পাটের বস্তার ব্যবহার নিশ্চিত করতে বিশেষ অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধান, চাল, গম, ভুট্টা, সার ও চিনি সংরক্ষণ এবং পরিবহনে পাটের বস্তা ব্যবহার নিশ্চিত করতে সারা দেশে বিশেষ অভিযান শুরু হবে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম। 

প্রতিমন্ত্রী বলেছেন, ধান, চাল, গম, ভুট্টা, সার ও চিনি সংরক্ষণ এবং পরিবহনে আবারও প্লাস্টিকের বস্তার ব্যবহার লক্ষ করা যাচ্ছে। তাই আইন অনুযায়ী ধান, চালসহ ছয় পণ্যে সঠিকভাবে পালন হচ্ছে কি না, তা তদারকির জন্য ঢাকাসহ সারা দেশে অভিযান শুরু হবে।
পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইনের বাস্তবায়ন অগ্রগতি নিয়ে সচিবালয়ে আজ মঙ্গলবার অনুষ্ঠিত এক সভায় এসব কথা বলেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম। এ সময় উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব এম এ কাদের সরকার, বিজেএমসির চেয়ারম্যান হুমায়ুন খালেদ, পাট অধিদপ্তরের মহাপরিচালক মুয়াজ্জেম হোসাইন প্রমুখ। মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
আইন অনুযায়ী ধান, চাল, গম, ভুট্টা, সার ও চিনির মোড়কীকরণে পাটের বস্তা ব্যবহার বাধ্যতামূলক। ২০১০ সালের পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইনে পাটের মোড়ক ব্যবহার না করলে এক বছর কারাদণ্ড বা ৫০ হাজার টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রাখা হয়েছে। একই অপরাধ দ্বিতীয়বার করলে দণ্ড হয়ে যাবে দ্বিগুণ। এ ছাড়া ছয় পণ্যে পাটের মোড়ক ব্যবহার না করলে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা ব্যাংকঋণ পাবেন না, চালকলের মালিকদের লাইসেন্স এবং আমদানি ও রপ্তানির সনদ বাতিল করা হবে।