পাটের ব্যাগ ব্যবহার না করলে এলসি, লাইসেন্স বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম বলেছেন, পলিথিন বর্জনের প্রথম পদক্ষেপই হচ্ছে পাটের ব্যবহার নিশ্চিত করা। প্রাথমিক পর্যায়ে ৩০ নভেম্বর থেকে চাল, ডাল, গম, ভুট্টা, চিনি ও সার—এ ছয়টি পণ্যে পাটের বস্তা ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। ওই ছয় পণ্যে পাটের ব্যাগ ব্যবহারের নিশ্চয়তা দেওয়া না হলে ব্যাংক ঋণ দেওয়া হবে না। বাতিল করা হবে এলসি এবং খাদ্য বিভাগের আওতাধীন ব্যবসায়ীদের লাইসেন্স।

আজ মঙ্গলবার দুপুরে খুলনা সার্কিট হাউস সম্মেলন কক্ষে ‘পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০’ বাস্তবায়নে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। পাট অধিদপ্তরের ব্যবস্থাপনায় খুলনা বিভাগীয় প্রশাসন এ সভার আয়োজন করে।

প্রতিমন্ত্রী বলেন, পণ্যে পাটজাত মোড়ক বাধ্যতামূলক করার মূল লক্ষ্য হচ্ছে পরিবেশ রক্ষা করা। আইনটি ২০১৪ সালের ১ জানুয়ারি থেকে বাস্তবায়ন হওয়ার কথা থাকলেও ব্যবসায়ীদের দাবির মুখে এ বছরের ৩০ নভেম্বর পর্যন্ত প্রয়োগের সময়সীমা শিথিল করা হয়। তিনি আরও বলেন, বিশ্বের সবচেয়ে ভালো পাট উৎপাদন করে বাংলাদেশ। পাটের পণ্য মানেই আমাদের নিজস্ব পণ্য। পাটের সঙ্গে রয়েছে আমাদের পুরোনো ঐতিহ্য। আইনটি বাস্তবায়নের মাধ্যমে পরিবেশের উন্নয়নে ব্যাপক অবদান রাখা সম্ভব। সব বাধা অতিক্রম করে এটি বাস্তবায়ন করার ব্যাপারে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

সভায় অংশগ্রহণকারী বক্তারা এ আইন বাস্তবায়নে পাটের বস্তা রপ্তানি না করা, ৫৫ কোটি পাটের বস্তার জোগান নিশ্চিত করা এবং মানসম্পন্ন বস্তা তৈরির ওপর গুরুত্বারোপ করেন।

খুলনা বিভাগীয় কমিশনার আবদুস সামাদের সভাপতিত্বে বক্তৃতা দেন বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য তালুকদার আব্দুল খালেক, বস্ত্র ও পাট সচিব ফরিদ উদ্দিন আহম্মদ চৌধুরী, বিজেএমসি’র চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) হুমায়ুন খালেদ এবং পাট অধিদপ্তরের মহাপরিচালক মুয়াজ্জেম হোসাইন প্রমুখ।