পাটের বস্তার ব্যবহার বাড়াতে চায় সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে পাটের বস্তার ব্যবহার বাড়াতে এবার কঠোর হচ্ছে সরকার। রপ্তানি বাজারে ঝামেলায় পড়লেও দেশের অভ্যন্তরীণ বাজারের মাধ্যমেই যেন দেশের পাটকলগুলো টিকে থাকতে পারে, সেভাবেই এগোচ্ছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়।
এ লক্ষ্যে গতকাল বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে। এরই অংশ হিসেবে পণ্যে মোড়কজাত আইন পুরোপুরি বাস্তবায়নের লক্ষ্যে আগামী ২৫ থেকে ৩১ অক্টোবর দেশের প্রতিটি জেলায়, প্রতিটি উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাঁড়াশি অভিযান চালাবে পাট মন্ত্রণালয়।
সচিবালয়ে পাট মন্ত্রণালয়ে গতকাল রোববার অনুষ্ঠিত এক আন্তমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম।
গতকালের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, চাতালমালিকেরা যখন খাদ্য অধিদপ্তর থেকে তাঁদের লাইসেন্স নবায়ন করবেন কিংবা নতুন করে কেউ লাইসেন্স চাইবেন, তখন তাঁকে ঘোষণা দিতে হবে যে তিনি পাটের বস্তা ব্যবহার করবেন। নইলে খাদ্য মন্ত্রণালয় নতুন করে কোনো চাতালমালিককে লাইসেন্স দেবে না এবং পুরোনো চাতালমালিকদের লাইসেন্স বাতিল করবে।
সরকার ২০১০ সালে পণ্যে মোড়কজাত আইন প্রণয়ন করে। তবে এর বাস্তবায়ন শুরু হয় ২০১৪ সালের জানুয়ারি থেকে। ওই আইনে ধান, চাল, গম, ভুট্টা, চিনি ও সার মোড়কীকরণে পাটের বস্তার ব্যবহার করা বাধ্যতামূলক করা হয়েছে। কিন্তু চালকলমালিকেরা তা মানছিলেন না। এমনকি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়েও তাঁদের আইন মানানো যায়নি।
গতকালের সভায় ঋণকেন্দ্রিক একটি সিদ্ধান্তও হয়েছে। এখন থেকে উল্লিখিত ছয় পণ্যের ব্যবসায়ীরা ব্যাংক থেকে ঋণ নেওয়ার জন্য যখন আবেদন করবেন, তখন তাঁদের ঘোষণা দিতে হবে যে তাঁরা পাটের বস্তা ব্যবহার করছেন এবং করবেন। নইলে তাঁদের ঋণ দেওয়া হবে না। বাংলাদেশ ব্যাংক এ সিদ্ধান্ত বাস্তবায়ন করবে।
একটি সিদ্ধান্ত হয়েছে পরিবেশগত ছাড়পত্র নিয়েও। যেকোনো শিল্প গড়ার আগেই পরিবেশ অধিদপ্তর থেকে পরিবেশগত ছাড়পত্র নিতে হয়। শিল্প গড়তে চাইলে ওই ছয় পণ্যের ব্যবসায়ীকে ঘোষণা দিতে হবে যে তিনি পাটের বস্তা ব্যবহার করবেন। নইলে পরিবেশগত ছাড়পত্র পাবে না। এ সিদ্ধান্ত বাস্তবায়ন করবে পরিবেশ অধিদপ্তর।
এ ছাড়া আরেকটি সিদ্ধান্ত হয় সরকারের পাটের বস্তা কেনা নিয়ে। পাটকলের কাগজপত্র জমা দিয়ে খাদ্য মন্ত্রণালয়ের দরপত্র-প্রক্রিয়ায় অনেকে অংশ নেন। সিদ্ধান্ত হয়েছে যে খাদ্য মন্ত্রণালয়ের দরপত্রে অংশ নিতে হলে অন্য সব কাগজপত্রের সঙ্গে পাটকলের সনদ এবং সংশ্লিষ্ট ব্যবসায়ী সমিতির (যেমন, বিজেএমএ) কাছ থেকে সনদ নিয়েও জমা দিতে হবে, যেন প্রকৃত পাটকলমালিকেরাই সরকারকে বস্তা সরবরাহ করতে পারেন।
পাট মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেছেন, শিগগিরই এসব সিদ্ধান্তের বিষয়টি বাস্তবায়নকারী কর্তৃপক্ষকে চিঠি দিয়ে জানিয়ে দেবে পাট মন্ত্রণালয়।
জানতে চাইলে মির্জা আজম প্রথম আলোকে বলেন, ‘চালকলমালিকদের সঙ্গে বহুবার আমরা মিটিং করেছি। তারা আজ করব, কাল করব, রোজার পর করব, কোরবানির ঈদের পর করব বলে আর করে না। কিন্তু এবার আমরা পাটের বস্তার ব্যবহার বাড়াতে কঠোর হচ্ছি। পাটকলগুলোকে তো বাঁচাতে হবে। আমরা পাটকলগুলোকে শুধু রপ্তানিমুখী না থেকে দেশের বাজারমুখী করার চেষ্টা করছি।’
সভায় পাট মন্ত্রণালয়ের সচিব ফরিদ উদ্দিন আহম্মদ চৌধুরী, পাট অধিদপ্তরের মহাপরিচালক মোয়াজ্জেম হোসাইন, বাংলাদেশ পাটকল করপোরেশনের চেয়ারম্যান হুমায়ূন খালেদ, কৃষি, স্বরাষ্ট্র, শিল্প, পরিবেশ ও তথ্য মন্ত্রণালয়ের প্রতিনিধি এবং পাটকলমালিকদের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।