পাটের রপ্তানি কমছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা তিন বছর পর পাট ও পাটজাত পণ্যের রপ্তানি আবার আগের নিম্নমুখী ধারায় ফিরেছে। ২০১১-১২ অর্থবছরে পাটপণ্যের রপ্তানি কমেছে প্রায় ১৩ শতাংশ। চলতি অর্থবছরের প্রথম দুই মাসেও সেই ধারা অব্যাহত আছে। এদিকে মঙ্গলবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে বস্ত্র ও পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী জানান, পাট ও পাটজাত পণ্যের রপ্তানি কমেছে ১৭ শতাংশ। ২০১১-১২ অর্থবছরের প্রথম সাত মাসের হিসাবে এ তথ্য দেন মন্ত্রী। পাটমন্ত্রী জানান, ২০১০-১১ অর্থবছরের প্রথম সাত মাসে পাটপণ্যের রপ্তানি আয় ছিল ৬৪ কোটি ৩০ লাখ ডলার। আর গত অর্থবছরের একই সময়কালে এই আয় দাঁড়ায় ৫৩ কোটি ২০ লাখ ডলার। সেই হিসাবে পাটের রপ্তানি কমেছে প্রায় ১৭ শতাংশ। মন্ত্রী আরও বলেন, ‘নতুন বাজার খোঁজা হচ্ছে। এটি সফল হলে পাট ও পাটজাত পণ্যের রপ্তানি বাড়বে।’ তিনি বলেন, পাটচাষিরা বিক্রির সময়ই যেন টাকা পান সে ব্যাপারে ব্যবস্থা নেওয়া হচ্ছে।রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, ২০১১-১২ অর্থবছর পাট ও পাটজাত পণ্য রপ্তানিতে আয় হয় ৯৬ কোটি ৭৩ লাখ ডলার। এই আয় ১৩৪ ডলারের লক্ষ্যমাত্রার চেয়ে ২৭ শতাংশ ও তার আগের অর্থবছরের একই সময়ের চেয়ে ১৩ দশমিক ২৩ শতাংশ কম। ২০১০-১১ অর্থবছরে এই আয় ছিল ১১১ কোটি ৪৯ লাখ ডলার। চলতি ২০১২-১৩ অর্থবছরের প্রথম দুই মাস অর্থাৎ জুলাই-আগস্ট সময়ে পাট ও পাটজাত পণ্য রপ্তানিতে আয় হয় ১৫ কোটি ৭১ লাখ ডলার, যা আগের বছরের একই সময়কালের ১৬ কোটি ৩৫ লাখ ডলারের চেয়ে প্রায় ৩ দশমিক ৯০ শতাংশ কম। ইপিবির তথ্যমতে, ২০০৯-১০ অর্থবছরে পাট ও পাটজাত পণ্যের রপ্তানি আয় ছিল ৭৮ কোটি ৭৯ লাখ ডলার। তার আগের অর্থবছরে এই আয় ছিল ৫২ কোটি ৪১ লাখ ডলার।আন্তর্জাতিক বাজারের মতো অভ্যন্তরীণ পাটের বাজারের চিত্রও হতাশাজনক। বর্তমান সরকার ক্ষমতায় আসার পরের বছর পণ্যে পাটজাত মোড়কের ব্যবহার বাধ্যতামূলক আইন করে। ওই আইনে সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্যের মোড়ক হিসেবে ৭৫ শতাংশ পাট আছে—এমন উপাদান দিয়ে তৈরি মোড়ক ব্যবহারের বিধান রয়েছে। কিন্তু আইন প্রণয়নের দুই বছরের মাথায় দেশে পাটের ব্যাগের ব্যবহার না বেড়ে উল্টো কমে গেছে বলে জানায় একাধিক সূত্র। বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশনের সাবেক চেয়ারম্যান রেজাউল করিম প্রথম আলোকে বলেন, ‘বিশ্ব অর্থনৈতিক মন্দার প্রভাব পাটের বাজারেও এসে পড়েছে। দাম কমে গেছে। তাই গত বছর প্রায় দুই লাখ বেল বেশি পাট রপ্তানি করেও আমাদের আয় কমে গেছে।’ রেজাউল করিম আরও বলেন, রপ্তানিকারকদের কাছে অধিক মূল্যে কেনা সাত থেকে আট লাখ বেল কাঁচা পাট মজুদ আছে। কিন্তু দাম পড়ে যাওয়ায় তাঁরা বিপাকে পড়েছেন।’