন, ‘মিল মালিকেরা প্লাস্টিকের বস্তায় চাল দিচ্ছেন, আর জরিমানা দিতে হচ্ছে আমাদের মতো ক্ষুদ্র ব্যবসায়ীদের। গত তিন মাস রাজনৈতিক অস্থিরতার কারণে লোকসান দিতে হয়েছে। এখন আবার অন্যের অপরাধের কারণে জরিমানা দিতে হচ্ছে।’