পাটের বস্তার রপ্তানি চাঙা
বছরের পুরোটা সময়জুড়েই কাঁচা পাটের রপ্তানি কমেছে। পাটের সুতার রপ্তানি প্রথম সাত মাসে আগের বছরের চেয়ে কমলেও এখন রপ্তানি খানিকটা বেড়েছে।
তবে পাট খাতের রপ্তানির এই দুর্দশার মধ্যে পাটকলমালিকদের জন্য আশার আলো হয়ে উঠেছে পাটের বস্তা। এই বস্তার রপ্তানি বেড়েছে আগের বছরের একই সময়ের চেয়ে ৪০ শতাংশ বেশি।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) হালনাগাদ তথ্য বলছে, চলতি ২০১৪-১৫ অর্থবছরের প্রথম নয় মাসে (জুলাই-মার্চ সময়ে) পাটের বস্তা রপ্তানি হয়েছে ১১ কোটি ৭০ লাখ ডলারের। আগের বছরের একই সময় রপ্তানি হয়েছিল ৮ কোটি ৪০ লাখ ডলারের বস্তা।
শুধু তা-ই নয়, সরকার এই নয় মাসের জন্য পাটের বস্তা রপ্তানির লক্ষ্যমাত্রা ঠিক করেছিল ৮ কোটি ৬ লাখ ডলার। রপ্তানিকারকেরা সেই লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ৪৫ শতাংশ বেশি পাটের বস্তা রপ্তানি করেছেন।
হঠাৎ পাটের বস্তার বড় ধরনের রপ্তানির কারণ খুঁজতে গিয়ে জানা যায়, পাটের বস্তার এই রপ্তানির বড় অংশই করেছে রাষ্ট্রায়ত্ত পাটকলগুলোর নিয়ন্ত্রক প্রতিষ্ঠান বাংলাদেশ পাটকল করপোরেশন (বিজেএমসি)। তাদের বস্তার প্রায় সবটাই গেছে আফ্রিকার দেশ সুদানে।
এ বিষয়ে বিজেএমসির চেয়ারম্যান হুমায়ুন খালেদ প্রথম আলোকে বলেন, সুদানের বন্ধ বাজার আবার চালু হওয়ায় পাটের বস্তার রপ্তানি অনেক বেড়েছে।
রপ্তানি বেড়েছে ৪০ শতাংশ: ইপিবির তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, চলতি ২০১৪-১৫ অর্থবছরের গত অক্টোবর পর্যন্ত যেখানে গত বছরের তুলনায় পাটের বস্তার রপ্তানি ছিল চোখে পড়ার মতো কম, সেখানে বস্তা রপ্তানিতে বড় উল্লম্ফন ঘটেছে।
ইপিবি বলছে, চলতি অর্থবছরের প্রথম চার মাস (জুলাই থেকে অক্টোবর) পর্যন্ত পাটের বস্তার রপ্তানি ছিল আগের বছরের চেয়ে ১৬ শতাংশ কম। এ বছরের অক্টোবর পর্যন্ত ৩ কোটি ৯৬ লাখ ডলারের বস্তা রপ্তানি হলেও আগের বছর এর পরিমাণ ছিল ৪ কোটি ৭৫ লাখ ডলার।
তবে নভেম্বর মাসেই দৃশ্যপট বদলে যায়। নভেম্বর পর্যন্ত এ দেশ থেকে পাটের বস্তা রপ্তানি হয় ৬ কোটি ৮৪ লাখ ডলারের। আগের চার মাসে যেখানে চার কোটি ডলারের বস্তা রপ্তানি হয়, সেখানে শুধু নভেম্বরেই রপ্তানি হয় প্রায় তিন কোটি ডলারের বস্তা। এই সময়ে রপ্তানি আগের বছরের চেয়ে বাড়ে ২৪ শতাংশ। সেই ধারাবাহিকতায় মার্চ পর্যন্ত নয় মাসে পাটের বস্তার রপ্তানি বেড়েছে ৪০ শতাংশ।
এ ক্ষেত্রে বড় অবদান রেখেছে বিজেএমসি। সংস্থাটি গত নভেম্বর থেকে মধ্য ফেব্রুয়ারি পর্যন্ত সুদানে ৪৩ হাজার টনের বেশি পাটের বস্তা রপ্তানি করেছে।
খোঁজ নিয়ে জানা যায়, সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত সুদানে ফসল ওঠানোর মৌসুম। সে কারণে বছরের এই সময়টায় সে দেশে প্রচুর পাটের বস্তার প্রয়োজন হয়। এবার চাহিদার বড় অংশই বাংলাদেশ থেকে নিচ্ছে তারা। এই বস্তা সরবরাহ করছে বিজেএমসি।
বিজেএমসির বিপণন বিভাগ সূত্র বলছে, গত অক্টোবর থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত সুদানে ১ লাখ ৪২ হাজার ২৬০ বেল (৪৩ হাজার টন) বস্তা রপ্তানি হয়েছে। এসব বস্তা ৮৩ থেকে ৮৫ ডলারে (১০০টি বস্তা) রপ্তানি হয়েছে।
বিজেএমসির পরিচালক (বিপণন) বাবুল চন্দ্র রায় প্রথম আলোকে বলেন, সামনে পাটের বস্তার রপ্তানি আরও বাড়তে পারে। কারণ, চীন বিজেএমসি থেকে বস্তা কেনার ব্যাপারে আগ্রহী। দেশটির কয়েকজন আমদানিকারক বিজেএমসির সঙ্গে বৈঠকও করেছেন। ওই বাজারে ঢুকতে পারলে বস্তার রপ্তানি অনেক বেড়ে যাবে।
এদিকে বেসরকারি পাটকলগুলোর সংগঠন বাংলাদেশ পাটকল সমিতি (বিজেএমএ) বলছে, তাদের সদস্যভুক্ত পাটকলগুলো গত জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত আনুমানিক ৬০ হাজার টন পাটের বস্তা রপ্তানি করেছে।
সরকারি সংস্থা পাট অধিদপ্তরের হিসাবে, দেশে এখন যত পাটপণ্য উৎপাদিত হয়, তার ৬০ থেকে ৬৫ শতাংশ রপ্তানি হয়। দেশের ভেতরে ব্যবহৃত হয় ১৫ থেকে ২০ শতাংশ। বাকি ১৫ থেকে ২০ শতাংশ মজুত পড়ে থাকে। দেশের ভেতরে চাহিদা আরও বাড়ানো গেলে আর কোনো পণ্য মজুত পড়ে থাকবে না।
এ বিষয়ে অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ কেফায়েত উল্লাহ প্রথম আলোকে বলেন, ‘পাটের বস্তার রপ্তানি যে বাড়ছে, সেটা আশার কথা। আমরা চাই রপ্তানি আরও বাড়ুক। তবে মনে রাখতে হবে, শুধু রপ্তানির ওপর বেশি নির্ভর করলে দেশের পাট খাত আবারও ঝুঁকির মুখে পড়তে হবে। সে জন্য পাটকলমালিকদের দেশের ভেতরে বাজার বাড়ানোর দিকে মনোযোগ দিতে হবে।’